শহর ছাপিয়ে গ্রামে মেধার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধার দিক থেকে শহরের শিক্ষার্থীদের ছাপিয়ে গেছে অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত গ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রামের সেরা দশ মেধাতালিকার ৩৪ জনের মধ্যে ২০ জনই বিভিন্ন উপজেলার শিক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরবও যথাক্রমে লোহাগাড়া ও পটিয়া উপজেলার দখলে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার প্রথম স্থান দখল করেছে লোহাগাড়ার য়ুম্নাম থামোয় সেতু। সে নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৮৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে পটিয়া পিটিআই পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সানজিদা খানম। গ্রামের প্রাধান্য সম্পর্কে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল বলেন, ‘গ্রামের ছেলেমেয়েরা ভালো করেছে। এটা খুব ভালো লক্ষণ। এতে করে প্রত্যন্ত অঞ্চলের অন্য ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে।’তৃতীয় স্থানে গিয়ে নগরের মেধাবীদের দেখা পাওয়া গেছে। তৃতীয় হয়েছে কলেজিয়েট স্কুলের দীপ্র সাহা। তার প্রাপ্ত নম্বর ৫৮১। এরপর চতুর্থ থেকে দশম পর্যন্ত মেধাস্থানে একাধিক শিক্ষার্থী স্থান পেয়েছে। এর মধ্যে শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের আধিপত্য রয়েছে। চতুর্থ স্থানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দুজন ও নৌবাহিনী স্কুলের একজন শিক্ষার্থী রয়েছে। ৫৭৯ নম্বর প্রাপ্ত এসব শিক্ষার্থী হলো—সৌমিক সরকার, জগন্নাথ বিশ্বাস ও রাফিদ হাসান। পাশাপাশি ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপূর্ব বড়ুয়াও সমসংখ্যক নম্বর পেয়ে চতুর্থ হয়। ৫৭৮ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া রহমান। সমসংখ্যক নম্বর পেয়েছে হাটহাজারীর উত্তর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরজু আকতার। পাশাপাশি কলেজিয়েট স্কুলের কুন্তল নাথ ও রাফসান জানী মাহমুদ পঞ্চম হয়। ষষ্ঠ হওয়া তিনজনের মধ্যে দুজনই গ্রামের। ৫৭৭ পেয়ে আনোয়ারার কাফকো স্কুলের নাইমুর রহমান ও সানজিদা ইসলামের পাশাপাশি এ স্থানটিতে প্রতিনিধিত্ব রয়েছে নগরের নৌবাহিনী স্কুলের শেফাউল আলম ভূঁইয়ার।সপ্তম স্থানে শহুরেদের কোনো প্রতিনিধিত্ব নেই। ৫৭৬ নম্বর নিয়ে পটিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রবিউল হাসনাত শিহাব ও সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনেত্রা ভট্টাচার্য সপ্তম স্থানে রয়েছে। একইভাবে অষ্টম ও দশম স্থানেও গ্রামের প্রাধান্য বেশি। যৌথভাবে অষ্টম স্থান দখল করেছে পাঁচজন। তার চারজনই গ্রামের। এরা হলো—লোহাগাড়া নজুমুন্নিছা স্কুলের ফাহিম আহমদ, পটিয়া মোহছেনা মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিজানুর রহমান, একই স্কুলের তামিমা তাহমিদা ও সীতাকুণ্ডের গ্রিনহিল ইংলিশ স্কুলের আরদিন জাহান। কলেজিয়েটের ইফতেখারুল ইবনে জালাল অষ্টম স্থানে শহরের একমাত্র প্রতিনিধি।যৌথভাবে দশম হওয়া সাতজনের মধ্যে ছয়জনই গ্রামের। ৫৭৩ নম্বর পাওয়া এসব শিক্ষার্থী হলো—পটিয়ার শশাঙ্কমালা প্রাথমিক বিদ্যালয়ের শিবানী বিশ্বাস, একই স্কুলের সানজিদা রহমান, পটিয়া চিটাগং চাইল্ড গ্রামার স্কুলের কায়ছার হামিদ, আনোয়ারা কাফকো স্কুলের অবন্তী কুণ্ডু, রাউজান উত্তর দলইনগর স্কুলের ফাহমিদা খানম ও সাতকানিয়া বায়তুল ইজ্জত স্কুলের নিহারিকা নাজনীন। একমাত্র শহরের প্রতিনিধি হিসেবে দশম হয় রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নাজিবা আলী। তবে মেধাতালিকায় ৫৭৪ নম্বর পেয়ে যৌথভাবে নবম স্থানে থাকা ছয়জনের পাঁচজনই শহরের। এখানে একমাত্র গ্রামের প্রতিনিধি ফটিকছড়ি মডেল স্কুলের সুনেরা আন নূর। বাকি চারজন হলো—কলেজিয়েট স্কুলের তৌফিকুল আলম, একই স্কুলের সুদীপ্ত পাল, রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সুরাইয়া তারান্নুম, বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ইয়ামিনুল হক ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের জারজীম উদ্দীন শাহ চৌধুরী।