শহরের ছদ্মবেশে এক গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কাছে, তবু কত দূরে; বছর দুয়েক আগে কুনমিং গিয়ে প্রথম আমার এই-ই মনে হয়েছে।এত কাছে কারণ, ঢাকা থেকে উড়ালপথে মাত্র দুই ঘণ্টার পথ; দূরে কারণ, কত বছর লাগল এত কাছের শহরে আসতে। এর প্রধান আকর্ষণ এর জল-হাওয়া। কেমন আশ্চর্য না, যখনই আপনি কুনমিং যান না কেন, আবহাওয়া সব সময় একই রকম পাবেন! একই রকম আরামপ্রদ। ‘লোনলি প্ল্যানেট’ কুনমিংকে ‘চিরবসন্তের শহর’ বলে রায় দিয়েছে। ওখানে গিয়ে মনে হয়েছে, এ রায় যথার্থ, এর বিরুদ্ধে আপিল করার দরকার নেই। মানুষজন এত সুন্দর, সারাক্ষণ স্মাইলি। তবে বাংলাদেশ বললে কেউ চিনবে না। চীনাদের কাছে বাংলাদেশের নাম মুংজালা। ভাষাগত সমস্যা বেশ প্রকট, বিদেশি পর্যটকদের স্থানীয় গাইড নেওয়া তাই খুবই জরুরি।চীনের মানচিত্রে একেবারে দক্ষিণের প্রদেশ ইউনান। কুনমিং এই প্রদেশের রাজধানী ও সবচেয়ে বড় শহর। যেকোনো শহরের সব ভালো দিক যেমন, চমৎকার সব হোটেল, রেস্তোরাঁ, বার, ক্লাব, জাদুঘর, বিশ্ববিদ্যালয়, আর্ট গ্যালারি, থিয়েটার, সিনেমা হল ও উদ্যান—সবই আছে। কিন্তু শহরের বিরক্তিকর যেসব বিষয় যেমন, যানজট একেবারেই নেই, মানুষের হুড়োহুড়ি, গাদাগাদি নেই, শব্দ-চিৎকার নেই; সড়কগুলো যারপরনাই প্রশস্ত। মনে হবে, এর বুক কেটে উঁচু দালান আর কংক্রিট বসানো হলেও হাজার বছরের যে গ্রামীণ কৌমার্য, কুনমিং আজও তা বজায় রেখেছে; এই তার অহংকার। সে আধুনিক হয়েছে, কিন্তু যা প্রাকৃতিক, তাকে হারাতে দেয়নি এতটুকুও। সর্বত্র নগর পরিকল্পনার স্পষ্ট ছাপ। স্থপতিরা পর্যটননগর হিসেবে বিশেষভাবে নকশা এঁকে কুনমিংকে সাজিয়েছেন। শহরের ছদ্মবেশে তাই এ এক সুন্দর গ্রাম।ইউনান প্রদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের প্রধান কেন্দ্র কুনমিং। সাগরপিঠ থেকে দুই কিলোমিটার উঁচুতে এ শহরের বাস। একসময় যে সিল্ক রোড দিয়ে তিব্বত, মিয়ানমার, ভারত, পাকিস্তান ও ইরান হয়ে রোম পর্যন্ত বাণিজ্য চলত, কুনমিং তার গেটওয়ে ছিল। এখন কুনমিং থেকে রেলপথে ভিয়েতনাম আর সড়কপথে অনায়াসে মিয়ানমার ও লাওস যাওয়া যায়। ‘দিয়ান’ হ্রদের কোলে কুনমিংয়ের পূর্ব-পশ্চিম-উত্তর—সব দিকই পাহাড় দিয়ে ঘেরা। কুনমিংয়ে ছোট-বড় ২৬টি জাতির প্রায় ৭০ লাখ লোকের বাস। সবচেয়ে বেশি হান জাতির মানুষ, ৪০ লাখ। আর সবচেয়ে কম দেরুন জাতির, মাত্র ৭৫ জন। এ ছাড়া আছে হুই, বাই ও তিব্বতি জাতির মানুষ। পর্যটকদের জন্য কয়েক শ একর জমি নিয়ে তৈরি করা হয়েছে ইকো পার্ক, যেখানে সব জাতির ভাষা ও খাবার, সংস্কৃতি ও স্থাপত্য, ঘুমপাড়ানি গান ও লোকাচারসহ তাদের বর্ণিল জীবনের নানা দিক তুলে ধরা হয়। খুঁটিয়ে দেখতে চাইলে পুরো একটা দিন আপনাকে এই জাতি-বৈচিত্র্যের গ্রামেই কাটাতে হবে।আমার কাছে সবচেয়ে যা আকর্ষণীয় ছিল, তা হলো স্টোন ফরেস্ট। ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিশাল পাথুরে বন। বনে থাকে গাছ—এতকাল এটাই জানতাম। এখানে কোনো গাছ নেই, সবই পাথর; লাখ লাখ পাথরের স্তূপ গাছের মতো নানা আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আছে ছোট-বড় পাথুরে গুহা। গাছ-পাথর শব্দবন্ধ কি এখান থেকে নেওয়া, যেখানে ‘গাছেরা মরিয়া গিয়াছে আর পাথর বুকে চাপিয়া বসিয়া আছে।’ ভাবা যায়, প্রায় ২৭ কোটি বছর আগে এই পাথুরে বন তৈরি হয়েছিল। কুনমিং থেকে ১২০ কিলোমিটার দূরে মাত্র তিন ঘণ্টার ড্রাইভ এটি। পর্যটকদের জন্য ‘মাস্ট গো স্পট’।ফুল উৎপাদনে কুনমিংয়ের সুনাম বিশ্বজোড়া। পর্যটকদের জন্য রকমারি ফুলের প্রদর্শনীও হয় নিয়মিত। ইউনান ইউনিভার্সিটি, মেডিকেল কলেজসহ প্রায় এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিজ্ঞান-বাণিজ্য-চিকিৎসাশাস্ত্র থেকে শুরু করে সনাতনী চীনা স্বাস্থ্যবিজ্ঞান পর্যন্ত সব জ্ঞানকাণ্ড পড়ারই সুযোগ রয়েছে। সিংহ নাচ, ড্রাগন খেলা, কুস্তি, ষাঁড়ের লড়াই, উৎসব-পার্বণ চলছে সারা বছর। প্রতিবছর আট লাখ বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন।চীনা খাবার তো বিশ্বখ্যাত, বাড়তি পাবেন ইউনানিজ খাবার। হাঁসের মাংস, স্টিম পটেড চিকেন, রাইস কেক, বিভিন্ন বিন কার্ড, সালাদ আর পাবেন আধা সেদ্ধ টাটকা সবজি। চিকেন স্যুপ উইথ রাইস নুডলস খুব জনপ্রিয়, সব খাবারেই অল্প তেল ব্যবহার করা হয়। মাশরুমের ব্যবহার সবচেয়ে বেশি। ‘ক্রসিং ব্রিজ নুডুলস’ নিয়ে রীতিমতো মিথ চালু আছে, এর বিপরীতে চালু হয়েছে ‘ওভার দ্য ব্রিজ নুডুলস’। অনেক বৌদ্ধ মন্দির দেখতে পাবেন। কিছু দোকান আছে কেবল চায়ের জন্যই, যেখানে কয়েক শ রকমের চা পাবেন। পর্যটকদের জন্য চীনা মেয়েদের চা প্রদর্শনী আপনাকে মুগ্ধ করবে। কোন চা নিঃশব্দে আর কোনটা শব্দ তুলে সুড়ুৎ করে খেতে হয়, এত আন্তরিকতা নিয়ে ওরা আপনাকে দেখাবে, মুগ্ধ না হয়ে উপায় নেই। চা পান তাদের ভাষায় ‘জীবনকে সেলিব্রেট করা’। তো জীবনকে উদ্যাপন করতে চাইলে অন্তত একবার কুনমিং যাওয়া আপনার ভ্রমণ সিলেবাসে থাকতেই পারে।