শরীরের সঙ্গে পুড়ল শেষ সম্বলটুকুও!
মধ্যপ্রাচ্যে চাকরির জমানো টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা কিনেছিলেন আবদুল আজিজ (৪৫)। সংসার চালাতে সেই অটোরিকশার চালকের আসনে বসেছিলেন নিজেই। গাড়ির চাকা ঘুরলে তাঁর সংসার চলত। পেটের দায়ে বাধ্য হয়ে গত সোমবার রাতে হাটহাজারী সদর থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমার আগুনে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। সঙ্গে পুড়ে যায় আয় উপার্জনের একমাত্র অবলম্বন গাড়িটিও।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন আজিজ। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা। প্রিয়জনকে এভাবে আগুনে পুড়তে দেখে এবং আয়-উপার্জনের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা আবদুল আজিজের পরিবার।
আবদুল আজিজের ফুফাতো ভাই এমদাদুল হক জানান, তাঁর দুই মেয়ে ও এক ছেলের বয়স আটের নিচে। অটোরিকশাটির আয় দিয়েই চলত আজিজের পরিবার।
চিকিৎসকেরা জানান, চার দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয় আবদুল আজিজকে। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে সংসারের খরচ। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
গত মঙ্গলবার চমেক হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, অটোরিকশাচালক আবদুল আজিজের মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। সঙ্গে পুড়েছে দুই হাতও। ফুলে গেছে মুখ। স্বভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় কৃত্রিম অক্সিজেন দেওয়া হচ্ছিল তাঁকে। শরীরে ব্যান্ডেজ থাকায় হাসপাতালের শয্যায় নড়াচড়াও করতে পারছিলেন না তিনি। কষ্ট হচ্ছিল কথা বলতেও।
আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘বিদেশ থেকে এসে জমানো টাকা খরচ করে গাড়ি কিনেছিলাম। এই গাড়িই আমার শেষ অবলম্বন। প্রতিদিন যা আয় হতো, সে টাকা দিয়ে বাজার করা হতো। সংসারের যাবতীয় খরচ মেটানো হতো। গত কয়েক দিনের টানা হরতাল- অবরোধের কারণে গাড়ি বের না করায় হাত একেবারে খালি হয়ে গিয়েছিল। সেদিন একরকম পেটের দায়ে বাধ্য হয়ে রাস্তায় নামি। আমি কী দোষ করেছি! কেন আমার গায়ে এভাবে আগুন দেওয়া হলো। কী হবে আমার পরিবারের? এভাবে আর কতদিন চলবে? খেটে খাওয়া মানুষেরা কী রাজনীতির বলি হতেই থাকবে? ’
এদিকে আবদুল আজিজের গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী বলেন, ‘হাটহাজারীর মুহুরীহাট এলাকায় যারা আজিজের অটোরিকশায় পেট্রলবোমা ছুড়েছে, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’