শহীদ স্মৃতি সংগ্রহশালায় এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের এক সকাল। হাজির হই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায়। ‘এই সংগ্রহশালা আমাদের জন্য বেশ গর্বের। আমাদের মধ্যে অনেকে মুক্তিসংগ্রামের নানা বিষয়ে জানতে চাই, দেখতে চাই। তাদের জন্যই সংগ্রহশালাটি অনেক বড় পাওয়া।’ বলছিলেন সংগ্রহশালা দেখতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল হাসান।ডিসেম্বর বিজয়ের মাস। বিজয়ের ৪০ বছর পূর্ণ হলো ১৬ ডিসেম্বর। আর সেই স্বাধীনতাসংগ্রামের কথা আজকের নতুন প্রজন্মকে জানানোর জন্য বিভিন্ন আলামত খুঁজে পেতে কিন্তু আমাদের খুব বেশি বেগ পেতে হয় না। একটু খোঁজ নিলেই দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই মুক্তিসংগ্রামের স্মৃতিবিজড়িত গণকবর, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট অনেক বিষয়। এমনই কিছু মুক্তিযুদ্ধের ছবি, দলিল, যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম নিয়ে গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা।সমাজকর্মের তৃতীয় বর্ষের ছাত্রী শিরিন মনি বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি। কিন্তু এটাও ঠিক যে আমরা সে সময়টার তেমন কিছুই জানি না। তাই আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এখানে দেখার মতো, জানার মতো অনেক কিছু আছে।’শহীদ স্মৃতি সংগ্রহশালায় তিনটি গ্যালারি রয়েছে। প্রথম গ্যালারিটি সাজানো হয়েছে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, শহীদ আসাদের কিছু দুর্লভ ছবি, বিভিন্ন শিল্পীর আঁকা মুক্তিযুদ্ধের ছবি দিয়ে। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি নির্মিত রাজশাহীর প্রথম শহীদ মিনারের ছবিটিও এখানে স্থান পেয়েছে। এখানে রয়েছে রাজশাহীতে উত্তোলিত প্রথম জাতীয় পতাকাটি।এই গ্যালারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এখানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ ড. মো. সামসুজ্জোহার বিভিন্ন ছবি, ব্যবহূত জিনিসপত্র। আরও রয়েছে বিভিন্ন মুক্তিযোদ্ধার ব্যবহূত পোশাক-আশাক।দ্বিতীয় গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহূত জিনিসপত্র রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রতীকী ভাস্কর্যও এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। রয়েছে সাতজন বীরশ্রেষ্ঠর ছবি। রাজশাহীর বিভিন্ন শহীদের ছবিও এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিদ্ধার্থ সেন, ডা. মিহির কুমার সেন, ডা. হুমায়ুন কবির, অ্যাডভোকেট নাজমুল হক সরকার প্রমুখ।একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের কিছু দুর্লভ ছবি এই গ্যালারিতে স্থান পেয়েছে। তবে সবচেয়ে লোমহর্ষক দৃশ্য দেখা যায় তৃতীয় গ্যালারিতে ঢুকে। এখানে রয়েছে একাত্তরের গণহত্যায় অসংখ্য শহীদের মাথার খুলি আর হাড়, যার বেশির ভাগই উদ্ধার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পাশে অবস্থিত গণকবর থেকে। অপরদিকে গ্যালারির একটি বড় অংশ জুড়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ঐতিহাসিক আলোকচিত্র; রয়েছে একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের বিভিন্ন আলোকচিত্র, বিজয়ী মুক্তিসেনাদের ছবি। এই সংগ্রহশালায় এসব জিনিসের সঙ্গে আরও রয়েছে মক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যসংবলিত একটি লাইব্রেরি। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের কিছু দুষ্প্রাপ্য বই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণারত বিভিন্ন গবেষক এখান থেকে বই সংগ্রহ করে থাকেন। ১৯৭৬ সালের ৬ মার্চ এই সংগ্রহশালার উদ্বোধন করা হয়। প্রথমদিকে শুধু স্থানীয় সংগ্রহ নিয়েই এর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সংগৃহীত চিত্রমালা, দলিল-দস্তাবেজ, পত্রপত্রিকা ও যুদ্ধের স্মৃতিচিহ্নসমূহের পরিধি প্রসারিত হয়েছে সারা বাংলাদেশে।