শহরে আবর্জনা ফুটপাতে টাইলস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান পৌর সদরে ফুটপাতে টাইলস বসানোর কাজ করছেন শ্রমিকেরা l প্রথম আলো
বান্দরবান পৌর সদরে ফুটপাতে টাইলস বসানোর কাজ করছেন শ্রমিকেরা l প্রথম আলো

বান্দরবান শহরের নানা স্থানে বর্জ্য ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে শহরকে পরিচ্ছন্ন করার উদ্যোগ না নিয়ে ফুটপাতে সুদৃশ্য টাইলস বসানোর কাজ করছে পৌর কর্তৃপক্ষ। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে পৌরসভার উদ্যোগে শহর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সৌন্দর্য বর্ধনের এই কাজ চলছে।
পৌরসভার কর্মকর্তারা জানান, শহরের বাসস্টেশন থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত ৭৫০ মিটার দীর্ঘ ফুটপাতে টাইলস স্থাপনে ৪৯ লাখ টাকা খরচ হচ্ছে। গত জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজ চলছে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না করে ও শহরে ডাস্টবিনের সংখ্যা না বাড়িয়ে এমন সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করায় পৌরবাসীর সমালোচনার মুখে পড়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
শহরের উজানিপাড়া, পুরোনো রাজবাড়ি এলাকা, মধ্যমপাড়া, জাদিপাড়া, মারমাবাজার, কালাঘাটাসহ নানা এলাকায় ফুটপাত ও সড়কে বর্জে্যর স্তূপ দেখা যায়। এসব এলাকায় ডাস্টবিন অপ্রতুল। বাসিন্দারা সড়কের ওপরই ময়লা ফেলে। এলাকাবাসীর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত সেখানে যান না। ময়লাও সরান না।
এ ছাড়া পৌরসভার অনেক স্থানে বাসিন্দারা গবাদিপশু লালন পালন করে। এসব পশুর বর্জে্যও দূষিত হচ্ছে রাস্তা-ঘাট। শহরের অনেক স্থান দিয়ে হাঁটাচলা করার সময় নাকে রুমাল চাপা দিতে হয়।
পৌরসভার কয়েকজন কাউন্সিলর নাম না প্রকাশ করে বলেছেন, নাগরিকসুবিধাবঞ্চিত জেলা শহরে ফুটপাতে টাইলস লাগানো কোনো প্রয়োজন ছিল না। এ ধরনের উন্নয়ন শহরবাসীর কাজে লাগবে না।
টাইলস স্থাপনকাজে তত্ত্বাবধানকারী সত্যজিৎ তঞ্চঙ্গ্যা বলেন, ফুটপাতে দামি টাইলস লাগনো হয়েছে। আগামী ২০ বছরেও এসব টাইলসের কোনো ক্ষতি হবে না। তবে তাঁর কথা একমত হতে পারেননি শহরের বেশ কয়েকজন ঠিকাদার। তাঁদের মতে, স্থাপিত টাইলসগুলো সস্তা দামের।
সরেজমিনে দেখা গেছে, শহরের যে স্থানে টাইলস লাগানো হচ্ছে, সেখানকার ফুটপাতে গড়ে উঠেছে অবৈধ দোকান ও প্রতিষ্ঠান। টাইলস বসানোর কাজ শুরু হলেও সেসব অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়নি। দখল হওয়া জায়গাগুলো বাদ দিয়েই টাইলস স্থাপন করা হচ্ছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুল বলেন, বিধ্বস্ত ও নোংরা ফুটপাতে টাইলস স্থাপন বাস্তবে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।
বান্দরবান পৌরসভার মেয়র জাবেদ রেজা বলেন, পৌরসভার কাজে হয়তো কোথাও কোথাও কিছু অনিয়ম হতে পারে, কিন্তু দুর্নীতি হচ্ছে না। পৌরসভার সৌন্দর্য বাড়ানোর জন্যই ফুটপাতে টাইলস লাগানো হচ্ছে।