শহীদ মিনারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় প্রায় ৫০-৬০ লাখ বাঙালির বসবাস। এর দুই-তৃতীয়াংশই থাকেন কানাডার বৃহত্তম শহর টরন্টোতে। স্বভাবতই আমাদের মনে একটি স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়েছিল টরন্টো শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় টোকিও জাপান কিংবা অস্ট্রেলিয়ার সিডনি শহরের মতো একটি একুশের ভাষা শহীদ মিনার দেখতে চাই। প্রস্তাবটি রেখেছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত রফিকুল ইসলাম মেটো টরন্টো কনভেনশন সেন্টারে বাঙালিদের আয়োজিত একটি একুশের অনুষ্ঠানে টরন্টোর সিটি মেয়র ডেভিড মিলারের সকাশে। ঘটনাটি প্রায় আট বছর আগের। ডেভিড মিলার অত্যন্ত আবেগভরা বক্তব্যে খুব দ্রুত একটি ভাষা শহীদ মিনার নির্মাণের জন্য ওই অনুষ্ঠানে উপস্থিত বাঙালি এলাকায় সিটি কাউন্সিলর ডেভিড জেনেটকে দায়িত্ব দিয়েছিলেন একটি পছন্দসই জায়গা খুঁজে বের করতে। এবং মিনারের জন্য একটি সর্বসম্মত লিখিত প্রস্তাব ও ডিজাইন সিটি কাউন্সিল বরাবর পেশ করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে গত আট বছর আমরা দেখলাম কেবল বাঙালি বিভাজন, আমিত্বের বড়াইয়ের কাছে পরাজিত হলো একটি মহত্ উদ্যোগ। আজও ঐক্যবদ্ধভাবে একটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমরা সিটি কাউন্সিলে যেতে পারলাম না। দীর্ঘদিন বাদে সিটি কাউন্সিলর জেনেটের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখলে তিনি বললেন, ‘এটা এখনো করা সম্ভব যদি তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আসতে পার।’ কিন্তু জেনেট তো জানেন বাঙালি শুধু ১৯৭১-এ একই ছাতার নিচে এসেছিল, এ ছাড়া অন্য সব সময়ই তারা ভিন্ন ভিন্ন ছাতার নিচে থাকে। ডেভিড মিলারের শহীদ মিনার তৈরির ইচ্ছা অবদমিত হয়েছে বেশ কিছু কারণে। এর মধ্যে ওই শহীদ মিনারটি যাতে তৈরি না হয় এ জন্য চিঠি লিখে, ই-মেইল করে, ফোন করে বেশ কিছু বাঙালি দুরাত্মা মেয়রকে নালিশ তদবির করেছে। শহীদ মিনার বাস্তবায়ন কমিটি একটা হয়েছে কিন্তু সেটা সর্বসম্মত কোনো কমিটি ছিল কি না সে ব্যাপারে প্রশ্ন আছে। বিভেদের দেয়াল এভাবেই তৈরি হয়েছিল কিন্তু চিরকাঙ্ক্ষিত স্বপ্নের এই মিনারটি শেষ পর্যন্ত প্রতিষ্ঠার ব্যাপারে টরন্টো শহরের বাঙালি সচেতন মানুষ লেখক কবি সাংবাদিকদের অকুণ্ঠ সমর্থন ছিল এবং এখনো আছে।সিটি কাউন্সিলর জেনেট আমাদের বারবার যে কথাটি বলছিলেন তা হলো একটি ‘আপত্তিহীন’ নেতৃত্বের মাধ্যমে আমাদের আসতে হবে। আমরা জেনেটকে বোঝাতে চেষ্টা করলাম, শহীদ মিনারটির প্রতিষ্ঠরা দাবি আমাদের সবার হূদয়ের দাবি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সামান্য কিছু প্রতিক্রিয়াশীল বাংলাদেশি হয়তো এর প্রতিষ্ঠা চাইবে না, সেখানে এক শ ভাগ আপত্তিহীন হওয়া সম্ভব নয়। এর পেছনে অনেক ঘটনা-ইতিহাস জড়িত। বায়ান্নর আন্দোলনের সময়ই স্বল্প কিছু ‘বাংলাদেশি’ এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উর্দুকে বাংলাদেশের মাতৃভাষা করতে চেয়েছিল, সেখানে এই প্রবাসে কী করে আমাদের প্রস্তাব এক শ ভাগ আপত্তিহীন হবে। তবে প্রবাসী সংখ্যাগরিষ্ঠ বাঙালিই এর বাস্তবায়ন চায়। তা ছাড়া একটি কানাডীয় সংগঠনের প্রস্তাবে যেহেতু এই মাতৃভাষা দিবস জাতিসংঘ গ্রহণ করেছে সুতরাং এ জন্য কানাডায় ভাষা শহীদ মিনার প্রতিষ্ঠা কানাডা সরকারের দায়িত্বের মধ্যেও পড়ে। শেষ পর্যন্ত বিষয়টি সিটি কাউন্সিল অনুষ্ঠান করেছে এবং এই ভাষা দিবসেই কিছু একটা হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। সুতরাং টরন্টোতে একটি একুশের শহীদ মিনারের স্বপ্ন আবার আমরা দেখতে শুরু করেছি।শেষ পর্যন্ত শহীদ মিনার দ্রুত প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়ে টরন্টো প্রবাসী সব বাঙালিকে একই ছাতার নিচে আনার মহতী উদ্যোগের দায়িত্ব নিয়েছে টরন্টোর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গঠন করা হয়েছে সম্মিলিত একুশ উদযাপন কমিটি। আমরা সচেতন সাধারণ টরন্টোর বাঙালিরা এক বুক আশা ও স্বপ্ন নিয়ে বুক বেঁধে রইলাম প্রবাসে আরও একটি ভাষা শহীদদের স্মৃতির প্রতি উত্সর্গ করা মিনার দেখার জন্য।সুব্রত নন্দী, টরন্টো থেকে