শহীদ মিনারের জন্য আর কত অপেক্ষা?

কক্সবাজার জেলার পুরোনো বিদ্যাপীঠের মধ্যে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় অন্যতম। বিদ্যালয়টি প্রতিিষ্ঠত হয় ৫৭ বছর আগে। কিন্তু এত বছর পরে এসেও এখানে শহীদ মিনার নির্মিত হয়নি। এই বিদ্যালয়ের ১০০ গজ দূরত্বে টেকনাফ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। প্রায় ৭০০ গজ দূরে টেকনাফ ডিগ্রি কলেজ। এই দুই প্রতিষ্ঠানেও কোনো শহীদ মিনার নেই।
শুধুই কি টেকনাফের এই তিন শিক্ষাপ্রতিষ্ঠান! জেলার চিত্র আরও করুণ। ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯৭টিতেই শহীদ মিনার নেই। এসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগও নেই। কিছু প্রতিষ্ঠান অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে তাতে ফুল িদয়ে শ্রদ্ধা জানায়।
সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার সরকারি কলেজে শহীদ মিনারটি জরাজীর্ণ হয়ে পড়েছে। জানা যায়, তিন যুগ আগে তৈরি করা হয় একটি শহীদ মিনার। এরপর আর সংস্কার করা হয়নি।
কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, তিনি কক্সবাজার সরকারি মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালনকালে প্রায় ১২ লাখ টাকা খরচ করে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার তৈরি করেছিলেন। কক্সবাজার সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে ক্যাম্পাসে আরেকটি নতুন শহীদ মিনার তৈরি চেষ্টা চলাচ্ছেন। আশা করছেন আগামী বছর হয়ে যাবে।
জেলার আরেক শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে জেলার প্রথম শহীদ মিনারটি নির্মিত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এটিও এখন নড়বড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, ‘একুশ এলেই আমরা মাতৃভাষার জন্য জাগ্রত হই। এরপর ভাষাশহীদদের কারও মনে থাকে না।’
টেকনাফ উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয় ছাড়া এই উপজেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। কিছু বিদ্যালয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে একুশ পালন করা হচ্ছে।
টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী করিম উল্লাহ জানায়, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ধনসম্পদ-টাকাপয়সার অভাব নেই। কিন্তু একটি শহীদ মিনার নির্মাণের তাগিদ কেউ অনুভব করেন না। প্রতিবছর ফেরুয়ারি মাস এলে শিক্ষার্থীরা শহীদ মিনার স্থাপনের দাবিতে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত দেয়। কর্তৃপক্ষ প্রতিবার আশ্বাস দেয়। কিন্তু শহীদ মিনার তৈরি হয় না।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র কেফায়ত উল্লাহ বলে, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই বলে একুশে ফেব্রুয়ারি পালন করতে পারি না।’
এ প্রসঙ্গে টেকনাফের মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ ইউছুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শহীদ মিনার নির্মাণ তো দূরের কথা, ১৯৭২ সালে টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্রে (থানার সামনে) তৈরি প্রথম শহীদ মিনারেরও এখন দুরবস্থা। এটি সংস্কার বা নতুন করে তৈরির তাগিদ কেউ অনুভব করছে না।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, ‘জেলা শহর ছাড়া উপজেলা পর্যায়ে এখন একুশের প্রভাতফেরিও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে না। অথচ আমরা আন্তর্জাতিক অন্যান্য দিবস ঘটা করে পালন করি। কারণ মাতৃভাষা দিবস পালনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ থাকে না।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ জানান, প্রতিটি বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা থাকলেও বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে সরকারি কোনো আদেশ নেই।
তা ছাড়া বেশির ভাগ বিদ্যালয়ে শহীদ মিনার তৈরির জমিও নেই। ফলে ইট, কাঠ ও কাগজ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।