শাটল ট্রেনের গানওয়ালারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাটল ট্রেনে শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে যেতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যাত্রাপথের ক্লান্তি দূর করতে তাই বগির দেয়াল চাপড়িয়ে উদ্দাম গানে মেতে ওঠেন তাঁরা।কিন্তু বগির গায়কেরা প্রতিদিন যাঁদের গান গেয়ে আসর জমান, কেমন হবে যদি তাঁরাই হাজির হন শাটল ট্রেনের গানের আসরে। অথবা এমন দৃশ্য কি কল্পনা করা যায়—‘দূরেরও আকাশে নিশ্চুপ সাক্ষী রাতের ঐ ধ্রুবতারা/ কতোটা বেসেছি ভালো/ এই মন জানে, এ হূদয় জানে...’ শাটল ট্রেনের বগি চাপড়িয়ে এই গান গাইছেন স্বয়ং এস আই টুটুল! এমনটা হয়তো ঘটবে না। তবে ট্রেনের বগির দেয়াল চাপড়িয়ে এস আই টুটুলের গান গাওয়ার দৃশ্য খুব অস্বাভাবিক ছিল না একসময়।এস আই টুটুলের মুখ থেকে শোনা যাক সে গল্প। ‘আমি শাটল ট্রেনের বগিতে গান গাইতাম। বটতলী থেকে উঠে আমরা কয়েক বন্ধু একেবারে বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ড্রাম বাজিয়ে নানা ধরনের গান করতাম। তবে সে সময় কোনো বগিভিত্তিক সংগঠন ছিল না।’ তারকাখ্যাতি পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থীর সঙ্গে কথা হচ্ছিল মুঠোফোনে। তারকা বনে যাওয়ার পরও টুটুল সেসব উচ্ছল দিনের কথা ভুলতে পারেননি। সেরা সময়টা যে শাটল ট্রেনেই ফেলে এসেছেন তিনি! স্মৃতি হাতড়ে টুটুল আরও বলেন, ‘সে সময় আমরা রেনেসাঁর “ও নদীরে/ তুই যাস কোথায়রে”, সোলসের “এই মুখরিত জীবনের চলার বাঁকে”সহ জনপ্রিয় গানগুলো বেশি গাইতাম।’ কেবল এস আই টুটুল নন, আহমেদ রাজীব, পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, চন্দন সিনহারাও শাটল ট্রেনে গান গেয়েছেন।এ প্রজন্মের বগি-গায়কেরা এখনো সেসব গানে মাতিয়ে তুলছেন শাটল ট্রেন। এঁদের কেউ কেউ বিভিন্ন ব্যান্ডদলের সঙ্গেও যুক্ত। চট্টগ্রামের তীরন্দাজ ব্যান্ডের ভোকাল বিপণনবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবুবকর শাহেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বগিতে গান গাইতাম। পরে এখান থেকে অনুপ্রাণিত হয়েই ব্যান্ড দলে গান গাওয়া শুরু করি।’মাস্টার স্ট্রোক ব্যান্ডের ড্রামার পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জানান, ‘বগিতে ড্রাম বাজিয়েই আমার হাতেখড়ি। এখন একটি ব্যান্ড দলেও ড্রাম বাজাই।’বগিশিল্পীদের অনেকে ঢাকার ব্যান্ড দলের সঙ্গেও যুক্ত হয়েছেন। তাঁদেরই একজন ঢাকার নরডিক ক্যান্ডেল ব্যান্ডের লিড গিটারিস্ট অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মীর সৈকত। তিনি বলেন, ‘বগিতে গান গেয়েই গানের প্রতি আসক্ত হয়ে পড়ি। তবে ব্যস্ততার কারণে আর আগের মতো বগিতে গাওয়া হয় না।’ শাটল ট্রেনের বগিশিল্পীদের গান উপভোগ করেন ট্রেনের যাত্রী সাধারণ শিক্ষার্থীরাও। ‘গান শুনতে শুনতে কখন যে গন্তব্যে পৌঁছি যাই বুঝতেই পারি না। গত চার বছর শাটল ট্রেনে সময় কেটেছে বগির গান শুনেই।’ বললেন, নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবব্রত সরকার।