শসাচাষে ভাগ্য বদল
শসাচাষ করে ভাগ্য বদলে গেছে কাপ্তাইয়ের নারানগিরি ব্লকের ডুলুছড়ি নোয়াপাড়া এলাকার উথোয়াই মারমার। তিনি ১৫ হাজার টাকা খরচ করে ৬০ শতক জমিতে শসার চাষ করেন। মাত্র তিন মাসের মাথায় বিনিয়োগের টাকা উঠে আরও প্রায় ৩০ হাজার টাকার অতিরিক্ত শসা বিক্রি করেছেন। জমিতে এখনো অনেক শসা রয়েছে। তিনি শসার বীজও উৎপাদন করছেন। প্রতি কেজি বীজের দাম ৫০-৬০ হাজার টাকা। মাসখানেকের মধ্যে তিনি এক কেজিরও বেশি শসার বীজ তুলতে পারবেন বলে আশা করেছিলেন।সমপ্রতি সরেজমিন উথোয়াই মারমার শসাখেত পরিদর্শন করে দেখা গেছে, সতেজ, পরিপূর্ণ ও আকর্ষণীয় শসার বাগান। বাগানের পাশেই পাওয়া গেল কৃষক উথোয়াই মারমাকে। তিনি উপস্থিত ক্রেতাদের জন্য খেত থেকে তাজা শসা সংগ্রহ করছেন। শসার ফলন কেমন হলো জানতে চাইলে হাসিমুখে তিনি জানান, ‘ভালো হয়েছে।’ উথোয়াই মারমা বলেন, গত এপ্রিলের মাঝামাঝি শসার খেতে কাজ শুরু করেন। জমি তৈরি, পরিচর্যা, মাচান তৈরি, শ্রমিক নিয়োগ, পোকা দমন, সার প্রয়োগ ইত্যাদিতে তাঁর খরচ হয় ১৫ হাজার টাকা। তিন মাসেরও কম সময়ে ফলন পেতে শুরু করেন। ৯০০ টাকা মণ দরে ইতিমধ্যে ৩০ মণ শসা বিক্রি করেছেন। আরও ৬০ মণের মতো শসা বিক্রি করা যাবে। ইতিমধ্যে উৎপাদন খরচ বাদ দিয়ে তাঁর প্রায় ৩০ হাজার টাকা মুনাফা হয়েছে। উথোয়াই মারমা জানান, উপজেলা কৃষি বিভাগ থেকে ২৫০ গ্রাম শসার বীজ, প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ তিনি পেয়েছেন। শসার প্রধান শত্রু হলো মাছি পোকার আক্রমণ। এ পোকা শসার গায়ে বসলে শসায় পোকা ধরে। পোকা দমন করার জন্য কৃষি বিভাগের পরামর্শে সেক্স ফেরোমন ট্রেপ (ফাঁদ) ব্যবহার করে তিনি উপকার পেয়েছেন বলে জানান। প্রচলিত সার প্রয়োগ না করে তিনি ২০০ কেজি গোবর সার বাগানে প্রয়োগ করেন। এ ছাড়াও তিনি পোকা দমনের জন্য ‘বাই কাউ’ ব্যবহার করেন।উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল আলম বলেন, ‘জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী প্রকল্পের ফসল হলো এ শসা। প্রকল্পে অন্যান্য ফসল রয়েছে। তবে উথোয়াই মারমা শসাচাষে আগ্রহী হওয়ায় তাঁকে এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। উথোয়াই এর আগেও নিজ উদ্যোগে শসার চাষ করেছেন, তবে সফল হননি। এবার নিয়ম মেনে চাষ করায় তিনি কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন। উপজেলা সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হরিমোহন দাশ জানান, যেকোনো সমস্যা দেখা দিলে উথোয়াই মারমা দ্রুত কৃষি বিভাগের পরামর্শ নিতেন। এর বাইরেও কৃষি বিভাগের কর্মকর্তারা বাগান পরিদর্শনে আসতেন।