শাটল ট্রেনে আনন্দ-বেদনার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পেরিয়ে এসেছে ৫০ বছর। প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে আয়োজন করা হয়েছে দুই দিনের অনুষ্ঠান, যেখানে মিলবেন নবীন-প্রবীণেরা। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন

শাটল ট্রেনের বিভিন্ন কামরায় দলবেঁধে চলে গান। কখনো গিটার বাজিয়ে, কখনো বা ট্রেনের বেঞ্চি বা দেয়ালে তাল ঠুকে চলে সুরের খেলা। এমন আনন্দময় ভ্রমণে বিশ্ববিদ্যালয় যাত্রার মজাই যেন আলাদা। গত সোমবার গাইতে গাইতে একদল শিক্ষার্থী যাচ্ছেন ক্যাম্পাসে। ইনসেটে শাটল ট্রেন l সৌরভ দাশ
শাটল ট্রেনের বিভিন্ন কামরায় দলবেঁধে চলে গান। কখনো গিটার বাজিয়ে, কখনো বা ট্রেনের বেঞ্চি বা দেয়ালে তাল ঠুকে চলে সুরের খেলা। এমন আনন্দময় ভ্রমণে বিশ্ববিদ্যালয় যাত্রার মজাই যেন আলাদা। গত সোমবার গাইতে গাইতে একদল শিক্ষার্থী যাচ্ছেন ক্যাম্পাসে। ইনসেটে শাটল ট্রেন l সৌরভ দাশ

রাস্তায় সিগন্যাল। দুই পাশে গাড়ির সারি। দূর থেকে একটা ট্রেন আসছে। যানজটে বিরক্তিকর বসে থাকা। কিন্তু ট্রেনটি যেই সামনে দিয়ে চলে গেল, তখন তার দিকে তাকিয়ে যেন সব বিরক্তি উধাও। অদ্ভুত ট্রেন! দুই পাশের যানজটে আটকে থাকা গাড়ির যাত্রীরা দেখল, গানের সুরে মাতোয়ারা, প্রাণের বন্যায় উচ্ছল একটি আনন্দ যান যেন পেরিয়ে গেল চোখের সামনে দিয়ে।
এই আমাদের শাটল ট্রেন। এই ট্রেনের কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এমন কোনো ছাত্রছাত্রী কোনো দিন ভুলতে পারবেন বলে মনে হয় না। বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রীর ২২ কিলোমিটার দূরের পথ অতিক্রম করে ক্যাম্পাসে পৌঁছানোর ভরসা এই শাটল ট্রেন।
কৈশোর পেরিয়ে যৌবনের প্রথম পর্বেই এই যানটির সঙ্গে পরিচয় ঘটে শিক্ষার্থীদের। শত শত নবীন তরুণ-তরুণী যখন এই একটি ট্রেনে চেপে ক্যাম্পাসে যাতায়াত করেন, তখন প্রতিদিন কত কত নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তা সহজেই অনুমেয়।
বিভিন্ন কামরায় তরুণ-তরুণীরা গান গান, কখনো গিটার বাজিয়ে, কখনো বা ট্রেনের বেঞ্চি বা দেয়ালে তাল ঠুকে। পার্থ বড়ুয়া বা এস আই টুটুলরা তো এই শাটল ট্রেনের শিল্পীই ছিলেন একসময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন নিয়ে কত কৌতূহল ও কল্পনা মানুষের মনকে সজীব করেছে, তারই বড় প্রমাণ এই ট্রেনটিকে নিয়ে গান ও কবিতা লেখা হয়েছে, নির্মাণ করা হয়েছে টিভি নাটক।
শুধু গান-কবিতা-নাটক কেন, বাস্তব জীবনেও কত নাটকীয় ঘটনা! যাত্রাপথে পরিচয়, পরিচয় থেকে প্রেম এবং সেই প্রেমে মিলন ও বিচ্ছেদের বহু ঘটনার সাক্ষী এই শাটল ট্রেন। বিরহ বা বিচ্ছেদ পর্বের কথা না হয় বাদই দিলাম, সেদিনের ট্রেনে লজ্জাবনত চোখে প্রেম নিবেদন করেছিলেন সে রকম কত তরুণ-তরুণী যে আজ সংসারজীবনে অবিচ্ছেদ্য জুটি হয়ে আছেন তা হিসাব করে বলা যাবে না। তাঁরা নিশ্চয় এখনো কোনো অবসরে দুজনে বসে সেই স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করেন। কিংবা একা নির্জনে এখনো শাটল ট্রেনের সেই ‘ঝকরঝক’ শব্দটাও শুনতে পান কেউ। আবার বিদেশে বেড়াতে গিয়ে প্রবাসী বন্ধুর সঙ্গে দেখা হলে দুজন প্রৌঢ় হয়তো এখনো স্মরণ করেন তাঁরা দুজন প্রতিদিন শাটল ট্রেনের একই কক্ষে পাশাপাশি আসনে বসতেন।
‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’—গানটির কথায় শুধু কফি হাউসের বদলে ‘শাটল ট্রেন’ শব্দটি বসিয়ে দিলে দেখা যাবে এই ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবনে সত্যিকার অর্থে এক স্মৃতিময় ভ্রমণের নাম।
তবে শাটল ট্রেনটি সম্পর্কে স্মৃতির সূত্রে যত কল্পনাবিলাসই আমাদের থাকুক, অনেক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে একে ঘিরে। ১৯৭৩ সালের ১ মার্চ চালু হয়েছিল এই ট্রেন। সেই থেকে এ পর্যন্ত দুর্ঘটনায় কত ছাত্রের প্রাণহানি ঘটেছে তার পরিসংখ্যান এ মুহূর্তে আমাদের কাছে নেই বটে, তবে এই সংখ্যা যে শতাধিক হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এ ছাড়া দুর্ঘটনায় অঙ্গহানি ঘটেছে বা চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়।
লাইনচ্যুত হওয়া, ট্রাকের সঙ্গে সংঘর্ষের কবলে পড়া—এ রকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে এই ট্রেন। এসব ঘটনা মনে না থাকার কোনো কারণ নেই। কেননা, অনেকেই হারিয়েছেন তাঁদের সহপাঠী-বন্ধু-প্রিয়জনকে। ২২ কিলোমিটারের এই পথে শুধু যে যান্ত্রিক দুর্ঘটনা ঘটেছে তা-তো নয়, কিছু উচ্ছৃঙ্খল তরুণের কারণে কত দুঃখের স্মৃতি যে জমা হয়েছে তার ইয়ত্তা নেই। অসংখ্যবার ভ্রাতৃঘাতী সংঘর্ষের সাক্ষী হতে হয়েছে যাত্রীদের।
কখনো রাজনৈতিক দ্বন্দ্বে, কখনো অন্তর্দলীয় কোন্দলে, কখনো বা নিতান্ত তুচ্ছ কথা-কাটাকাটি থেকেও পরস্পরের বিরুদ্ধে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছে একই ট্রেনের যাত্রীরা। এসব দুঃসহ স্মৃতি মনে করে কেউ যদি এই ট্রেনটিকে ‘অভিশপ্ত’ বলে অভিহিত করেন, তাহলেও তো তাঁকে দোষ দেওয়া যাবে না।
সম্প্রতি ছাত্রলীগ নেতারা শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাঁদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর এই আনন্দময় মুহূর্তে বর্তমান ছাত্রছাত্রীদের ভূপেন হাজারিকার সেই বিখ্যাত ‘আমরা যাত্রী একই তরণির, সহযাত্রী একই তরণির’—গানটি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, দেশে একটিমাত্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য শাটল ট্রেন আছে। এই বিরল সৌভাগ্যকে সারা জীবনের স্মৃতির সঞ্চয় করে রাখুন। সাময়িক উত্তেজনার বশে, ক্ষুদ্র স্বার্থের জন্য এমন সুন্দর যাত্রাটিকে বিপদসংকুল করে তুলবেন না।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র, শিক্ষক ও শিল্পীরা শাটল ট্রেনটিকে মনের রঙে রাঙিয়ে তুলছেন বলে শুনেছি। ট্রেন-পেইন্টিং সারা বিশ্বেই বিরল। এ উদ্যোগ নতুন মাত্রা যুক্ত করল। আমাদের স্মৃতিময় শাটল ট্রেন স্বপ্ন ও সম্ভাবনার পথে যাত্রা অব্যাহত রাখুক-এই কামনা।