বান্দরবান জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকটি অবহেলায় পড়ে রয়েছে। যত্ন না নেওয়ায় স্মৃতিফলক প্রাঙ্গণ পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে।
সরেজমিন দেখা যায়, বান্দরবান পৌর এলাকার বাসস্টেশন–সংলগ্ন এলাকায় স্মৃতিফলকটির অবস্থান। এতে বান্দরবানের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ রয়েছে। স্মৃতিফলক প্রাঙ্গণটি উন্মুক্ত। কোনো সীমানাদেয়াল নেই। স্মৃতিফলকের বেদিতে পশ্চিম পাশে কাঠমিস্ত্রিরা আসবাব তৈরি করছেন। আরেক পাশে শুঁকাতে দেওয়া হয়েছে কাপড়চোপড়। পূর্ব পাশে রাখা হয়েছে জ্বালানি কাঠ ও ধান। আর ফলকের সামনে রয়েছে আবর্জনার স্তূপ। এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
স্মৃতিফলকের বেদিতে আসবাবপত্রে রঙের কাজে নিয়োজিত কাঠমিস্ত্রি জহিরুল ইসলাম বলেন, এক বাসার মালিকের আসবাব তিনি রং করে দিচ্ছেন। কিন্তু বাসায় জায়গা না থাকায় স্মৃতিফলকে কাজ সারছেন। স্মৃতিফলকটি অনেককে নানা কাজে ব্যবহার করতে দেখে তিনিও আসবাব তৈরির কাজ করছেন।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ মুনিম বলেন, ২০০৮ সালে ১৩ লাখ টাকা ব্যয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকটি নির্মাণ করা হয়। কিন্তু প্রকল্পে সীমানাদেয়ালের অংশটির অনুমোদন পাওয়া যায়নি। এ জন্য স্মৃতিফলকের সীমানাদেয়াল নির্মাণ সম্ভব হয়নি। এটি নির্মাণ শেষে জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
স্মৃতিফলক এভাবে অবহেলায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম বলেন, সাড়ে ১৯ শতক জমির ওপর স্মৃতিফলকটি নির্মাণের পর থেকে কোনো কর্তৃপক্ষ যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না। সীমানাদেয়াল না থাকায় উন্মুক্ত স্মৃতিফলকে যার যখন ইচ্ছে ঢুকে পড়ে এবং নানা কাজে ব্যবহার করে। তিনি স্মৃতিফলকটি অন্যত্র সরিয়ে সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব করেন।
জানতে চাইলে বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, স্মৃতিফলকটি পৌরসভায় হলেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। তারপরও জাতীয় দিবসে পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্ন কাজ করা হয়। কিন্তু পরিচ্ছন্ন করার কিছুদিনের মধ্যে এলাকাবাসী আবার আবর্জনায় পরিপূর্ণ করে ফেলে।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিমং মারমা বলেন, বাসস্টেশন এলাকার অধিকাংশ মানুষের নাগরিক বোধ (সিভিক সেন্স) অত্যন্ত কম হওয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকটি রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য স্মৃতিফলকটি সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকল্প অনুমোদন হলে অন্য জায়গায় স্মৃতিফলক নির্মাণ করা হবে।