
গ্রামাঞ্চলে বসবাসকারী পাখিদের তুলনায় নগরে বাস করা পাখি বেশি স্মার্ট বা করিতকর্মা। নানা রকম পরিস্থিতিতে তারা বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। আবার তাদের শারীরিক সামর্থ্য বা রোগ প্রতিরোধের ক্ষমতাও গ্রামের পাখিদের চেয়ে বেশি।
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য মিলেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন বিহেভিয়্যরাল ইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই গবেষকেরা শহুরে ও গ্রামের পাখিদের সমস্যা সমাধানের সামর্থ্যের তুলনামূলক বিশ্লেষণ করেন। পাশাপাশি নানা রকমের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে ওই দুই অঞ্চলের পাখিদের ক্ষমতার তুলনা করে দেখতে পান, শহুরে পাখিরা বুদ্ধিমত্তার পরীক্ষায় ভালো করে। নতুন নতুন জায়গা থেকে খাবার খুঁজে বের করার ক্ষেত্রে তারা গ্রামের পাখিদের পেছনে ফেলে দিতে পারে।
গবেষণা প্রতিবেদনটির লেখক জ্যঁ-নিকোলা অদে বলেন, শহুরে পাখিরা যে শুধু সমস্যা নিরসনে উদ্ভাবনীমূলক নানা কাজে তুলনামূলক ভালো করে, তা নয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও গ্রামের পাখিদের চেয়ে বিস্ময়করভাবে বেশি।
গবেষক দলটি বার্বাডোসের বিভিন্ন এলাকা থেকে ধরা ৫৩টি পাখির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালায়। তাঁরা দেখতে পান, ক্যারিবীয় দ্বীপটির তুলনামূলক বেশি উন্নত কয়েকটি এলাকার পাখিরা অন্যদের চেয়ে দ্রুত বিভিন্ন ড্রয়ার খুলে খাবার সংগ্রহ করতে পারে। তাদের সাহসও অনুন্নত পাখিদের চেয়ে বেশি।
গবেষকেরা ওই পাখিদের পর্যবেক্ষণের ভিত্তিতে এমন সিদ্ধান্তে পৌঁছান যে শহরে বসবাস করার ফলে পাখিদের বোধশক্তি, আচরণ এবং মনস্তত্ত্বের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।