শাকসবজির জোগান ভালো, দামও সহনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুপুরে বাজারে লোকজন কম থাকে। এ সুযোগে বহদ্দারহাট বাজারের মাছবিক্রেতারা মাছে ফরমালিন ও শুঁটকিতে রাসায়নিক পদার্থসহ রং মেশান। অনেকেই এটা জানেন, কিন্তু কেউ কিছু বলেন না। বললেও বিক্রেতারা আমলে নেন না এ সব কথা।’ এমন অভিযোগ করলেন ক্রেতা সুমন পাল। বললেন, ‘এই বাজারে সবজির জোগান খুবই ভালো। এ সময় প্রচুর শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। দামও সহনীয় হয়ে এসেছে।’ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কাজীর দেউড়ি বাজারে দেখা গেল ক্রেতাদের ভিড়, হাঁটার উপায় নেই। বিশেষ করে সবজির দোকানগুলোতে ক্রেতার ঠাসাঠাসি। ক্রেতা সামলাতে ব্যস্ত বিক্রেতা ও কর্মচারীরা। সবজি ওজন করতে করতেই তাঁরা জানালেন ‘দাম অনেক কমেছে। গত সপ্তাহে আলু কেজি ১৮ টাকা এবং শিম ২০ টাকায় বিক্রি করেছি। আজ দুটোই কেজি ১৬-১৭ টাকা করে বিক্রি করছি।’ নগরের সব বাজারের চিত্র প্রায় একই। ফিরিঙ্গিবাজারের বিক্রেতা মো. হারুন জানান, ‘দুদিন আগে লাউ ছিল ১৬-২০ টাকা। এখন ১০ টাকা। বেগুন ছিল ২০-২৪ টাকা এখন ১২-১৪ টাকা। বিভিন্ন রকম শাকের আঁটি পাঁচ-সাত টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কমে ২২-২৪ টাকা হয়ে গেছে।’ বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি আট-দশ টাকা, পেঁপে ৮-১০ টাকা, মিষ্টি কুমড়া ১২ টাকা, টমেটো মানভেদে ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, কয়েকদিনের মধ্যে বাজারে পটল, ঝিঙেসহ আরও নতুন নতুন সবজি আসবে। তবে প্রথম প্রথম এসব সবজির দাম কিছুটা বেশি হবে। এদিকে মাছ-মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি গেল সপ্তাহে। তবে চালের দাম বস্তাপ্রতি ৬০-৭০ টাকা বেড়েছে। আটা কেজিপ্রতি সাড়ে ২৩ টাকা থেকে বেড়ে ২৬ টাকা, চিনি ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা হয়েছে। ময়দার দাম কেজিতে এক-দুই টাকা ও সয়াবিন তেলের দাম সামান্য বেড়েছে। এখন খোলা তেল প্রতি লিটার ৮৪ টাকা। কয়েকজন মুদি দোকানি জানালেন, ‘সয়াবিন তেল ও পেঁয়াজের দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। বিদেশে দাম বাড়লে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।’