চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মে মাসে জরুরি সিন্ডিকেট সভা করে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু ছয় মাস না যেতেই আবার সক্রিয় হয়ে উঠেছে সংগঠনগুলো। প্রায় সব বগিতে এখন সংগঠনের নানা স্লোগান। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ-সমর্থিত সংগঠনগুলোই কার্যক্রম চালাচ্ছে। প্রশাসন সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেরা বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১ মে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বগিভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ওই সময় বগি থেকে সব সংগঠনের নাম মুছে দেওয়া হয়। সেখানে লেখা হয় বগিকেন্দ্রিক রাজনীতিকে নিরুৎসাহিত করার বিভিন্ন স্লোগান। এরপর প্রায় ছয় মাস নিষ্ক্রিয় থাকে এসব সংগঠন। সম্প্রতি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আবার কার্যক্রম শুরু করেছে।ইতিমধ্যে বগিতে বগিতে দেখা যাচ্ছে দোস্ত, সিক্সটি নাইন, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স), একাকার, সাম্পান, অলওয়েজ, ককপিট, খাইট্টা খা, ওরিয়স, ফাটাফাটি, ইউরেকা, ফাইট ক্লাব, কনকর্ড প্রভৃতি সংগঠনের স্লোগান। এসব বগিভিত্তিক সংগঠনগুলোর নামের পাশাপাশি ছাত্রলীগের মনোগ্রামও আঁকা হয়েছে।বগিভিত্তিক সংগঠনগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনের বগিভিত্তিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’সূত্র জানায়, এসব বগিভিত্তিক সংগঠনগুলো নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। অবশ্য সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বগিভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। যদি ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এসব সংগঠনে যুক্ত হয়ে সংঘর্ষসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে, তাহলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত তিন বছরে বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ছোট-বড় প্রায় অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী। নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের জের ধরে এসব সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারও করে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।