শহরটা কি এভাবেই থাকবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বিআরটিসি এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের আশপাশে দিনভর এমন ধুলার রাজত্ব l জুয়েল শীল
নগরের বিআরটিসি এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের আশপাশে দিনভর এমন ধুলার রাজত্ব l জুয়েল শীল

কাজীর দেউড়ি চৌরাস্তার মোড়ে সার্কিট হাউসের সঙ্গে লাগোয়া ফুটপােত তিন–চার মাস ধরে পড়ে আছে মাটির স্তূপ। বৃষ্টিতে ভিজে সেই মাটি ছড়িয়েছে চারদিকে। এখন শুকনো মৌসুমের শুরুতেই সেই কাদা মিহি ধুলা হয়ে ছড়িয়ে পড়েছে। আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠা করেছে ধুলার রাজ্য। এই ধুলার ভেতর দিয়ে চোখ কচলে আউটার স্টেডিয়ামের দিকে যাওয়ার জন্য রাস্তা পেরোলে স্বাগত জানাবে একটা উৎকট গন্ধ। কারণ, ওখানে ফুটপাতজুড়ে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে আবর্জনা। ওসব আবর্জনা সরানো হয় না কত দিন কে জানে! কেবল আউটার স্টেডিয়াম নয়, আলমাস সিনেমা হলের সামনেও রাজত্ব করছে দুর্গন্ধ। এই চিত্র এখন গোটা নগরেরই। ধুলা আর ময়লার নগরে পরিণত হয়েছে এখন চট্টগ্রাম। 
আলমাস সিনেমা থেকে মেহেদীবাগ হয়ে প্রবর্তক মোড় পর্যন্ত কেটে ফেলা রাস্তায় যানজটের সঙ্গে এখন যুক্ত হয়েছে ধুলার অত্যাচার। কদমতলী উড়ালসড়কের কাজ চলছে স্টেশন রোড এলাকায়। সেখানকার চিত্রটি আরও ভয়াবহ। স্টেশন রোড থেকে কদমতলী ডিটি রোড পর্যন্ত যেন নারকীয় পরিবেশ বিরাজ করছে। ওদিকে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিংয়ের মোড় পর্যন্ত সদা ব্যস্ত সড়কটির অবস্থাও নাজুক। চকবাজার থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়ক সম্প্রসারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কিন্তু সড়কটি থেকে ধুলা সরিয়ে যানবাহন কিংবা মানুষ চলাচলের উপযোগী করে তুলতে পারছে না সিডিএ। বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামমুখী সব যানবাহন প্রতিদিন ধুলার ভেতর দিয়ে যায় আর আসে। ষোলশহর ২ নম্বর গেট থেকে পলিটেকনিক মোড় পর্যন্ত বিশাল এলাকা ঢাকা পড়ে আছে ধুলার আস্তরণে। এভাবে নগরের প্রায় প্রতিটি সড়কে, অলিগলিতে দিনের যেকোনো সময় ধুলা আর আবর্জনার স্তূপ যে কারও নজরে আসবে।
এই ধুলা ও ময়লা–আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু সিটি করপোরেশন সেই দায়িত্ব পালন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
নগরবাসীর জন্য সবচেয়ে বড় বিড়ম্বনার বিষয় হচ্ছে রাস্তার মাঝখানে বসিয়ে রাখা আবর্জনার কন্টেইনারগুলো। মানুষের ফেলে যাওয়া উচ্ছিষ্টে ভর্তি এসব কন্টেইনার বিভিন্ন এলাকায় পথ আগলে রাখে যানবাহন আর পথিকদের। বেশির ভাগ সময় ময়লা উপচে চারদিক ছড়িয়ে–ছিটিয়ে থাকে। রাস্তায় বের হলেই ধুলা–ময়লায় নগরবাসীর এই ভোগান্তি। সে কথা সিটি করপোরেশন মাথায় রাখে না। অথচ প্রয়োজনীয় জনবল এবং যানবাহন ও সরঞ্জামের অভাব নেই সংস্থাটির। মানুষের কোনো ভোগান্তির কথা সিটি করপোরেশনের কানে যায় না। পত্রপত্রিকায় লেখালেখি, মানুষের প্রতিবাদ, কিছুতেই কিছু যেন যায়–অাসে না। অপরিচ্ছন্ন নগরের দুরবস্থা দেখে সচেতন নাগরিক সমাজ মাঠে নেমেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে দুবার নগর পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে। নগর পরিষ্কার করতে পুলিশও হাতে নিয়েছে ঝাড়ু। তাতেও কিছু হচ্ছে না। সংস্থাটি বরাবরের মতোই নির্বিকার।
পানির পাইপ বসানোর জন্য ওয়াসা নগরের সিডিএ অ্যাভিনিউ, শেখ মুজিব রোড, নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে চুনা ফ্যাক্টরি হয়ে বিডিআর মাঠ এবং এম এম আলী রোড, পল্টন রোড, চট্টেশ্বরী সড়ক, মেহেদীবাগ সড়কসহ ২৪টি রাস্তা খুঁড়ে ফেলেছে। কোথাও কোথাও পাইপ বসানোর কাজ শেষ, কোথাও এখনো চলছে। ওয়াসার কাজ ওয়াসা সেরেছে। সেই কাজ সারার পর সেখানে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করতে ভুলে যাচ্ছে সিটি করপোরেশন।
ওয়াসার খোঁড়াখুঁড়ির পাশাপাশি নগরে সিডিএর বিশাল কর্মযজ্ঞ চলছে। এই নগরে অনেক সড়ককে সম্প্রসারণের কাজে হাত দিয়েছে প্রতিষ্ঠানটি। অনেক একমুখী সড়ককে দ্বিমুখী করেছে। প্রশস্ত করেছে বেশ কয়েকটি সড়ক। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাময়িক ভোগান্তি নগরবাসীকেই পোহাতে হচ্ছে। তবে সড়ক সংস্কারের কাজ শেষ হওয়ার পর দ্রুতগতিতে সড়কগুলো যান ও মানুষ চলাচলের উপযুক্ত করার কাজটি সিটি করপোশেন করতে পারছে না। সেখানে ইট, পাথর আর বালুর মহোৎসব লেগেই আছে। নগরের স্টেশনের রোডের পুরোনো রেলস্টেশন থেকে কদমতলী পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ করছে সিডিএ। নির্মাণাধীন উড়ালসড়কের নিচে পিচের অস্তিত্ব নেই। সেখানে ধুলায় ধুলায় সয়লাব। সম্প্রতি প্রধানমন্ত্রী এসে লালখানবাজার থেকে মুরাদপুর পর্যন্ত উড়ালসড়কের কাজের উদ্বোধন করে গেলেন। আগামী দুই তিন বছর নগরের একটা বিরাট অংশজুড়ে চলবে নির্মাণ-বিড়ম্বনা। উন্নয়নের কাজে ভবিষ্যতের কথা ভেবে মানুষ নীরবে সহ্য করে, প্রতিবাদ করে না। কিন্তু সেই ভোগান্তির কারণ যদি হয় সিটি করপোরেশনের গাফিলতি, তবে এ নগরের লাখ লাখ মানুষ কীভাবে সহ্য করবে?