শহরের গ্রাম কৈবর্তপাড়া

দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরের প্রবেশমুখেই অবস্থান মোহরা ওয়ার্ডের। এই ওয়ার্ডের পাশ ঘেঁষে বয়ে গেছে কর্ণফুলী নদী। ঐতিহ্যের এ নদীর তীরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন জেলে সম্প্রদায়ের লোকজন। তাঁদের নিয়ে সেখানে গড়ে উঠেছে কৈবর্তপাড়া। সেই কৈবর্তপাড়ার নতুন প্রজন্মের মধ্যে এখন পরিবর্তনের ছোঁয়া। বংশপরম্পরার পেশা ছাড়ছেন তাঁরা। কাজ নিচ্ছেন বিভিন্ন কলকারখানায়। একটু সচ্ছল হলে শুরু করছেন ব্যবসা।
এ তো গেল ঘরের খবর। তবে এই ঘরের পরিবর্তন কৈবর্তপাড়ার বাইরের চেহারায় নেই। এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। কাঁচা রাস্তায় চলাচল করতে হয় পাড়ার বাসিন্দাদের। রয়েছে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতার সমস্যাও। এই পাড়াটি যেন শহরের গ্রাম হয়েই রইল।
অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের বাড়ি চট্টগ্রাম সিটি করপোরেশনের এই মোহরা ওয়ার্ডে। ছয় বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে পাল্টে দিয়েছেন পুরো ওয়াার্ডের চেহারা। শুধু বদলায়নি কৈবর্তপাড়া।
পাড়ার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব রতন দাস আক্ষেপ করে সে কথাই বললেন। পেশায় জেলে এই ব্যক্তি বলেন, ‘আশপাশের এলাকায় উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের এখানে আসার আগে তা বন্ধ হয়ে গেছে। সিডিএর চেয়ারম্যানকে বলেছিলাম, আমাদের রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য। তিনি পরে করে দেবেন বলেছেন। এখন তার অপেক্ষায় রইলাম।’
তবে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, জনপ্রতিনিধিরা এ রকম প্রতিশ্রুতি বছরের পর বছর দিয়ে আসছেন বলে জানান পাড়ার তিন যুবক। কিন্তু বাস্তবে তা আর পূরণ করেন না কেউ। পাড়ার তরুণ যুবক স্বপন দাস বলেন, ভোটের সময় সবাই আসেন। পাড়ার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষে আর কারও খোঁজ পাওয়া যায় না।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, পাড়ার মধ্য দিয়ে চলে যাওয়া একমাত্র রাস্তাটি এখনো পিচঢালা হয়নি। ইটের রাস্তাটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও দেবে গেছে। রাস্তার পাশে থাকা বসতঘরে যেতে হয় কাঠের তৈরি অস্থায়ী সেতু দিয়ে।

দুই তরুণ বাচ্চু দাস ও নির্মল দাস প্রথম আলোকে বলেন, ১৫ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। মাঝেমধ্যে দেবে গেলে কিংবা গর্ত সৃষ্টি হলে জোড়াতালি দিয়ে কোনো রকম সংস্কার করা হয়। রাস্তার উন্নয়ন বলতে ওইটুকুই। সিটি করপোরেশনকে কর দিলেও দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
পাড়ার লোকজন জানান, অবহেলিত এই পাড়ায় প্রায় এক শ পরিবার বসবাস করে। ভোটার রয়েছে চার শতাধিক। রাস্তার পাশাপাশি জলাবদ্ধতা ও খাওয়ার পানির সংকটে ভুগতে হচ্ছে তাঁদের।
পাড়ার বাসিন্দা রতন দাস জানান, বৃষ্টির সময় নদীর পানি এলাকায় ঢুকে পড়ে। পরে আর সহজে নামে না। এ ছাড়া খাওয়ার পানির সংকট রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম প্রথম আলোকে বলেন, ‘এক সময় ওই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। সিটি করপোরেশন থেকে প্রথম বরাদ্দ পেয়ে কৈবর্তপাড়ার রাস্তা সংস্কার ও সেতু নির্মাণ করেছি। এখন সে রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে।’
নগরের এই ওয়ার্ডের পূর্ব দিকে বয়ে গেছে কর্ণফুলী। এফআইডিসি সড়কের সাবেক কমিশনার নুরুল ইসলামের বাড়ির সামনে এসে শেষ হয়েছে পশ্চিম প্রান্ত। দক্ষিণ দিকে বিসিক শিল্প এলাকা।
সিটি করপোরেশনের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত চার অর্থবছরে মোহরা ওয়ার্ডের উন্নয়নে রাস্তা সংস্কার, পিচঢালা, প্রশস্তকরণ, নালা নির্মাণ, প্রতিরোধ দেয়াল নির্মাণ, নালা-নর্দমার মাটি উত্তোলন এবং গভীর নলকূপ স্থাপনে ৫৬টি প্রকল্প বাস্তবায়ন করে করপোরেশন। এতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করা হয়।
এলাকা ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, বিগত সময়ে এলাকায় রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন হয়েছে। তবে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতার সমস্যা রয়ে গেছে। বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়ক সম্প্রসারণ করা হলেও মোহরার কাপ্তাই রাস্তার মাথায় প্রায় সময় যানজট লেগে থাকে। ওই মোড়ে নগর পরিবহনের গাড়িগুলো এলোপাতাড়ি রেখে যাত্রী ওঠা-নামা করা হয়। ওই মোড়ে যাত্রীর জন্য অপেক্ষমাণ থাকে রাউজানের পাহাড়তলী, নোয়াপাড়া, রাঙ্গুনিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাগুলো।
গত রোববার দুপুরে কৈবর্তপাড়া ঘুরে মোহরার কালুরঘাট সেতু এলাকায় এসে কথা হয় মনির হোসেন ও মোহাম্মদ আজিজের সঙ্গে। তাঁরা বলেন, পরিচ্ছন্নতা ও নালা-নদর্মা নিয়মিত পরিষ্কার করা দরকার। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে অনেক সময় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
মোহরার মৌলভী বাজার এলাকায় গেলে সেখানে কথা হয় স্থানীয় ব্যবসায়ী আইয়ুব খানের সঙ্গে। তিনি বলেন, এই ওয়ার্ডে এখন তেমন কোনো সমস্যা নেই। তবে কালুরঘাট সেতুটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করা প্রয়োজন। পুরো শহর ঘুরে আসতে যে কষ্ট হয় না, এই সেতু পাড়ি দিতে তার বেশি কষ্ট হয়।