শহরতলির সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত ইংরেজি সাপ্তাহিক ইকোনমিস্ট গত বছর মে মাসের দিকে একটি প্রতিবেদনে জানিয়েছিল, ঠিক সেই সপ্তাহ থেকে পৃথিবীতে পল্লিবাসীর চেয়ে নগরবাসীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের দেশ সম্পর্কে আমরা বলি ও জানি যে, এ দেশ গ্রামপ্রধান, অধিকাংশ মানুষ গ্রামেই বাস করে। এখনো বাস্তবতা তা-ই। হয়তো কৃষিনির্ভর মানুষের সংখ্যা আগের মতো বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ নয়। আমাদের এ অঞ্চলে গ্রাম থেকে শহরমুখী হওয়ার প্রবণতা শুরু হয় গত শতাব্দীর চারের দশকের তিনটি ঘটনায়—১৯৪৩-এর মন্বন্তর, দ্বিতীয় মহাযুদ্ধ এবং দেশভাগ। দেশভাগের সঙ্গে ঘটেছিল মর্মান্তিক সাম্প্রদায়িক দাঙ্গা এবং সংখ্যাগুরুর হাতে সংখ্যালঘুর লাঞ্ছনা। বলা যায়, মন্বন্তর ও যুদ্ধের সময় গ্রামে কর্মসংস্থানের সংকট দেখা দেয়, খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার ফলে ভূমিহীন কৃষকের মেরুদণ্ড যায় ভেঙে। তারা দলে দলে খাদ্য ও কাজের জন্য মহানগরে চলে আসতে শুরু করে। দাঙ্গা ও দেশভাগ গ্রামসমাজের স্থিতিশীলতা নষ্ট করে এবং নিরাপত্তার প্রশ্নে অনেকেই শহরে চলে আসতে শুরু করে। এ তো গেল গ্রাম ছেড়ে শহরে আসার কিছু নেতিবাচক কারণ। কিন্তু মানুষ স্বেচ্ছায়, সাগ্রহেও গ্রাম ছেড়ে শহরে এসেছে। শিক্ষা বিস্তারের ফলে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়, তারা কৃষি ও কায়িক শ্রমের কাজ ছেড়ে ভদ্র চাকরি ও জীবিকায় আগ্রহী হয়েছে। ফলে তাদের জন্যও গ্রাম ছেড়ে শহরে চলে আসার বিকল্প ছিল না। আমাদের অনেক শহর বেশ পুরোনো—ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রংপুর, রাজশাহী ইত্যাদি। এর বেশির ভাগ বাণিজ্যিক কারণে শহর হিসেবে গড়ে উঠেছে, কোনো কোনোটি প্রশাসনিক কারণে তৈরি হয়েছে। শহরগুলোতে ছিল ছোট পরিসরে নিবিড় গণ্ডিবদ্ধ জীবন। আকস্মিকভাবে যখন গ্রাম থেকে শহরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে তখন স্বভাবতই মূল শহরে তাদের ঠাঁই করে দেওয়া সম্ভব ছিল না। তা ছাড়া মূল শহরের জীবিকা নির্বাহের ব্যয়ভারও নবাগতদের জন্য একটু বেশিই ছিল। ফলে তারা মূল শহরের বাইরে খোলা জায়গায় নিজস্ব উদ্যোগে বসতি গড়তে থাকে। ব্যক্তি বা পরিবারের সংগতির ওপর নির্ভর করেই বাড়িঘর এবং লোকালয় গড়ে উঠেছে। হয়তো প্রথম দিকে মরিয়া মানুষের তাড়াহুড়োয় জোড়াতালির বাড়ি উঠেছে, সেটা তাদের নিতান্ত জৈবিক অস্তিত্বের লড়াইয়ের ফলে। এর পরে শুরু হয় প্রকৃত জীবনসংগ্রাম—মানুষের মতো মর্যাদার সঙ্গে বাঁচার লড়াই। এভাবেই গড়ে ওঠে শহরতলি। চট্টগ্রামে একসময় ষোলশহর, অক্সিজেন, পাহাড়তলি-পাঞ্জাবি লেন, হালিশহর-আগ্রাবাদ, চান্দগাঁও—এসব ছিল শহরতলি। আধা গ্রাম, আধা শহর। এখন এসবই পুরোদস্তুর শহর। কলকাতার এসব শহরতলির মানুষের জীবন নিয়ে অসামান্য উপন্যাস লিখেছেন গজেন্দ্রকুমার মিত্র—কলকাতার কাছেই ও কলকাতার উপকণ্ঠে। বিভূতিভূষণের অপরাজিততেও আমরা শহরতলির জীবনের ছবি পাই। প্রতিভা বসুসহ অনেকের লেখায় শহরতলির জীবনচিত্র পাওয়া যায়। শহরতলির জীবন হলো মধ্যবিত্তের জীবন, যাদের অধিকাংশের মধ্যে গ্রামের সচ্ছল জীবন হারানোর ক্ষত থাকে তাজা। একদিকে গ্রামের সঙ্গে সংযোগ রক্ষার টান অন্যদিকে শহুরে হয়ে ওঠার তাগিদ—এই টানাপোড়েন চলতেই থাকে। এখানে সাফল্য ও ব্যর্থতা, উন্নতি ও অবক্ষয়, প্রীতি ও বিদ্বেষ, সহযোগিতা ও প্রতিযোগিতা পাশাপাশি থাকে। ঠিক খাঁটি শহুরের মতো এরা বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিক নয়। টানাপোড়েনের মধ্যেও তারা কিন্তু সমাজেই বাস করে। শহরতলির জীবনে অভাব-অনটন অপ্রাপ্তি নিত্যদিনের ব্যাপার হলেও সমাজ এখানে অনেক বেশি নিবিড়, জীবন অনেক জীবনঘনিষ্ঠ। শহুরে যান্ত্রিকতা ও যান্ত্রিক কোলাহল এখানেও বেড়ে চলছে বটে, তবুও সুখ-দুঃখের আদান-প্রদানে এখনো শহরতলি অনেকটাই মানবিক।আমাদের অবহেলা, বঞ্চনা এবং ভ্রান্ত নীতির ফলে এ মানবিক বসতি যেন নষ্ট না হয়। বরং শহরতলিতে নাগরিক সুবিধা ও সেবা বাড়ানো প্রয়োজন। শুধু দেখতে হবে গ্রামের তথা প্রকৃতির ভূমিকা যেন ক্ষুণ্ন না হয়। আমাদের শহরতলির জীবন নিয়ে ভালো উপন্যাস চলচ্চিত্র নির্মাণে যোগ্য শিল্পীরা এগিয়ে এলে ভালো হয়।