শহীদ আসাদুল হকের খোঁজ কেউ নিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ছিল ডা. (মেজর) এ কে এম আসাদুল হকের ৪৩তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের এই দিন রাতে পাকিস্তানি সেনারা অন্য তিন সহকর্মীসহ তাঁকে চট্টগ্রাম সিএমএইচের একটি ওয়ার্ডে বন্দী থাকা অবস্থায় তুলে নিয়ে হত্যা করে।একাত্তরের শুরুতে শহীদ আসাদ চট্টগ্রাম সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর ডিপোর কমান্ডিং অফিসার ছিলেন। তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ সার্জন। ছিলেন পাকিস্তানিদের অন্যায়ের প্রতিবাদে সোচ্চার। ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আগেই তিনিসহ আরও কিছু কর্মকর্তাকে পরিবারের সদস্যসহ রাইফেলের গোলার মুখে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। চট্টগ্রাম সিএমএইচের পেছনে অবস্থিত সংক্রামক ব্যাধি চিকিৎসা ওয়ার্ডে ১৬টি পরিবারকে বন্দী রাখা হয়। সেখান থেকে ১৭ এপ্রিল রাত আটটায় মেজর আসাদ, সিএমএইচের প্রধান ডা. চৌধুরী, মেজর ডা. রেজাউর রহমান ও প্রকৌশলী ক্যাপ্টেন মাহমুদকে অস্ত্রের মুখে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। পরে শোনা গেছে, ওই রাতেই তাঁদের সবাইকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। ডা. আসাদের ছেলে মেহবুব আলি হক বলেন, ‘আমরা বাবার লাশটাও পাইনি। বাবাকে নিয়ে যাওয়ার পর মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাও মারা যান ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি। আমাদের এখনো বিশ্বাস হয় না বাবা নেই। মনে একটাই দুঃখ, সরকারের কেউ কোনো দিন খোঁজ নিল না সেদিনের শহীদ পরিবারগুলো কোথায় কী অবস্থায় আছে!’