শাটল ট্রেনের প্রতিটি বগিতে বসার আসন রয়েছে সর্বোচ্চ ৮০ জনের। কিন্তু প্রতিদিন যাতায়াত করেন কমপক্ষে ২০০ শিক্ষার্থী। সবচেয়ে বেশি ভিড় হয় শহরগামী দুপুর দেড়টা ও আড়াইটার ট্রেনে। এ সময় বগির ভেতর তিল ধারণের জায়গা থাকে না। জায়গা না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে যাতায়াত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। শাটল ট্রেনে আসন না পেয়ে বাধ্য হয়ে সড়কপথে আসা-যাওয়া করছেন তাঁরা। কিন্তু এ পথেও স্বস্তি নেই। ৪০-৫০ মিনিটের পথ পাড়ি দিতে লাগে দেড় দুই ঘণ্টা। এ ছাড়া মাঝেমধ্যে তরী (বেসরকারি পরিবহনব্যবস্থা) পরিবহনের চালক ও সহকারীদের দুর্ব্যবহারের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন অনেক। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ নিরসনের জন্য চেষ্টা করছি।’ জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আবাসন সুবিধা পান মাত্র সাড়ে চার হাজার। ব্যক্তি মালিকানাধীন কটেজে বাস করে আরও তিন-চার হাজার। অন্য ১১ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে নগরে অবস্থান করেন। এসব শিক্ষার্থীর যাতায়াতের প্রধান মাধ্যম দুটি শাটল ট্রেনের ১৮টি বগি ও তরী পরিবহনের বাসগুলো। চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশন মাস্টার জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি বগিতে সর্বোচ্চ ৮০ জনের বসার আসন থাকলেও যাতায়াত করেন কমপক্ষে ২০০। আসনসংকটের কারণে যাতায়াতে সমস্যা আছে।’সরেজমিনে দেখা গেছে, শাটল ট্রেনে সবচেয়ে বেশি ভিড় হয় শহরগামী দুপুর দেড়টা ও আড়াইটার ট্রেনে। তখন হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে অল্পসংখ্যকই ট্রেনে বসতে পারে। তাই বাধ্য হয়ে অন্যদের দাঁড়িয়ে থাকতে হয়, কেউ কেউ বসেন দরজার পাদানিতে। বগির ভেতরে বসার সুযোগ না পেয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেই উঠে পড়েন। তবে বসার সুযোগ পাওয়া শিক্ষার্থীরাও স্বস্তিতে যাতায়াত করতে পারেন না। কারণ দুজনের আসনে চাপাচাপি করে বসতে হয় তিনজনকে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র বারেক কায়সার ও আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তীব্র ভিড়ের কারণে শাটল ট্রেনে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু পড়াশোনা তো আর বন্ধ করা যাবে না, তাই বাধ্য হয়ে দুর্ভোগ সঙ্গে নিয়ে চলতে হয়।’ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রানা আব্বাস ও হেদায়েত উল্লাহ বলেন, ‘শাটলে আসন না পেয়ে বাধ্য হয়ে তরীতে আসা-যাওয়া করতে হয়। কিন্তু এটা (তরী) দুর্ভোগের আরেক নাম। মাত্র ৪৫ মিনিটের পথ আসা-যাওয়া করতে হয় দুই ঘণ্টায়। এজন্য অনেক সময় গুরুত্বপূর্ণ ক্লাস মিস করি। এমনকি পরীক্ষার হলে ঢুকতেও দেরি হয়ে যায়।’তাঁরা আরও বলেন, তরী পরিবহনের অনেক গাড়ি লক্কড়ঝক্কড় মার্কা, চলে থেমে থেমে। দ্রুত চালাতে বললে চালক-সহকারীরা খারাপ ব্যবহার করেন, তাঁদের সঙ্গে বাগবিতণ্ডা এমনকি অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে।