শরৎ এল কাশের বনে
এখন আশ্বিন মাস। প্রকৃতিতে শরৎ এখন স্পষ্ট। প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। কখনো ঝিরিঝিরি বা মুষলধারায়। আবার দিগন্তবিস্তৃত স্বচ্ছ নীলাকাশ পেঁজা তুলার মেঘ ভাসিয়ে হেসে উঠছে ক্ষণে ক্ষণে। সেদিন সকাল থেকেই মুখ ভার করা আকাশ। তবে ঢাকার রমনা উদ্যানে যেতে যেতে আকাশটা ফকফকা। ঘণ্টা খানেক পর আবার মুখ গোমড়া করে অঝোরধারায় বৃষ্টি নামল। আবার ঝকঝকে রোদ উঠতেই বাইক নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে চললাম। পেঁজা তুলার মেঘেভরা আকাশ ঠিক শরতের চির চেনা। এভাবেই টঙ্গী আর পুবাইল হয়ে কাঞ্চন সেতুতে চলে আসা। বাইক স্ট্যান্ড করে সামনে তাকাতেই দেখি শীতলক্ষ্যা নদীর তীর আর পূর্বাচল নতুন নগরের মাঠে প্রকৃতির ডালা ভরে উঠেছে থরে থরে কাশ ফুলে। প্রকৃতির অপরূপ সাজে। কাঞ্চন সেতুর ওপর দাঁড়িয়ে দেখি আকাশ। দেখি সাদা মেঘেদের ভেলা আর দূরে শীতলক্ষ্যার পারে রূপগঞ্জে কাশবনের সারি। এমন মুগ্ধতায় দুই চোখ ভরাতে চাইলে চলে আসতে পারেন রূপগঞ্জের কাছের পূর্বাচল নতুন শহরে। খিলক্ষেত পেরোলেই শুরু। তারপর বরুয়া, ডুমনি, ইছাপুরা। যতই সামনে এগোবেন কাশ-সৌন্দর্যে ততই মুগ্ধ হবেন। সাদা পুষ্পমঞ্জরি বাতাসে দুলছে, উড়ছে আবার ঝরে পড়ছে সাদা রেশমের মতো ফুল। সে ফুল দেখতে আপনি কোনো এক সকালে বেরিয়ে পড়ুন। খিলক্ষেত, বেলদি বা রূপগঞ্জ ছাড়াও চলে যেতে পারেন বসুন্ধরা আবাসিক এলাকায়। মাওয়া রোডের ধলেশ্বরী জোড়া সেতুর কাছেও কাশ ফুলের শোভায় সুশোভিত ধলেশ্বরীর দুই কূল। তা ছাড়া বংশী নদীর তীরে সাভার মডেল থানার কাছে রয়েছে কাশফুলের দ্বীপ। এখানে বিশাল বিশাল সব কাশবন। দুই চোখ ভরে আরও মুগ্ধতার পরশ নিতে বাবুবাজার হয়ে বেড়িবাঁধের ওপর দিয়ে গাবতলী চলে যেতে পারেন। এখানেও কাশ ফুলের মেলা বসেছে। উত্তরা থেকে মিরপুর আসার পথে পুরো রাস্তা জুড়েই কাশবন। উত্তরার মাসকট প্লাজা হয়ে চলে যেতে পারেন সোজা পশ্চিম দিকে। আড়াই তিন কিলোমিটার এগোলেই বিরান কাশের বন। একদম কাশবনে নেমে ঘুরে বেড়াতে পারবেন। কাঞ্চন সেতু থেকে ফেরার পথে পাবেন তুরাগ নদ। এখানে নদীর পারে চমৎকার কাশ ফুল বাতাসের দোলে দুলছে। সে দোলার টানে এখানে ছুটে এসেছে শিশু-কিশোর। নদীর তীরে দাঁড়িয়ে এমন চোখজুড়ানো সৌন্দর্য দেখে আপনাতেই বলে উঠবেন বাহ্, ভারী সুন্দর তো!