শহরে হোক ভ্রাম্যমাণ টয়লেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনযাপন সহজ ও উন্নত করতে চালু আছে মোবাইল ব্যাংকিং, ভ্রাম্যমাণ গ্রন্থাগারের মতো নানা ধরনের ভ্রাম্যমাণ সেবা। কিন্তু একটি দেশে যখন নারীর ক্ষমতায়নের কথা বলা হয় জোরালোভাবে, তখন নারীর সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। ঢাকা শহরের কর্মজীবী নারীরা দীর্ঘক্ষণ রাস্তায় যানজটে আটকে থাকেন। তাঁদের টয়লেট বা শৌচাগারের প্রয়োজন হলেও হাতের কাছে তিনি তা পান না। পরিণামে তাঁদের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। আর নামমাত্র যেসব গণ শৌচাগার বা পাবলিক টয়লেট আছে তাও ব্যবহারের উপযোগী নয়। এ বিষয়ে কথা বলেছেন যাঁরা নিয়মিত নানা কাজে বাইরে বের হন এমন কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক আরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার উদ্দেশে সাধারণত একটা নির্দিষ্ট সময় হাতে নিয়ে বের হই আমরা। সময় অনুযায়ী আমাদের প্রস্তুতিও থাকে সে রকম। কিন্তু রাস্তাঘাটের যানজটের কারণে সে সময় ধরে রাখা সম্ভব হয় না। প্রতিনিয়তই এ রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় মেয়েদের। একটি ছেলেকে এ প্রতিবন্ধকতার শিকার হতে হয় না। নগরের বিভিন্ন জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে কেবল নারীদের জন্য মোবাইল টয়লেট সেবা প্রচলন করা হলে খুব ভালো হয়।’শুধু যে কর্মক্ষেত্রের ও ভ্রমণের পথে নারীকে বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দিতেই মোবাইল টয়লেট সেবার প্রচলন প্রয়োজন তা নয়। এটির সঙ্গে একজন নারীর স্বাস্থ্যগত দিকটিও জড়িত। গর্ভবতী নারী, বৃদ্ধ বয়সী নারী, নারী-শিশু সবার জন্যই এটি অপরিহার্য। এ ছাড়া অনেক সময় অপরিচিত স্থানে টয়লেট সুবিধা পেতে গিয়ে নারী যৌন হয়রানির শিকার হতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্থপতি তামান্না তাবাস্সুম বলেন, নারীদের জন্য মোবাইল টয়লেট সেবা প্রচলন খুব বেশিই প্রয়োজন। নারীকে এখন প্রতিনিয়ত ছুটতে হয় কর্মক্ষেত্রে। প্রকৃতির টানকে অস্বীকার করার উপায় নেই। এ নিয়ে লজ্জাবোধেরও কোনো কারণ নেই। তবে শারীরিক কারণে নারীকে কিছু সামাজিক পরিস্থিতি মেনে চলতে হয়। নারীর কর্মক্ষেত্রের ও ভ্রমণের পথে এ প্রতিবন্ধকতার সহজ সমাধান হতে পারে বিশেষ বিশেষ স্থানে মোবাইল টয়লেট সেবার প্রচলন।এ প্রসঙ্গে কথা হয় ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের সমাজসেবার অধীনে যতগুলো সেবা রয়েছে, তার মধ্যে মোবাইল টয়লেট সেবাটি নতুন সংযোজন। আমরা বিশেষ বিশেষ দিবসে এ সেবা দিয়ে থাকি। আমরা বর্তমানে আরও পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি কেবল নারীদের জন্য মোবাইল টয়লেট সেবা প্রচলনের প্রয়োজনীয়তা আমরাও অনুভব করেছি। অতি শিগগিরই আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।’