শল্যচিকিৎসা শুধু ধারণার ওপর নির্ভরশীল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবদেহের মেরুদণ্ডে অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা, মাংসপেশিতে আঘাত, দীর্ঘকাল হাসপাতালে অবস্থান ইত্যাদি জটিলতা এখন থেকে সহজেই এড়ানো সম্ভব। ‘মিনিম্যালি ইনভেসিভ লাম্বার স্পাইনাল ফিউশন’ নামের নতুন পদ্ধতির অস্ত্রোপচারে ঝুঁকি কম। গত ৪ ফেব্রুয়ারি ব্যাংকক মেডিকেল সেন্টার (বিএমসি) এবং সিএসসিআর চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই তথ্য জানান। মেরুদণ্ডের অস্ত্রোপচারে সর্বাধুনিক এই চিকিৎসাপদ্ধতি সম্পর্কে সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক থাইয়াদ বুরানাকাল ও ফুদিফন থিয়েনপ্রাসিত বলেন, ‘এই পদ্ধতি সহজ ও প্রযুক্তি নির্ভর।’ চিকিৎসকেরা জানান, এতে ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সেমিনারে বক্তারা বলেন, প্রযুক্তি ব্যবহারের ফলে শল্যচিকিৎসা এখন শুধু ধারণার ওপর নির্ভরশীল নয়। এতে অস্ত্রোপচারের এবং আরোগ্য লাভের সময় কমে এসেছে। এই চিকিৎসা-পদ্ধতি রোগীদের উন্নত সেবা এবং অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে এ ধরনের রোগীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। সেমিনারে সিএসসিআরের সভাপতি অধ্যাপক মুলকুতুর রহমান, অধ্যাপক ইমরান বিন ইউনুচ, কামরুল আহসান, এনামুল হক এবং ব্যাংকক হাসপাতালের তথ্য বিভাগের সমন্বয়কারী ও ব্যবস্থাপক মো. তানভির হাবিব উপস্থিত ছিলেন।