পরিচিত এক আপুর বাসায় গিয়েছিলাম মাস ছয়েক আগে। স্কুলের বড় আপা, তুখোড় বিতার্কিক ছিলেন। এখন ভালো একটা চাকরি করেন। অনেক বছর পর দেখা, স্বভাবতই বেশ ভালো লাগছিল আমার। তাঁকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে বললাম, ব্যথা পেয়েছেন নাকি? তিনি কিছু বলার আগেই তাঁর ছেলেটা বলে উঠল, ‘কী হয়েছে জানো...।’ আর আপা যেন আমার কথাটা শুনতেই পাননি, এমন একটা ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ‘চা খাবি?’ তাঁর ছেলেটা আমার কাছে এসে ফিস ফিস করে বলতে শুরু করল, ‘আসলে হয়েছে কী জানো...।’ তার মা এবার তার দিকে কঠিন চোখে তাকালেন। আপা আমাকে বললেন, ‘আর বলিস না, বাথরুমে পড়ে গিয়েছিলাম।’ কথাটা বলে তিনি মৃদু হাসার চেষ্টা করলেন। আমি আর কিছু বললাম না। সেই যুক্তি খণ্ডনে পারদর্শী বিতার্কিককে শুধু হাসিটুকু ফিরিয়ে দিলাম।তারও বেশ কয়েক মাস আগের কথা। হাসপাতালে ডিউটি করছি। হঠাৎ এক রোগী নিয়ে ১০ থেকে ১২ জনের একটা দল এসে উপস্থিত। দেখে মনে হচ্ছিল উচ্চবিত্ত পরিবারের। রোগীর বয়স ৩০-এর ওপর, শান্তশিষ্ট চেহারার ভদ্রমহিলা। কী সমস্যা, জিজ্ঞেস করায় তাঁর স্বামী জানান, তাঁর স্ত্রী বাথরুমে পড়ে যান।আমি যখন রোগীকে প্রশ্নটা আবার জিজ্ঞেস করলাম, তখনো তাঁর স্বামী আগের বাক্যটাই আবার উচ্চারণ করলেন নির্লিপ্তভাবে এবং স্ত্রী আগের মতোই নিশ্চুপ। স্বামীর কাছথেকে জানা গেল তাঁরা শহরে থাকেন। আরেকটি ঘটনা তারও আগের। মেয়েটির বয়স অল্প। তা না হলে কি কেউ চিৎকার করে গোটা হাসপাতাল মাথায় তোলে। যদিও শ্বশুরবাড়ির লোকজন বারবার বলছিল যে প্রথম বাচ্চা তো, তাই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই এখন সে উল্টাপাল্টা বকছে। ইনকমপ্লিট অ্যাবোরসন নিয়ে ভর্তি হওয়া মেয়েটার হিস্ট্রি নিতে গিয়ে জানা গেল (শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে), সেও নাকি বাথরুমে পিছলে পড়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো, তাদের বাড়িও ছিল শহরে।আর মেয়েটার স্বামী ভালো একটা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।সত্যিই, আমাদের মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের বাথরুমগুলো কোনো এক বিচিত্র কারণে ভেজা থাকে বা শ্যাওলা ধরে থাকে। তাই পিচ্ছিল হয়ে থাকে। কিন্তু আমার কথা হলো, মোজাইক করা অথবা টাইলস বসানো বাথরুম শ্যাওলা ধরা বা ভেজা থাকা কি অসংগতিপূর্ণ নয়? চিকিৎসক, ব্র্যাক হেলথ সেন্টার, ময়মনসিংহ