শাড়িতে উৎসব


ঈদের শাড়িতে সঙ্গে থাকা চাই আভিজাত্য ও নতুনত্বের ছোঁয়া। এখন পাথর, চুমকি, লেস বসানো জাঁকজমক শাড়ির চলটা কম। মসলিন, বেনারসি, ঢাকাই জামদানি এবং কাতান শাড়িই থাকছে ক্রেতাদের প্রথম পছন্দে। ঈদ সামনে রেখে ঐতিহ্যবাহী এই শাড়িগুলোর উপকরণ, রং এবং নকশায় যোগ হয়েছে বৈচিত্র্য।

শাড়ির আঁচল ও কুঁচিতে এবার আসছে পরিবর্তন, এমনটাই জানালেন টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মনিরা ইমদাদ। শাড়িটা কাতান বা অ্যান্ডি সিল্কের হলে আঁচল বা কুঁচিতে ব্যবহার করা হচ্ছে মসলিন। ১২ হাত শাড়িতেই আঁচলের নকশাটাকে ছোট রেখে তাতে ফুটিয়ে তোলা হয়েছে জমকালো কাজ। মনিরা ইমদাদ বললেন, ‘যাঁরা সব সময় শাড়ি পরতে অভ্যস্ত নন, তাঁরাও ঈদের দিন স্বচ্ছন্দে পরতে পারেন আঁচল ছোট এমন নকশার শাড়ি।’ বৈচিত্র্য থাকছে কুঁচির নকশাতেও। কুঁচিতে ছাপা নকশা তো থাকছেই, এ ছাড়া দুইরঙা শাড়ির পাড়ের ওপর থেকে কুঁচির সামনে দিকের অর্ধেক পর্যন্ত বুনটে থাকছে লতাপাড়ের নকশা। চল্লিশের দশকে কাতান শাড়িতে যে গুটির নকশার প্রচলন ছিল, সেটাই এবার খাঁটি সিল্কে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আচঁল ছোট এমন নকশার শাড়িগুলোর দাম পড়বে চার হাজার টাকা। খাঁটি সিল্কের ওপর গুটি নকশার শাড়িগুলো পাবেন ২০ হাজার টাকায়।
ঢাকার মিরপুরের বেনারসি পল্লির দোকানগুলো ঘুরে দেখা গেল শাড়ির রঙে প্রাধান্য পেয়েছে গাঢ় নীল, সবুজ, মেরুন, গোলাপি ইত্যাদি। কসমস, ফুলকলি, বালুচরি, কাঞ্জিভরমসহ আরও বৈচিত্র্যময় নকশার কাতান এবং বেনারসি শাড়ির সমাহার এখানে। এসব শাড়ির বুননে থাকছে কলকি, ফুল আর বরফি নকশার জমকালো কাজ। কোনো কোনো শাড়িতে তিন রঙের ব্যবহারে থাকছে মিনার কাজ, চওড়া জরি পাড়ের নকশা।
বেনারসি পল্লিতে সপরিবারে কেনাকাটা করতে আসা সাবিহা আক্তার জানালেন, তাঁতিদের হাতে তৈরি হওয়ার কারণে এখানকার শাড়ির মানটা অনেক ভালো হয়। এ ছাড়া শাড়ির দামটাও হাতের নাগালের মধ্যে থাকে। এখানকার হানিফ সিল্ক হাউসের পরিচালক মোহাম্মদ হানিফ বললেন, কাতান জর্জেট নামে নতুন এক ধরনের শাড়ি থাকছে তাঁদের ঈদ আয়োজনে। টানিতে (লম্বা সুতার বুননে) রেশম সুতা এবং বুনোটে জর্জেট সুতার ব্যবহারে তৈরি করা এই কাতান জর্জেট শাড়িগুলোর দাম পড়বে সাত হাজার ২০০ টাকা। এ ছাড়া অন্যান্য শাড়ির দাম নির্ভর করবে নকশা ও বুননের ওপর। তবে দুই হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যেই আপনি এখানে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের শাড়িটি।
ঈদে যাঁরা ফিউশনধর্মী শাড়ি পরতে পছন্দ করেন, তাঁদের জন্য আড়ংয়ে থাকছে একই শাড়িতে নকশিকাঁথা এবং অ্যাপ্লিকের কাজ, এমনটাই জানালেন আড়ংয়ের গুলশান শাখার ব্যবস্থাপক তাহমিদুল ইসলাম। তিনি জানান, গরমের কারণে এবার হালকা রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাদা, ঘিয়া রঙের রাজশাহী এবং অ্যান্ডি সিল্কের জমিনে থাকছে ফুলের নকশার অ্যাপ্লিক, আঁচলে নকশিকাঁথার কাজ। পাড়ে কনট্রাস্ট কাপড়ের পাইপিং আর সুতার বুননে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আমেজ। এ ছাড়া থাকছে ভরাট কাজের নকশিকাঁথার ওপর চুমকির নকশার পাড়। গুলশান শাখার বিক্রয়কর্মী তনয়া ইসলাম জানান, এবার আড়ংয়ের জামদানিতেও থাকছে বৈচিত্র্য। হাফসিল্কে জামদানিতে বসানো হয়েছে জমকালো পাথর বসানো পাড়। চিকন সুতার বুননে নানা নকশা ফুটিয়ে তোলা হয়েছে শাড়ির জমিনে। এখানে ১৪ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন অ্যাপ্লিক এবং নকশিকাঁথার নকশার শাড়িগুলো। আর জামদানির দামটা শুরু ৩০ হাজার টাকা থেকে।
তবে যাঁদের বাজেট কিছুটা কম, তাঁরা চলে যেতে পারেন ধানমন্ডি এবং ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে। একটু যাচাই-বাছাই আর দামদর করে আপনার বাজেটের মধ্যে এখান থেকে কিনতে পারেন ঈদের শাড়ি।
