শাওনের সঙ্গে শত তরুণ

সালটা তখন ২০০৯, আইসিটি ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ার খোঁজ পান তরুণ শাওন। ধৈর্য ধরে লেগে থাকেন, ধীরে ধীরে শিখে ফেলেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও কনটেন্ট রাইটিং। সেই শুরু শাওনের, এরপর গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান ফালাহ আইটি। শুরুতে শাওন তাঁর এক বন্ধুকে নিয়ে শুরু করেছিলেন, কিন্তু এখন তাঁর সঙ্গে কাজ করেন আরও প্রায় ১০০ তরুণ। নিজে হয়েছেন উদ্যোক্তা, অন্যদের মধ্যেও উদ্যোগ ছড়িয়ে দিতে চান শাওন। শুধু ঢাকায় কাজ নয় মেহেরপুর, রাজশাহী, কুষ্টিয়াতেও শাওনের ফার্মে তরুণেরা কাজ করছেন।
শাওন বলেন, ‘আমার শুরুটা তেমন সহজ ছিল না। লেগে ছিলাম, হাল ছেড়ে দিইনি—যার কারণেই আমি আজও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।’ বর্তমানে অনলাইনে কাজের পাশাপাশি ‘ইটসমি ডট কম ডট বিডি’ নামের ই-কমার্স ওয়েবসাইট নিয়ে ব্যস্ত শাওন। বাংলাদেশের পোশাকশিল্পকে বহির্বিশ্বের কাছে আরও উন্নতভাবে উপস্থাপন করার জন্যই এই ই-কমার্স সাইট তাঁর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও এশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন শাওন। শাওন ২০১২ সালে ফ্রিল্যান্সার ডট কমের আন্তর্জাতিক লোগো এক্সপোজার প্রতিযোগিতায় প্রথম হয়ে চমকে দেন সবাইকে। ধরাবাঁধা চাকরি করে নিজের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতাকে কাজে লাগানো যায় বলে বিশ্বাস করেন তিনি। শাওনের ভাষ্যে, ‘নিজে কিছু করার শক্তি ও সাহস অন্য রকম। কিছু করতে গেলে প্রথমে বাধা আসবেই, থেমে যেতে বলবে সবাই, কিন্তু আত্মবিশ্বাস ধরে রেখে লক্ষ্যের দিকে স্থির দৃষ্টি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেই উদ্যোক্তা হওয়া যায়।’
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান