শহীদ আব্দুর রাজ্জাক সড়কে শিক্ষার্থীসহ হাজারো মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে ফেনীর ছাগলনাইয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ শহীদ আব্দুর রাজ্জাক সড়কের বেহালদশা হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে সড়কের নানা স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি, নালার ব্যবস্থা না রেখে সড়কের দুপাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে দালান, খালি জমিতে বাসাবাড়ির আবর্জনা ফেলায় ময়লা পানি উপচে পড়েছে সড়কে। তাই এ সড়ক দিয়ে রিকশা, কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।এটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক। ডাকঘর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চবিদ্যালয়, দুটি সরকারি ও বেসরকারি কলেজ, চারটি মাদ্রাসা, পল্লীবিদ্যুতের কার্যালয়, থানা মসজিদ, তিনটি শিশুশিক্ষাপ্রতিষ্ঠান (কিন্ডারগার্টেন) ও তিনটি সামাজিককেন্দ্র (কমিউনিটি সেন্টার) এ সড়কের কাছে হওয়ায় পূর্ব ছাগলনাইয়া, পশ্চিম ছাগলনাইয়া ও থানাপাড়ার হাজার হাজার মানুষকে এ সড়ক দিয়ে চলাচল করতে হয়।সরেজমিনে দেখা গেছে, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কলেজ সড়ক থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের সুবেদারি পর্যন্ত বিস্তৃত দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কের অনেকটাই ভেঙে গেছে। নানা জায়গায় কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। নালার ব্যবস্থা না রেখে সড়কের দুপাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে দালান। ফলে এসব বাড়ির গোসলখানার ময়লা পানি এসে সড়কে পড়ছে। থানাপাড়ার মীর মঞ্জিলের পাশেই ময়লা পানি সরানোর জন্য সড়ক কেটে ফেলা হয়েছে। বাঁশপাড়া ম্যানশনের পাশেই ফেলা হয় আবর্জনা, তাই আবর্জনার চাপে সড়কে উপচে পড়ছে ময়লা পানি। ফলে শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে চলাচল করছে। সরকারি হাসপাতালের ডোবার পানিতে ভেঙে গেছে সড়কের অনেকাংশ।থানাপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম মাস্টার, আব্দুস সালাম সরকার ও মিতা দাস বলেন, সড়কটির দৈন্যদশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়-কলেজগামী শিক্ষার্থীদের।সড়কের পাশে মিনার বেকারির মালিক হারুন রশীদ বলেন, সড়কে ময়লা পানি জমে থাকার কারণে ডাকঘর ও বিদ্যুৎ কার্যালয়ে যেতে কষ্ট হয়।সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাত্রী মুগ্ধা, সায়মা, তুন্নি ও প্রিয়াংকা জানায়, ‘কী করব এটাই তো আমাদের বিদ্যালয়ে আসা-যাওয়ার একমাত্র পথ।’পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র সায়েম, মামুন, ইমরাজ, রাজু ও সজীব বলেন, ‘ছোটবেলা থেকেই দেখছি সড়কটি ভাঙা। এটা তো রাস্তা নয় যেন নর্দমা।’ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্রনাথ বলেন, ‘যখন দেখি শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে বৃষ্টির ময়লা পানিতে পা ডুবিয়ে হাঁটছে তখন খুব কষ্ট পাই।’জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহাম্মদ বলেন, শহীদ আব্দুর রাজ্জাকের স্মৃতি রক্ষার্থে এ সড়কের সংস্কার খুবই জরুরি। পৌরসভার মেয়র আলমগীর বি.এ বলেন, ‘প্রকল্পের আওতায় এনে নালা ও সড়ক সংস্কারের চেষ্টা করব।’