শহীদ আবদুর রাজ্জাক অকুতোভয় সৈনিক
ছাগলনাইয়া থানা সদর থেকে তিন কিলোমিটার উত্তরে দক্ষিণ যশপুর গ্রামের রিফিউজি কলোনিতে বাস করত কিশোর আব্দুর রাজ্জাক। ভারতের অমরপুর গ্রাম থেকে এসে এখানে আশ্রয় নিয়েছিল বাবা-মা আর তিন ভাইয়ের এ পরিবার। বাবা মধু কামলা নামেই পরিচিত। অভাব তাঁদের তাড়া করে ফিরত নিত্যদিন। আবদুর রাজ্জাকের বয়স তখন ১৩-১৪। ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণীর প্রথম স্থান অধিকারী (ফার্স্ট বয়)। দক্ষিণ যশপুর থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসত ছেলেটি। মেধাবী ছাত্র হওয়ায় বিদ্যালয়ের যাবতীয় আর্থিক সুবিধা তার জন্য ছিল উন্মুক্ত। দিনটি ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ। চারদিকে খণ্ড খণ্ড আক্রমণ আর প্রতি-আক্রমণ। চুপ করে বসে থাকতে পারেনি কিশোর আব্দুর রাজ্জাক। স্থানীয় ইস্ট পাকিস্তান রাইফেলের (ইপিআর) সহায়তা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে এলাকার তরুণদের সঙ্গে প্রথমে লাঠি ও পরে রাইফেলের সাহায্যে প্রশিক্ষণ নেয় সে। প্রশিক্ষণের শুরুতেই ছাগলনাইয়ার ওপর আসে পাকিস্তানি বাহিনীর প্রবল আক্রমণ। মার্চের শেষ দিকে শুভপুর এবং পশ্চিমে ফেনী থেকে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ শুরু হলো। অকুতোভয় এ খুদে বালক ইপিআর, আনসার ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার লড়াইয়ে ছাগলনাইয়া দীঘির পাড়ে সম্মুখযুদ্ধে অংশ নেয় এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শহীদ আব্দুর রাজ্জাকের মরদেহ বেশ কয়েক দিন দীঘির পাশ দিয়ে প্রবাহিত বারোমাসি খালের পাড়ে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে ছিল বলে জানা যায়। শহীদের স্মৃতি রক্ষার্থে একটি সড়কের নামকরণ করা হলেও তা অনেকেরই অজানা। ১৯৭৪ সালের মার্চে ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (অব.) নেপালচন্দ্র দেবনাথ একটি নামফলক লাগিয়েছিলেন। সেটি কারও চোখে পড়ে না। এলাকাবাসীর দাবি, সড়কের শুরুতেই শহীদ আব্দুর রাজ্জাকের নামে একটি তোরণ নির্মাণ করা হোক।