শহীদের নামে চুয়েটের দুই ছাত্রাবাস
সারি সারি গাছপালা। প্রকৃতিতে শীতের পাতাঝরার খেলা। সুনসান নীরবতায় প্রতিটি পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। গোলচত্বরের ভাস্কর্য আর বঙ্গবন্ধুর ম্যুরাল পেছনে রেখে বাঁ দিকে একটু এগোলেই মুখোমুখি হতে হবে তারেক হুদার। ১৯৭১-এ ঝরে পড়া এক তরুণ যোদ্ধা। তাঁর ম্যুরাল রয়েছে চারতলা একটি ভবনের সামনে। ভবনটি শহীদ তারেক হুদা ছাত্রাবাস নামে পরিচিত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস ঘুরে দেখতে গেলে এই ছাত্রাবাস আপনার চোখে পড়বে।
তখনকার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তারেক হুদা। মা-মাটির সম্মান রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন বরিশালের এই তরুণ। তারেক হলের পাশেই আরেক শহীদ শিক্ষার্থীর স্মৃতিচিহ্ন। আরেকটি ছাত্রাবাস। নাম শহীদ মোহাম্মদ শাহ্ ছাত্রাবাস। তিনিও প্রাণ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তাঁরও একটি ম্যুরাল রয়েছে হলটির সামনে।
এই দুই শহীদের নামে বিস্তারিত তথ্য ছাত্রাবাস কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। তবু ঘুরে ঘুরে নানা জনের সঙ্গে কথা বলে আমরা এই বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে চেষ্টা করছিলাম। তারেক হুদা হলের প্রভোস্টের কক্ষের দেয়ালে এই শহীদের একটি ছবি টানানো রয়েছে। নামের নিচে লেখা আছে—১৯৪৮ থেকে ১৯৭১ সাল।
চুয়েটের উপাচার্য মো. রফিকুল আলম বললেন, ‘মোহাম্মদ শাহ্ রাঙ্গুনিয়ার মরিয়মনগরে আমার প্রতিবেশী ছিলেন। অন্যজন বরিশালের বাসিন্দা। তারেক হুদা তখন সম্ভবত তৃতীয় বর্ষে পড়তেন। আর মোহাম্মদ শাহ্ দ্বিতীয় বর্ষে। এর বেশি কোনো তথ্য কিংবা নথি নেই।’
১৭ ডিসেম্বর চুয়েটের জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ ও মোহাম্মদ শাহ্ হলের কর্মী ফজলুল হক আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন দুই ছাত্রাবাসের প্রভোস্টের কক্ষে।ফোনে দুই প্রভোস্ট রণজিৎ কুমার সূত্রধর ও এম কে জিয়াউল হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলো। জিয়াউল হায়দার স্মরণ করলেন—বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর স্মরণিকায় দুই শহীদ নিয়ে কিছু তথ্য রয়েছে। রাশেদ ম্যাগাজিনের পাতাটি সংগ্রহ করে দিলেন। তাতে দেখা যায়, তারেক হুদার বাড়ি বরিশাল জেলার কাউখালী থানার পারসাটুরিয়া গ্রামে। ১৯৪৮ সালে তাঁর জন্ম। ১৯৬৮ সালে এইচএসসি পাস করার পর তিনি তখনকার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কলেজের প্রথম ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তারেক হুদা কোথায়, কীভাবে, কখন, মারা যান, সেই তথ্যও তেমন কেউ জানেন না। শহীদ হওয়ার কয়েক দিন পর জানা যায়, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। কেউ কেউ বলেন, ক্যাম্পাসে হলের পেছনে তারেক হুদার কবরটির অবস্থান। তবে তা নিয়ে মতভিন্নতা রয়েছে বলে জানালেন উপাচার্য রফিকুল আলম।
স্থানীয় হওয়ার কারণে শহীদ মোহাম্মদ শাহ্র কিছু তথ্য অবশ্য পাওয়া গেল বিভিন্ন মাধ্যমে। মোহাম্মদ শাহ্-এর সঙ্গে শহীদ হয়েছিলেন তাঁর বড় ভাই আহমদ শাহ্ও। দিনটি ছিল ১৯৭১ সালের ১৪ এপ্রিল। দুই ভাইয়ের স্মৃতি হাতড়ে বেড়ান ছোট ভাই আকবর শাহ্। তিনি ব্যবসায়ী। মরিয়ম নগরে বাড়ির সামনে দুই ভাইয়ের কবর রয়েছে।
‘আমরা ৯ ভাই ছিলাম। মোহাম্মদ শাহ্ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। আর আহমদ শাহ্ পড়তেন রাঙ্গুনিয়া কলেজে। বঙ্গবন্ধুর ডাকে দুজনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ঘরে থাকতেন না তাঁরা। অজ্ঞাত স্থানে থেকে অপারেশন করতেন। কিন্তু একদিন দুজনই ধরা পড়ে যান। পরে আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম সৈয়দ বাড়ির সামনে গুলি করে দুই ভাইকে হত্যা করা হয়। কিন্তু সেভাবে তাঁদের মূল্যায়ন হয়নি,’ স্মৃতিচারণা করলেন অনুজ আকবর শাহ্।
চুয়েটের স্মরণিকায় শহীদ মোহাম্মদ শাহ্ সম্পর্কে তথ্য রয়েছে সামান্যই। ১৯৫১ সালে তাঁর জন্ম। বাবার নাম সৈয়দ আহম্মদ সওদাগর। ১৪ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। পুরকৌশল বিভাগের ছাত্র ছিলেন।
মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধে চট্টগ্রাম গ্রন্থে মোহাম্মদ শাহ্ ও আহমদ শাহ্—দুই ভাইয়ের কথা উল্লেখ রয়েছে। তবে তারেক হুদা সম্পর্কে সে রকম কোনো তথ্য নেই। মাহফুজুর রহমান বলেন, ‘তারেক হুদা চট্টগ্রামের বাইরের ছেলে ছিলেন। তিনিও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু তাঁর সম্পর্কে তেমন কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। তবে মোহাম্মদ শাহ্র কথা বিভিন্ন জায়গায় রয়েছে। দুজনই শহীদ।’
তাঁদের এই আত্মদানের স্বীকৃতিস্বরূপ দাঁড়িয়ে আছে চুয়েটের দুই ছাত্রাবাস। ছাত্রাবাস ভবন দুটি এখন চারতলা। তারেক হুদা হলে চার শতাধিক এবং মোহাম্মদ শাহ্ হলে পাঁচ শতাধিক ছাত্র রয়েছেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চার দেয়ালের ভবন দুটিতে দুই শহীদ ছিলেন, এর গৌরবও কম কিসে।
প্রতিবেদন তৈরি করতে সহযোগিতা করেছেন মো. কামরুজ্জামান (চুয়েট প্রতিনিধি)