শহর ছাড়িয়ে শহরতলির জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ পাহাড়তলী ও চিকনদণ্ডী শহরতলির জনপদ, চট্টগ্রাম শহর থেকে সাত কিলোমিটার দূরে। দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড, অন্তর্ভুক্ত হয়েছে ১৯৬৫ সালে। চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ হাটহাজারী উপজেলায় পড়েছে। তবে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের লোকজন সংসদ নির্বাচনে হাটহাজারী সংসদীয় আসনের প্রার্থীদের ভোট দেন। স্থানীয় বাসিন্দাদের অভিমত, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ৪৬ বছর আগে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও সব দিক দিয়ে পাশের চিকনদণ্ডী ইউনিয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। দক্ষিণ পাহাড়তলী এখনো শহরের ভেতরে গ্রাম। আর চিকনদণ্ডী গ্রামের ভেতর উপশহরে পরিণত হচ্ছে।করের ফাঁদে দক্ষিণ পাহাড়তলীর মানুষপ্রায় ২৪ বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডের জনসংখ্যা এক লাখের কাছি, ভোটার ২৫ হাজার। উন্নয়নবঞ্চিত এলাকার বাসিন্দারা রয়েছেন দ্বৈত প্রশাসনের টানাপোড়েনে। লোকালয়ে কিছু শিল্পকারখানা গড়ে ওঠায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সিটি করপোরেশন নাগরিকদের কাছ থেকে নিয়মিত ভূমিকর, গৃহকর ও উন্নয়নকর আদায় করলেও নাগরিক সুবিধার ব্যাপারে উদাসীন। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান বলেন, ‘সিটি করপোরেশন এলাকা হলেও আমরা পাশের চিকনদণ্ডী ইউনিয়ন থেকে বহুগুণ পিছিয়ে।’ এলাকার নানা সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘এ ওয়ার্ডের বাসিন্দারা সংসদ নির্বাচনে ভোট দিলেও সাংসদের কাছ থেকে টিআর প্রকল্প ছাড়া অন্য কোনো সুযোগ-সুবিধা পান না।’ জানা যায়, ওয়ার্ডের ফতেয়াবাদ, নন্দীরহাট, ছড়ারকূলের পশ্চিমে পাহাড়ঘেঁষে গত এক দশকে গড়ে ওঠে শতাধিক ইটভাটা। এসব ইটভাটায় ইট তৈরির জন্য কয়েক শ একর ফসলি জমির উপরিভাগ (টপ সয়েল) তুলে ফেলা হয়। এসব জমিতে চাষ হচ্ছে না। স্থানীয় খাগড়িয়া ছড়া, বালুখালী ছড়া, সরা ছড়া, কমলি ছড়াসহ আরও চার-পাঁচটি খাল ও ছড়ার সংস্কার না হওয়ায় বিস্তীর্ণ এলাকায় প্রতিবছর ভয়াবহ জলাবদ্ধতা হচ্ছে।জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর সন্দ্বীপ কলোনি, হাতিয়া কলোনি, ৩ নম্বর বাজার এলাকায় বিপুলসংখ্যক নিম্ন আয়ের মানুষ বাস করেন। তাঁরা ন্যূনতম নাগরিকসুবিধা থেকে বঞ্চিত বলে জানান। ওই এলাকার আবুল ফজল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি শতক ভিটে ভূমির বিপরীতে আমরা সিটি করপোরেশনকে কর দিচ্ছি ২২ টাকা হারে। এ ছাড়া গৃহকর, উন্নয়নকর তো আছেই। কিন্তু সিটি করপোরেশন থেকে কী পাচ্ছি আমরা?’ চৌধুরীহাটের মো. রকিব উদ্দিন বলেন, ‘এ ওয়ার্ডে একটি বালক বিদ্যালয় নেই। শতকরা ৯০ ভাগ পরিবার এখনো গ্যাসসুবিধা পায়নি। ওয়ার্ডের প্রধান পাঁচটি সড়কের মধ্যে কোনোটিই সম্পূর্ণ পাকা হয়নি। অন্তত অর্ধশতাধিক উপসড়ক এখনো কাঁচা। খিল্লাপাড়ার বাসিন্দা ইমতিয়াজ খান বলেন, ‘অপরাধবিষয়ক কাজের জন্য যেতে হয় হাটহাজারী থানায়, সড়ক উন্নয়নের জন্য সিটি করপোরেশনে। ঘর তৈরির অনুমতির জন্য ধরনা দিতে হয় ক্যান্টনমেন্ট বোর্ডে। বুঝুন আমাদের অবস্থা।’ ফতেয়াবাদের আলী আজগর চৌধুরী বলেন, ‘বড়দীঘির পাড় থেকে উত্তরে নন্দীরহাট পর্যন্ত এলাকা হাটহাজারী উপজেলা প্রশাসনের আওতাভুক্ত করা দরকার, তাতে আমরা উন্নয়ন পাব।’ নন্দীরহাট এলাকার মো. ফরিদ বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে এলাকায় শিল্পকারখানা গড়ে উঠছে, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।’ স্থানীয় ব্যক্তিরা জানান, ওয়ার্ডে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। একটি খেলার মাঠও নেই। ব্যবসা-বাণিজ্যের জন্য গড়ে ওঠেনি কোনো বিপণিকেন্দ্র। স্বাস্থ্যক্ষেত্রেও একই রকম পরিস্থিতি। চৌধুরীহাটে সিটি করপোরেশন পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও দুর্গম এলাকার বাসিন্দারা এখানে আসতে পারেন না। তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও রামগড় সড়কের পাশে হওয়ায় দূরের এলাকার শিশুরা যেতে পারে না। বিশেষ করে জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।এগিয়ে যাচ্ছে চিকনদণ্ডী ইউনিয়নসাত বর্গকিলোমিটার আয়তনের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের জনসংখ্যা ৭০ হাজার। পরিবেশগত কিছু সমস্যা বাদ দিলে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে ইউনিয়ন অনেক উন্নত বলে অভিমত দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানকার মানুষের জীবনযাত্রার মান শহরবাসীর (দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড) চেয়ে ভালো। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, ‘আমরা ২০১০ সালে উপজেলা প্রশাসন থেকে ২০ লাখ টাকা উন্নয়ন খাতে বরাদ্দ পেয়েছি। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে দক্ষিণ পাহাড়তলীর চেয়ে আমরা অনেক এগিয়ে। ওখানে ত্রিমুখী প্রশাসন, আমরা তো একমুখী।’ চিকনদণ্ডীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এখানকার বেশির ভাগ রাস্তা পাকা। আমানবাজার ও চৌধুরীহাট এলাকায় পোশাক কারখানা, বিপণিকেন্দ্রসহ গড়ে উঠেছে ছোট শিল্পকারখানা, মৎস্যখামার ও শিক্ষাপ্রতিষ্ঠান। ফতেয়াবাদ, চৌধুরীহাট, বড়দীঘিরপাড়, আমান বাজার এলাকায় গড়ে উঠেছে অর্ধশতাধিক বহুতল ভবন। এ ইউনিয়নের শতকরা ৫০ ভাগ পরিবার গ্যাসসুবিধা পেয়েছে। এখানে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফতেয়াবাদ আদর্শ উচ্চবিদ্যালয়। এ ছাড়াও মহিলা কলেজসহ ১৩-১৪টি সরকারি বিদ্যালয়ও আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, প্রধান সড়ক হাজি নেয়ামত আলী সড়ক, বড়দীঘিরপাড় সড়ক, দাতারাম সড়ক, ফতেয়াবাদ-মদুনাঘাট সড়ক, বিসি নন্দী সড়কসহ প্রায় রাস্তা পাকা। চৌধুরীহাট এলাকা গত এক দশকে উপশহরে পরিণত হয়েছে। এখানে দুটি বহুতল বিপণিকেন্দ্রসহ অন্তত ২০-২২টি বহুতল ভবন গড়ে উঠেছে। বড়দীঘিরপাড় ও ছড়ারকূল এলাকায় রয়েছে দুটি বড় মৎস্য খামার। জানা যায়, চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ, ছড়ারকূল, নন্দীরহাট, বড়দীঘিরপাড় ও আমানবাজার এলাকার অনেক মানুষ মধ্যপ্রাচ্যে আছেন। আয়-রোজগার ভালো হওয়ায় এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মানও ভালো। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এখনো কিছু এলাকার মানুষ দারিদ্র্যকে জয় করতে পারেনি। সেসব এলাকার মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ হেলাল বলেন, ‘ইউনিয়নের সব জায়গায় প্রত্যাশিত উন্নয়ন হয়তো হয়নি, কিন্তু ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর চেয়ে আমাদের এলাকা উন্নত।’ এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে, স্থানীয় সাংসদ থেকে চিকনদণ্ডীর উন্নয়ন খাতে ভালো সহযোগিতা পাওয়া যায়। অথচ দক্ষিণ পাহাড়তলীর বাসিন্দারা রয়েছেন ত্রিমুখী টানাপোড়েনে।’ নন্দীরহাট এলাকায় বাসিন্দা ব্যবসায়ী ফরমান চৌধুরী বলেন, ‘চিকনদণ্ডী ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ভালো। পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। গত এক দশকে চৌধুরীহাট ও আমানবাজার এলাকায় বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় বহু পরিবার স্বাবলম্বী হয়েছে। স্থানীয় শিল্পকারখানায় অনেক বেকার যুবকের কর্মসংস্থানও হয়েছে।’ ফতেয়াবাদ এলাকার বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফোরকান বলেন, ‘চিকনদণ্ডীর মানুষকে হোল্ডিং কর ও উন্নয়ন কর দিতে হয় না। দক্ষিণ পাহাড়তলীর মানুষ যাবতীয় কর পরিশোধ করেও নাগরিকসুবিধা থেকে বঞ্চিত।’