শহরের উষ্ণতম দিনে...

গ্রীষ্ম ঋতু আসেইনি এখনো। বসন্তেই রোদের তাপ হয়ে উঠেছে গনগনে। এমন দিনে বৃষ্টির আশ্বাস অবশ্য দেওয়া যাচ্ছে না। কিন্তু বাতলে দেওয়া যায় রোদ থেকে বাঁচার কিছু উপায়।
রোদচশমা, স্কার্ফ কিংবা টুপি আর সঙ্গে একটি ছাতা। ভাবছেন, হয়ে গেল তো কড়া রোদ থেকে বাঁচার উপায়। কিন্তু এতটুকুই কি যথেষ্ট? রোদ কড়া হোক কিংবা হালকা, মৌসুম শীত হোক কিংবা গ্রীষ্ম-সূর্যের তাপ কিংবা অতি বেগুনি রশ্মি সব সময়ই ত্বকের জন্য ক্ষতিকর। এমনটাই বললেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান রাশেদ মোহাম্মদ খান। তিনি জানালেন রোদ ত্বকের কী ক্ষতি করে।
l কড়া রোদে ঘাম হয় বেশ। আর এ থেকে ঘামাচি বা চুলকানি হতে পারে।
l অনেক সময় রোদের কারণে ত্বকে ছত্রাক সংক্রমণও হতে পারে।
l রোদ থেকে সুরক্ষার পদ্ধতি না নিলে ত্বকে একজিমা হতে পারে।
l সূর্যরশ্মি ত্বকে মেলানিনের (কালো রঞ্জক) মাত্রা বাড়িয়ে ত্বকের রং কালো করে দেয়।

অনেকে অবশ্য মনে করেন, সূর্যরশ্মি চুলেরও ক্ষতি করে। ধারণাটি ভুল। বরং চুল রোদ থেকে মাথাকে রক্ষা করে। চুলে অতিমাত্রায় প্রসাধনী ব্যবহারে, চুল সোজা বা কোঁকড়া করতে তাপ (হিট) ব্যবহারে এবং ভিটামিনের অভাবেও চুলের ক্ষতি হয়।
রোদে পুড়ে ত্বকের এ ধরনের ক্ষতি এড়াতে অধ্যাপক রাশেদ কিছু সহজ কৌশল জানিয়ে দিলেন।
রোদ থাক বা না থাক, দিনের বেলা ঘর থেকে বের হবার ১০-১৫ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত। বাজারে এখন এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত ক্রিম, লোশন, পাউডার, লিপ বাম, স্প্রে ইত্যাদি প্রসাধনী পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করুন।
তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ধরনের সানস্ক্রিন ও শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর স্বাভাবিক কিংবা মিশ্র ত্বকের জন্য ‘অল স্কিন টাইপ’ সানস্ক্রিন ব্যবহার করা যায়।
·ত্বক সব সময় ঠান্ডা ও পরিষ্কার রাখতে হবে। তাই প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। সম্ভব হলে শীতাতপনিয়ন্ত্রণযুক্ত কক্ষে থাকতে হবে।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও পানির বিকল্প নেই। দিনে তিন-চার লিটার পানি আধা গ্লাস করে একটু পর পর পান করতে হবে। এ ছাড়া যেকোনো ফলের রস পান করাও উপকারী।
রোদ থেকে রক্ষা পেতে প্রসাধনী ব্যবহারে এমনকি রোদে পোড়া ভাব দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহারেও ত্বকের ক্ষতি হতে পারে। এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিলেন নভীনস অ্যারোমা স্ক্রিন ট্রিটমেন্ট সেন্টারের প্রধান নির্বাহী পরিচালক আমিনা হক। তিনি জানালেন ঘর থেকে বের হবার আগে এবং রোদ থেকে ঘরে এসে ত্বকের যত্ন নেবার উপায়।

রোদে যাবার আগে
ঘর থেকে বের হবার আগে শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না, গোসল করে নেওয়া ভালো। পানিতে কয়েক ফোঁটা বেনজয়েন এসেনশিয়াল অয়েল মিশিয়ে গোসল করলে ঘামের দুর্গন্ধ হবে না এবং রোদে ত্বক কালচেও হবে না। ওষুধের দোকানে বা সুপারশপে এই তেল পাবেন। চার ঘণ্টা পর পর ল্যাভেন্ডার অয়েল সমৃদ্ধ ওয়েট টিস্যু দিয়ে ত্বক মুছে নিতে হবে।
রোদের পোড়া ভাব দূর করতে
যেকোনো ধরনের ত্বকের জন্যই অ্যালোভেরা পেস্ট উপকারী। রাতে টকদই, ডিমের সাদা অংশ ও ময়দার মিশ্রণ প্যাক হিসেবে ত্বকে লাগানো যেতে পারে। কিছুক্ষণ পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এ ছাড়া সুজি হালকা ভেজে এর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করা যায়। এটি স্ক্রাবের কাজও করবে। স্ট্রবেরি, টকদই ও ময়দার মিশ্রণ তৈলাক্ত ত্বকের জন্য ভালো। আর শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করা যাবে দুধের সর, যেকোনো বাদাম, মধু ও সামান্য চিনির মিশ্রণ।
যাদের ত্বক পাতলা, তাদের নিতে হবে বাড়তি যত্ন। এ ধরনের ত্বকে চামড়া ভেদ করে শিরার রেখা চোখে পড়ে। অনেকের পাতলা ত্বক রোদে গেলে অল্পতেই লাল হয়ে যায়। ফলে ত্বকে জ্বালাপোড়া হয়। লেজার মেডিকেল সেন্টার লিমিটেডের ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক জাহানারা ফেরদৌস খান জানালেন, যাঁদের ত্বক পাতলা তাঁরা যেন বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত যতটা সম্ভব রোদ এড়িয়ে চলেন। আর রোদে বের হলে অবশ্যই ত্বক বুঝে সানব্লক ব্যবহার করতে হবে এবং সঙ্গে রাখতে হবে ছাতা।

বাইরে থাকলে দুই ঘণ্টা পর পর নতুন করে ত্বকে সানব্লক লাগাতে হবে। কিছু ফেস পাউডারও সানব্লকের কাজ করে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা এমন পাউডার ব্যবহার করতে পারেন। রোদচশমা এবং হ্যাটজাতীয় বড় টুপি ব্যবহার করতে হবে, যেন মুখের চোয়াল ও এর আশপাশের স্থানে রোদ না লাগে। এর পরও যদি ত্বক লাল হয়ে জ্বালা করে, তবে বরফ ঘষতে হবে অথবা ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে।
হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানালেন, চড়া রোদে বের হলে কেমন মেকআপ ব্যবহার করতে হবে। দিনের রোদে তরল ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। ওয়াটার বেজড ময়েশ্চারাইজার লাগাতে হবে। অথবা মিনারেল ফেস পাউডারও ব্যবহার করা যায়। হালকা লিপস্টিক, হালকা আইশ্যাডো আর কাজলই সাজের জন্য যথেষ্ট। চোখে শ্যাডো ব্যবহার না করলেও হয়। মুখ ও ঘাড়ের গড়ন বুঝে চুলে বেণি বা ঝুঁটি করতে হবে। আর পোশাক পরতে হবে সুতি, ঢিলেঢালা ও হালকা রঙের।