শহীদের রক্তে ভেজা স্বদেশ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন আয়োজন এবারই প্রথম। ২৫টি জায়গায় এ ধরনের অনুষ্ঠান হচ্ছে। এ সংখ্যা বেড়েও যেতে পারে। আয়োজনের নাম ‘বিজয় শপথ’। বিজয় দিবসকে ঘিরে আমাদের এ তৎপরতা। পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে মাসের শেষ দিন পর্যন্ত। এ অনুষ্ঠানগুলোয় উপস্থিত দর্শক-শ্রোতা-বন্ধুদের হাতে হাতে থাকবে জাতীয় পতাকা। জাতীয় পতাকা হাতে তুলে নিয়ে দেশ গড়ার শপথ নেবেন তাঁরা। এ ছাড়া এসব আয়োজেন যা থাকবে, তার বিস্তারিত বন্ধুসভার বন্ধুদের কাছে ই–মেইলে যাবে। ১ ডিসেম্বর ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভার বিজয় শপথের আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে এই অনুষ্ঠান।
এ ছাড়া থাকবে বধ্যভূমি ও স্মৃতিসৌধ পরিষ্কার করা কর্মসূচি। দেশের যেখানে যেখানে বধ্যভূমি আছে, সেখানেই যাবেন বন্ধুরা সেগুলো পরিষ্কার করার জন্য। এ ব্যাপারে অনেকগুলো বন্ধুসভার বন্ধুদের সঙ্গেই কথা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওই দিন তাঁরা পবিত্র স্থানগুলো পরিষ্কার করবেন।
পাশাপাশি থাকবে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শোনার আসর। বন্ধুরা একটি বিশেষ স্থানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাবেন এবং মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনবেন তাঁদের মুখ থেকে।
বেশ কয়েকটি বন্ধুসভার বন্ধুরা কোনো কোনো মুক্তিযোদ্ধাদের বাড়িতে যাবেন ফুল এবং খাবার নিয়ে।
ঢাকা মহানগরের সব বন্ধু অংশ নেবেন একটি বিশেষ সেমিনারে। ১৪ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বিকেলে তাঁরা ওই সেমিনারে অংশ নেবেন। সেমিনারে মূল আলোচক থাকবেন একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান জাহীদ রেজা নূর।
মাসজুড়েই আমরা নানা কর্মসূচি নিয়ে মেতে থাকব। ৩০ লাখ শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব। শহীদদের রক্তে ভেজা আমাদের স্বদেশ যেন পবিত্র রাখতে পারি!
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ