শাটল যুগ শেষে নাসা
আটলান্টিস ২০ জুলাই পরিকল্পনামতো ফিরে এলে ইতি ঘটবে নাসার তিন দশকের শাটলভিত্তিক মহাকাশ অভিযানের। এই শাটল জিনিসটা আসলেই যেন এক শংকর যন্ত্র। কিছুটা বিমান, কিছুটা রকেট আর কিছুটা টাকা বানানোর কল! শুধু নভোচারী নয়, প্রকৌশলী থেকে শুরু করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে একেকটি শাটলকে কেন্দ্র করে। ২০ জুলাই যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মহাকাশ গবেষণা কেন্দ্র আর কারখানাগুলো থেকে ঘরে যাবেন হাজারো কর্মকর্তা-কর্মচারী। হিউস্টনের আর এত ফ্লাইট কন্ট্রোলার লাগবে না। কেপ ক্যানাভেরালের আর দরকার নেই এত এত প্যাড টেকনিশিয়ান। যেসব কারখানা শাটলের যন্ত্রাংশ তৈরি করত, তারা ইতিমধ্যে ওই অংশের কাজ বন্ধ করে দিয়েছে। তবে বছরে যে ৩০০ কোটি ডলার ব্যয় করত, তা এই সংস্থারই অন্য কর্মসূচিতে ব্যয় করা হবে এখন থেকে। কাজেই কর্মসংস্থান ঠিক বন্ধ হয়ে যাচ্ছে তা বলা যাবে না, চাকরি অন্যত্র চলে যাচ্ছে মাত্র। কিন্তু সবাই বলছেন, শাটল কর্মসূচির কেন্দ্রবিন্দু টেক্সাস, ফ্লোরিডা ও লুইজিয়ানার সেই শহর-গ্রামগুলোর মানুষের যে ক্ষতি আর হারানোর অনুভূতি, তা এই আশ্বাসে লাঘব হওয়ার নয়। তিনটি কেন্দ্র মিলিয়ে চাকরি কমছে ১০ হাজার ৩০০। মহাকাশ কর্মসূচি ছিল স্থানীয় পর্যটনশিল্পের একটি বড় অবলম্বন। অন্তত আপাতত তার শূন্যস্থান পূরণ হচ্ছে না।