উত্তাল সাগরে ইঞ্জিনচালিত নৌকায় দিনের পর দিন আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। একটু পানি চাইলে বিদ্যুতের তার দিয়ে মেরেছে দালালেরা। সামান্য ভাত-তরকারি যা দিত তা থেকেও দুর্গন্ধ উঠত। চোখের সামনে নৌকায় ১০-১২ জনের মৃত্যুও দেখতে হয়েছে।
লোহাগাড়ার চুনতি ইউনিয়নের পানত্রিশা উত্তরপাড়ার যুবক আবদুল মোমিন গত ২ মে মালয়েশিয়া থেকে ফিরেছেন। শরীরে এখনো নির্যাতনের চিহ্ন। কষ্ট হয় চলাফেরায়। শারীরিক যন্ত্রণার পাশাপাশি আছে নির্যাতনের দুঃসহ স্মৃতি। সম্প্রতি তাঁর বাড়িতে গেলে বললেন সেসব দিনের কথা।
গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দালালদের মাধ্যমে টেকনাফের উপকূল দিয়ে মালয়েশিয়ার পথে রওনা হন মোমিন। প্রথমে ছোট নৌকায় মিয়ানমার সীমান্ত পার হয়ে থাইল্যান্ডের কাছাকাছি পৌঁছান। এরপর বড় নৌকায় ওঠেন তাঁরা। সেখানে ২৭ দিন অবস্থান করার পর টাকার জন্য চাপ দিতে থাকে দালালেরা। পরে পরিবারের মাধ্যমে স্থানীয় মজুনুল হক ও মমতাজ বেগমের ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার পর তাঁকে থাইল্যান্ডের উপকূলে নামিয়ে দেওয়া হয়। থাইল্যান্ডের জঙ্গলে একটি ঘরে আটকে রেখে আরও ৫০ হাজার টাকা আদার করা হয় তাঁর কাছ থেকে। এরপর দালালেরা তাঁকে সীমান্ত অতিক্রম করে মালয়েশিয়ার মালাক্কা শহরে পৌঁছে দেয়। দীর্ঘ ভ্রমণ ও দালালদের নির্যাতনের কারণে তখন চলাফেরার শক্তিও ছিল না মোমিনের। এরপর কুয়ালালামপুর থেকে তাঁর আত্মীয় আবুল কাশেম এসে তাঁকে নিয়ে যান সেখানে। দালালদের কাছ থেকে রোহিঙ্গা নাগরিকের পরিচয়পত্র পাওয়ায় সে যাত্রায় পুলিশি হয়রানি থেকে বেঁচে গিয়েছিলেন। অসুস্থ হয়ে দেড় মাস কুয়ালালামপুরের সরকারি হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। পরে পরিবারের মাধ্যমে নাগরিকত্বের প্রমাণস্বরূপ জন্মসনদ, বাড়ির দলিলের ফটোকপি ও পাসপোর্ট আনান তিনি। এসব কাগজপত্র নিয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে দূতাবাস কর্তৃপক্ষ তাঁকে সহায়তা করতে রাজি হয়। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ২ মে দেশে ফিরে আসেন তিনি।
লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ কবির জানান, তিনি টেলিফোনে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এ বছরের এপ্রিল মাসে যোগাযোগ করেন মোমিনকে ফিরিয়ে আনার ব্যাপারে। তাঁর উদ্যোগে মোমিনের পরিবার তাঁর জাতীয়তার প্রমাণ হিসেবে বিভিন্ন কাগজপত্র পাঠায়। এর ফলে তাঁর ফিরে আসা সহজ হয়।
মোমিন বলেন, ‘ভেবেছিলাম হয়তো আর কোনো দিন মায়ের মুখ দেখব না। থাইল্যান্ডের জঙ্গলে আটক অবস্থায় মৃত্যুর আতঙ্কে ভুগেছি। একপর্যায়ে ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্তও নিয়ে নিয়েছিল। আমি হাতে-পায়ে ধরে টাকার বিনিময়ে রক্ষা পাই। মালয়েশিয়া যেতে সব মিলিয়ে আমার খরচ হয় ২ লাখ ৩০ হাজার টাকা। ধার দেনা করে এই টাকা দিতে হয়েছে। এখন আমি নিঃস্ব।’
অসুস্থ মোমিন এখনো ঠিকমতো হাঁটতে পারেন না। তিনি বলেন, ‘প্রায় সময় আমাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। এখন কারও সাহায্য ছাড়া হাঁটতে পারি না। বর্তমানে টাকার অভাবে চিকিৎসাও চলছে না।’
মোমিনের সঙ্গে আলাপকালে জানা যায়, তিনি এলাকায় সবজি বিক্রি করতেন। প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা আয় হতো। হঠাৎ একদিন তাঁর নিকট আত্মীয় মজুনুল হক ও মমতাজ বেগম জানান সাগরপথে টাকা খরচ ছাড়াই মালয়েশিয়া যাওয়া সম্ভব। তাঁরাই তাঁকে মালয়েশিয়া যেতে প্ররোচিত করেন। ফলে আরও তিন যুবকসহ গত বছরের সেপ্টেম্বর মাসে কক্সবাজার যান মোমিন। তিনি ফিরে এলেও তাঁর সঙ্গী তিন যুবক মারা যান।
মোমিন বলেন, ‘আত্মীয়স্বজনেরা চাঁদা তুলে প্রায় টাকা তুলে ২ লাখ ৩০ হাজার টাকা মজুনুল হক ও মমতাজ বেগমকে দিলে তাঁরা আমি কোনোরকমে প্রাণে বেঁচে যাই।’ এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় মোমিন।
এ ব্যাপারে মমতাজ বেগম বলেন, ‘সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য মোমিনকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করি। তাঁর পরিবারের কাছ থেকে পাওয়া টাকা আমরা কক্সবাজারের রোহিঙ্গা দালাল বেলাল ও শুক্কুরের হাতে দেই। আমি কেবল তাঁকে সহায়তা করেছি।’
অভিযুক্ত আরেক ব্যক্তি মজুনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে তথ্য পেলেই সরকার আইনানুগ ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য সভা আহ্বান করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।