শহীদ লাব্রে ম্রোর কথা কেউ মনে রাখেনি

বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর একমাত্র শহীদ মুক্তিযোদ্ধা লাব্রে ম্রোর কথা জানে না খোদ বান্দরবানের বাসিন্দারাই। স্বাধীনতার এত বছর পরও তাঁর আত্মত্যাগের কথা তুলে ধরেনি সরকারি-বেসরকারি কোনো মহলই। একাত্তরে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত এই মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজও কেউ রাখেনি।
নাইক্ষ্যংছড়ির ঈদগড়ের রেংরো ম্রোপাড়ার বাসিন্দা লাব্রে ম্রো সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর রেংরোপাড়াটিও উচ্ছেদ হয়ে যায়। শহীদ লাব্রে ম্রোর পরিবারের সদস্যরা তখন চলে যান আলীকদমের দুর্গম কুরুকপাতা ঝিরির পাহাড়ে। লাব্রে ম্রোর দুই ছেলে এক মেয়ের মধ্যে বর্তমানে এক ছেলে সিংথন ম্রো বেঁচে আছেন। আলীকদমের কুরুকপাতা ঝিরির লেলংপাড়া থেকে বান্দরবানে এলে কথা হয় তাঁর সঙ্গে।
সিংথন বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুর সময় শতাধিক মুক্তিযোদ্ধার একটি দল নাইক্ষ্যংছড়ির ঈদগড় মৌজার রেংরো ম্রোপাড়ায় ঘাঁটি গেড়ে ঈদগাঁও, ডুলাহাজারা, খুঁটাখালী, চকরিয়া ও রামুসহ বিভিন্ন স্থানে যুদ্ধ পরিচালনা করতে থাকে। ওই মুক্তিযোদ্ধাদের দলে যোগ দেন আমার বাবা লাব্রে ম্রো। এ ছাড়া পাড়ার কার্বারি রেংরো ম্রো ও আরেকজন বাসিন্দা বকদো ম্রোও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। মে মাসের দিকে রাজাকার ও পাকিস্তানি বাহিনী ওই ঘাঁটির ওপর হামলা চালালে মুক্তিযোদ্ধারা পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। কিন্তু পাড়ায় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের অবস্থান পর্যবেক্ষণ করতে এসে বাবা ধরা পড়ে যান এবং পাকিস্তানি বাহিনী তাঁকে নৃশংসভাবে হত্যা করে।’
সিংথন ম্রো আরও বলেন, ‘আমার বাবার বয়স তখন ৬০ বছরের মতো ছিল। তবু ওই বয়সেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নানা অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। তখন রেংরোপাড়ায় ৬০টি ম্রো পরিবারের বসবাস ছিল। ঘাঁটির শতাধিক মুক্তিযোদ্ধার খাওয়া-দাওয়া সবকিছুর সংস্থান করেছিলেন পাড়াবাসী।’
পাকিস্তানি বাহিনীর আক্রমণ ও তাঁর বাবার মৃত্যুর পর পাড়াটি উচ্ছেদ হয়ে যায় বলে জানান সিংথন। স্বাধীনতার পর কিছু পরিবার পাড়ায় ফিরে এসেছিল। তবে স্থানীয় একদল দুর্বৃত্ত তাঁদের জমি দখল করে নেয়। এখন পরিবার নিয়ে আলীকদমের কুরুকপাতা ঝিরির দুর্গম পাহাড়ের লেলং পাড়ায় অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছেন সিংথন। এত দিনেও কেউ তাঁদের খোঁজখবর নেয়নি।
নাইক্ষ্যংছড়ির মুক্তিযোদ্ধা মংশৈপ্রু মারমা বলেছেন, মুক্তিযুদ্ধের শুরুর দিকে এপ্রিল-মে মাসে মুক্তিযোদ্ধাদের একটি দল রেংরোপাড়ায় অবস্থান নেয়। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী ওই পাড়ায় হামলা চালায় ও লাব্রে ম্রোকে হত্যা করে।
নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন বলেন, লাব্রে কেবল ম্রো জনগোষ্ঠীর নন, তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলারও একমাত্র শহীদ মুক্তিযোদ্ধা। কিন্তু নাইক্ষ্যংছড়ির দু-একজন মানুষ ছাড়া তাঁর সম্পর্কে কেউ জানে না।
মুক্তিযোদ্ধা সংসদ নাইক্ষ্যংছড়ি কমান্ডার রাজা মিয়া বলেন, ‘লাব্রে ম্রোর পরিবার কোথায় থাকে আমরা জানি না। একবার ২০০৫ সালের স্বাধীনতা দিবসে একবার সংবর্ধনা নেওয়ার জন্য তাঁর ছেলে সিংথন ম্রো এসেছিলেন নাইক্ষ্যংছড়িতে। কিন্তু থাকা-খাওয়ার খরচ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যান তিনি। এরপর আর কখনো যোগাযোগ করেননি।’
বান্দরবান জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো বলেন, ‘শহীদ লাব্রে ম্রোর কথা বলার জন্য তাঁর ছেলে সিংথন ম্রোকে আমি জেলা সদরে নিয়ে এসেছি। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে তাঁর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে কিছু করার ইচ্ছা আছে আমাদের।’
বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় লাব্রে ম্রোয়ের নাম আছে। তবে তাঁকে সম্মাননা জানানোর জন্য তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।