শাটল ট্রেন নিয়ে স্বপ্ন ও স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা উঁকি-ঝুঁকি দিয়েছিল স্কুলজীবনে। স্কুল পেরিয়ে যখন কলেজে তখন স্বপ্নটা রং ছড়াল মনে—সুজলা সুফলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ব, চড়ব শাটল ট্রেনে। কলেজে পড়ার সময়ই আমার পীড়াপীড়িতে এক দিন বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলেন আম্মু। ষোলশহর রেলস্টেশনে যখন ট্রেনে উঠি তখন এটিকে মনে হয়েছিল চলন্ত এক পৃথিবী। হাসি-গান-কবিতা কী নেই ট্রেনে! রেলস্টেশনে নেমে যখন কাটাপাহাড়ের মাঝখান দিয়ে হাঁটছিলাম তখন ক্যাম্পাসের ফুলের সৌরভ, পাখির কলরব মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। শাটল ট্রেন যে চট্টগ্রামের ঐতিহ্য সেটা বুঝতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। বিশ্বে খুব কম বিশ্ববিদ্যালয়ে নাকি শিক্ষার্থীদের চলাচলের জন্য এমন ট্রেনের ব্যবস্থা আছে। দেশের ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই আছে এই ট্রেনের ব্যবস্থা। শাটল ট্রেনের মাধ্যমে যাতায়াতের কারণে একসঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে ঢোকেন। তখন নিস্তব্ধ সবুজ শিক্ষাঙ্গন হয়ে ওঠে আনন্দের হাট। বটতলি থেকে শাটল ট্রেনের যাত্রা শুরু। তারপর ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ এবং সবশেষে আমাদের সবুজ ক্যাম্পাস। ৪৫-৫০ মিনিটের যাত্রায় কেউ আড্ডা দেন, কেউ তাস খেলেন, কেউ গান করেন, আবার কেউ পড়াশোনা করেন। ট্রেনের বগিগুলোরও বিভিন্ন ডাকনাম আছে। যেমন: ফাটাফাটি, 69, একাকার, ককপিট, মহাপাপী ইত্যাদি। এক বন্ধু আরেক বন্ধুকে বলে— ‘এই তুই কোন বগিতে যাবি?’ উত্তরে বন্ধুটি বলে ‘69।’ কেউ এক গান বারবার গাইলে পাশের বন্ধু টিপ্পনী কাটে—‘তোর ক্যাসেট প্লেয়ারে নতুন কোনো গান নেই?’ট্রেনের আসল মজা শুরু হয় সেনানিবাসের পর থেকেই। রেললাইনের দুপাশে বিস্তীর্ণ ধানি জমি। মাইলের পর মাইল সবুজের হাসি। বর্ষায় মনে হয় আনন্দের বৃষ্টিতে ভাসছে দেশ। মাঝেমধ্যে ট্রেনে শিক্ষার্থী ছাড়াও বাইরের কিছু পুরুষ-মহিলা ওঠেন। উঠেই তাঁরা ঝগড়া শুরু করেন। পুলিশ তাঁদের নামিয়ে দিতে চাইলে তাঁরা পুলিশকে বলেন—‘ওসাব, টেকা নাই তো। তাই ফ্রিতে যাইবাম।’ কী সুন্দর আবদার! এত কথা বলার একটাই কারণ—স্বপ্নের শাটল ট্রেন আমাদের স্বপ্নভঙ্গের কারণ হয়েছে অনেক বার। একটা বড় দুঃখ স্বপ্নের প্রিয় ট্রেন নিয়েও রাজনীতি হচ্ছে। ক্যাম্পাসে কোনো গণ্ডগোল হলে সবার আগে ট্রেন আটকে দেন বড় ভাইয়েরা। তখন চলন্ত পৃথিবী থমকে যায়। কালো মেঘে ছেয়ে যায় আমাদের স্বপ্নের আকাশ। বিবি জয়নাবদ্বিতীয় বর্ষ, বিবিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়