কক্সবাজার শহরে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সাবেরের আবক্ষ মূর্তি নির্মাণের দাবি জানিয়েছে সাহিত্য সংগঠন গরাণ শিল্প সাহিত্য সভা। বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কথাসাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী সাবেরের জন্ম (এ কে এম শহীদুল্লাহ) কক্সবাজার জেলায়। গত ৩১ মার্চ শহীদ সাবেরের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান। কবি সিরাজুল হকের সভাপতিত্বে ওই সভায় প্রবন্ধ পাঠ করেন কালাম আজাদ। বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, সংগীতশিল্পী আবদুশ শুক্কর, শিল্প সাহিত্যের কাগজ ‘গরাণ’ সম্পাদক মানিক বৈরাগী, কবি হুমায়ুন ছিদ্দিকী, অরণ্য শর্মা, মনির ইউসুফ, ফাতেমা আক্তার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. শহীদুল্লাহ, সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, সাংস্কৃতিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইপ্সিতা চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তারা শহীদ সাবেরের নামে শহরে আবক্ষ মূর্তি স্থাপনের দাবি জানান। উল্লেখ্য, শহীদ সাবের কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের মাতুতালয় গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কারাগারের বন্দী জীবনের কাহিনি নিয়ে রচিত তাঁর বিখ্যাত গ্রন্থ আরেক দুনিয়া থেকে। এ ছাড়া তিনি আরও ছয়টি গ্রন্থের রচয়িতা। তিনি দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক ও সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন।