শহীদ স্মৃতি সংগ্রহশালা

মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের ছিল অসীম আত্মত্যাগ। এই ত্যাগ স্মরণীয় করে রাখতেই গড়ে তোলা হয় শহীদ স্মৃতি সংগ্রহশালা। তবে সেই সংগ্রহশালায় ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান এই সংগ্রহশালার।
৬ হাজার ৬০০ বর্গফুটের তিনটি কক্ষ। কক্ষজুড়ে শোভা পাচ্ছে আলোকচিত্র, পোস্টার, শিল্পকর্ম, ভাস্কর্য ও দলিল। দেয়ালের সামনে কাচের বাক্সে রাখা মুক্তিযোদ্ধা-শহীদদের ব্যবহৃত জিনিসপত্র। ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ-অভ্যুত্থান পেরিয়ে বিজয়। এই তিনটি কক্ষেই যেন চিত্রিত হয়েছে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস।
১৯৭৬ সালের ২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সৈয়দ আলী আহসানের সভাপতিত্বে এক সভায় শহীদ স্মৃতি সংগ্রহশালা স্থাপনের সিদ্ধান্ত হয়। বর্তমান স্থায়ী গ্যালারির উদ্বোধন হয় ১৯৯০ সালে। গ্যালারিগুলো ঘুরলেই চোখে পড়বে ভাষা আন্দোলনের নানা পর্বের দুর্লভ আলোকচিত্র, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সেক্টর কমান্ডারদের পোর্ট্রেট। শিল্পী কামরুল হাসানের বিখ্যাত পোস্টার, মুক্তিযুদ্ধকালীন প্রচারপত্র, আত্মসমর্পণের দলিলের চিত্র ইত্যাদি। সংগ্রহশালায় আছে বিশ্ববিদ্যালয়ের গণকবর থেকে প্রাপ্ত নাম, শহীদদের ব্যবহার্য জিনিসপত্র, শহীদদের হাড়, মাথার খুলি ও কঙ্কাল এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত রকেট লঞ্চার। সংগ্রহশালার দেয়ালে শোভা বাড়িয়েছে শিল্পী রফিকুন নবী, হাশেম খান, মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরীর মতো বরেণ্য শিল্পীদের মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পকর্ম।
শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই সংগ্রহশালা।