শাটলের ক্যাম্পাসে আবেগের সমাবর্তন

শাটলের স্টেশন চত্বর থেকে শুরু করে লাইব্রেরি চত্বর, আড্ডার জারুলতলা, কলা অনুষদের ঝুপড়ি, হতাশার মোড় হয়ে বোটানিক্যাল গার্ডেন—সর্বত্র কালো গাউন পরা একদল লোকের এলোমেলো ঘোরাঘুরি। প্রিয় পাহাড়ি ক্যাম্পাসের আনাচকানাচে স্মৃতি খুঁজে ফিরছেন তাঁরা।
এ দৃশ্য দেখা গেল গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে। স্মৃতিময় অতীত খুঁজে ফিরছিলেন সমাবর্তনে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা। দিনভর এক সময়ের নিত্যসঙ্গী, বর্তমানে ‘না-দেখা বন্ধু’দের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান তাঁরা।
অবশ্য সমাবর্তনের উৎসব শুরু হয় এক দিন আগেই। ৩০ জানুয়ারি সকালেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দলে দলে ক্যাম্পাসে আসতে শুরু করেন। বেশির ভাগই আসেন আবেগের শাটল ট্রেনে চড়ে, কেউবা দুর্ভোগের ছোট মিনিবাস ‘তরী’তে করে।
শাটলে চড়ে আবেগে ভেসে যাচ্ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৪-০৫ ব্যাচের শিক্ষার্থী নাসিমুল আহসান। তিনি বলেন, ‘আহ্! সেসব কী দিনই না ছিল! শাটলের বগিতে ট্রেনের দেয়াল চাপড়িয়ে বেসুরো গলায় ছন্দময় সেই কোরাস গান কোথায় হারাল? বাস্তবতা আজ আমাদের ছন্দহীন করে দিয়েছে।’
ক্যাম্পাসে এসেই ছবি তোলা শুরু করেন প্রাক্তনীরা। অনেকে শাটলেই সেলফি তুলে তা আপলোড করে দেন ফেসবুকে। এদিনের আনুষ্ঠানিকতার মধ্যে ছিল কনভোক-কার্ড জমা দিয়ে গাউন ও আমন্ত্রণপত্র সংগ্রহ করা। এরপরই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েন সমাবর্তনীরা।
৩১ জানুয়ারি শুরু হয় সমাবর্তনের মূল অনুষ্ঠান। এদিন সকালে কনভোক-কার্ড দেখিয়ে আইন অনুষদের নির্দিষ্ট বুথ থেকে খাবার সংগ্রহ করেন প্রাক্তনীরা। এরপর শুরু হয় গাউনের ওপর টুপি পরে ফটোসেশন। টুপি উড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। ফাঁকে ফাঁকে চলে পুরোনো বন্ধুদের খোঁজখবর।
আইন অনুষদের টিলার সিঁড়ি দিয়ে নামতেই এক প্রাক্তন শিক্ষার্থী আরেকজনকে জিজ্ঞেস করছেন, ‘আপনাকে চেনাচেনা মনে হচ্ছে। আপনি কি ইতিহাসের ১৯৯৮-৯৯ ব্যাচের তমাল?’ দুকান-বিস্তৃত হাসি দিয়ে ‘হ্যাঁ’সূচক মাথা নেড়ে তমাল বলে উঠলেন, ‘আরে পুলক না? আয় বন্ধু, বুকে আয়।’ সঙ্গে স্ত্রীসহ দুটি করে বাচ্চা নিয়ে এসেছেন তাঁরা।
ছবি তোলা শেষ করে বেলা একটার দিকে সমাবর্তন-তাঁবুতে ঢুকে পড়েন সবাই। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ আসার পর জাতীয় সংগীত বাজিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর বিভিন্ন অনুষদের ডিন সমাবর্তনীদের রাষ্ট্রপতির সামনে উপস্থাপন করেন। রাষ্ট্রপতি তাঁদের ‘গ্র্যাজুয়েট’ বলে ঘোষণা করেন। স্বীকৃতি দেওয়া হয় পিএইচডি ও এমফিল গবেষক এবং পোস্ট গ্র্যাজুয়েটদেরও।
রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের ওপর যে দায়িত্ব অর্পিত হলো, তা যথাযথভাবে পালন করে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। জাতীয় সংগীত বাজিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হয়। সমাবর্তনে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৪–০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুজন ঘোষ বলেন, ‘চার বছর হলো ক্যাম্পাস ছেড়েছি। খুব বেশিদিন হয়নি। তারপরেও ক্যাম্পাসে এসে আবেগে ভেসে যাচ্ছি। সদ্য পরিচয় হওয়া নতুন শিক্ষার্থীদের ছেড়ে যেতে মন চাইছে না।’
ফেরার পালায় বিদায়ের বিষাদে ছেয়ে যায় সবার মন। চলে শেষ সময়ের গলাগলি-কোলাকুলি। মুঠোফোন নম্বর, ফেসবুক আইডি দেওয়া-নেওয়া। বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও চলে পরিচয় ও বিদায় পর্ব।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী দিল আরা লিনা এসেছেন স্বামীসহ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে অনেক ফাঁকিবাজি করেছি। কিন্তু এ দুদিন কোনো ফাঁকি দিইনি। সব বন্ধু, ছোট-বড় ভাইদের সময় দিয়েছি। এখন বিদায়বেলায় বুকটা ভেঙে যাচ্ছে।’