ঢাকা শহরে এসেছে নতুন যান। মনে হয় যেন দুটি বাস। আসলে দুটি বাস নয়, এটি দুই বগি জোড়া লাগানো বাস। বলছিলাম সম্প্রতি ঢাকায় চালু হওয়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) দুই বগি জোড়া লাগানো আর্টিকুলেটেড বাস সার্ভিসের কথা।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আফরিনা হোসেন থাকেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। প্রতিদিন সকালে কলেজে যেতে চড়ে বসেন আর্টিকুলেটেড বাসে। তিনি বলেন, ‘বিআরটিসির নতুন চালু করা বাসগুলো অন্যান্য বাসের তুলনায় আকারে বড়। প্রশস্ত সিটের কারণে সবাই বসতে পারেন বেশ আরামেই।’ রাস্তার যানজট আগের মতো থাকলেও ঢাকার যানজটে নগরবাসীকে একটু স্বস্তিই দিচ্ছে এই বাস সার্ভিস। তাই আফরিনার মতো ব্যস্ত নগরবাসী বেশ খুশি।শুরুতে জয়দেবপুর থেকে মতিঝিল এবং বালুঘাট থেকে মতিঝিল পর্যন্ত চালু রয়েছে এই সার্ভিস। বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল মো. আবদুল্লাহিল করিম জানিয়েছেন, ‘শুরুতে শুধু ঢাকার রাস্তায় যাত্রী পরিবহনের জন্য এই বাস সার্ভিস চালু করা হয়েছে। শিগগিরই বিভিন্ন বিভাগীয় শহরে আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু করা হবে।’ বর্তমানে ঢাকার বুকে ৫৯ ফুট দৈর্ঘ্যের ৩৫টি আর্টিকুলেটেড বাস চলছে। প্রতিটি বাসে রয়েছে ৫৮টি প্রশস্ত সিট। এ ছাড়া বিশাল করিডরের মতো জায়গায় দাঁড়িয়ে সব মিলিয়ে প্রতিটি বাস ১২০ থেকে ১৩০ জন যাত্রী পরিবহন করতে পারে। বিআরটিসির বিভিন্ন টিকিট কাউন্টার থেকে এই বাসের জন্য টিকিট কেটে যাতায়াত করা যায়।