শহীদ মিনার ও মেলায় মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রঙে, নানা বর্ণে, উৎসাহ-উদ্দীপনা আর শ্রদ্ধা-ভালোবাসায় চট্টগ্রামে উদ্যাপিত হচ্ছে বিজয়ের ৪০ বছর। বিজয় দিবসের নানা অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি উঠেছে। শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন মেলায় নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। কারও হাতে ফুল, কারও হাতে জাতীয় পতাকা, কেউ বা মুখ রাঙিয়েছে লাল-সবুজ রঙে।বিজয় দিবস উপলক্ষে এই ভিড় বেশি হলেও মূলত ৪০ বছর পূর্তির আমেজ শুরু হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই। লালদীঘি মাঠে ১ ডিসেম্বর শুরু হয় বিজয় মেলা। এরপর ১০ ডিসেম্বর থেকে জিমনেশিয়াম ও আউটার স্টেডিয়াম এলাকায় শুরু হয় মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ ছাড়া নাসিমন ভবনের সামনে বিএনপির আয়োজনে বিজয় উৎসবও চলছে। আর ডিসি হিলে প্রতিবারের মতো এবারও বসেছে বইমেলা। প্রতিটি স্থানে মানুষের ভিড় দিন দিন বাড়ছে। তবে সবচেয়ে বেশি ভিড় হয় ১৬ ডিসেম্বর। ওই দিন প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। রাত ও সকালে শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে।রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এ সময় তাঁর সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম বিএসসি ও চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন; সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম নগর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।ভোর হওয়ার পর থেকে আবারও শহীদ মিনার ভরে ওঠে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের পদভারে। বিভিন্ন সংগঠন ছাড়াও ছেলে, বুড়ো, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা আসে শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে। বিজয় দিবসের সবচেয়ে আকর্ষণীয় ছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের শোভাযাত্রা। ঢোল বাদ্যযন্ত্রসহকারে বের হওয়া শোভাযাত্রায় প্ল্যাকার্ড ও ব্যানার স্থান পায়। নেচে-গেয়ে সবাই বিজয়ের ৪০ বছরকে বরণ করে নেয়।বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও বিভিন্ন সংগঠন পৃথক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের আয়োজন করা হয়। এ ছাড়া চট্টগ্রামের আউটার স্টেডিয়াম ও লালদীঘি মাঠে চলছে পৃথক মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ ছাড়া নগরের ডিসি হিলে চলছে মুক্তিযুদ্ধের বইমেলা। প্রতিটি স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এসব মেলার আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানানো হয়।