শহীদ মিনারে জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ফুল, নগ্ন পায়ে প্রভাতফেরি। সবার গন্তব্য এক। নগরের সব স্রোত যেন মিশে গেছে শহীদ মিনারে। ভোর থেকেই সব বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। শ্রদ্ধায় স্মরণ করল ভাষাশহীদদের।সারা দেশের মতো চট্টগ্রামে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় অমর একুশের কর্মসূচি। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের আয়োজনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আলোচনা সভায় বক্তারা বলেন, বায়ান্নর একুশের রক্তের প্লাবন বাঙালি জাতিকে দিয়েছিল নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিচর্চার অধিকার এবং ভাষাভিত্তিক জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক দৃঢ়প্রত্যয়। প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যে রক্তবীজ সেদিন রোপিত হয়েছিল, তা ধীরে ধীরে মহান মুক্তিযুদ্ধের এক বিশাল মহীরুহে পরিণত হয় বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।প্রথম প্রহরেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানায় চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ ও সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি, জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার জেড এ মোর্শেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর বিএনপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে নগর বিএনপির অপর পক্ষ, চট্টগ্রাম ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, ওর্য়ার্কাস পার্টি, জাতীয় পার্টি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।শুধু রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা নন, পিতা-ভাইয়ের কাঁধে চড়ে এসেছে শিশুরাও। সকালে লোকে লোকারণ্য হয়ে যায় শহীদ মিনার প্রাঙ্গণ। পরিণত হয় সর্বস্তরের মানুষের মিলনমেলায়। এসেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিভিন্ন দলের দেশি-বিদেশি খেলোয়াড়েরাও। শহীদ মিনারে সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রফেডারেশন, গণ সংহতি, উদীচী শিল্পীগোষ্ঠী, মুক্তি কাউন্সিল, খেলাঘর আসর, সমাজ সমীক্ষা সংঘ, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, গ্রুপ থিয়েটার ফেডারেশন, যুব ইউনিয়ন, যুবমৈত্রী, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী মহিলা দলসহ বিভিন্ন সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে। এদিকে, নানা আয়োজনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সিনেট সদস্য অধ্যাপক মনীন্দ্র কুমার রায়, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. নূরল আনোয়ার, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন প্রমুখ।