শাড়িতেই যেন জীবনগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়িতে নারীর গল্প জানতে যেতে পারেন এই প্রদর্শনীতে। ছবি: সংগ্রহ
শাড়িতে নারীর গল্প জানতে যেতে পারেন এই প্রদর্শনীতে। ছবি: সংগ্রহ

প্রাকৃতিক দুর্যোগ আর নানা প্রতিকূলতার সঙ্গে তাঁদের লড়াই চলে নিত্যদিন। বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবে তাঁদের জীবনযাত্রা ক্রমাগত স্থবির হয়ে যাচ্ছে। তবু লড়াই থামে না। তাঁদের পরিশ্রমে সেই স্থবির জীবন ফিরে পায় ছন্দ। পটুয়াখালীর কাটাখালী দ্বীপের এসব মানুষের মধ্য থেকে ১২ জন নারীকে নিয়ে কাজ শুরু করেন মনিকা জাহান বোস। তাঁর উদ্যোগে ঢাকার কেনেডি সেন্টারের আয়োজনে ‘শাড়ির মাঝে গল্পগাথা’ শীর্ষক এক প্রদর্শনীর শুরু হয়েছে ১৯ জুলাই থেকে। এ প্রদর্শনী চলছে ধানমন্ডির ই এম কে সেন্টারে।
প্রদর্শনীতে আছে সেই ১২ জন নারীর নকশা করা শাড়ি। শাড়িগুলোয় ছাপচিত্র নকশার পাশাপাশি তাঁরা নিজেরা লিখেছেন তাঁদের জীবনসংগ্রামের গল্প। লাল, কালো বিভিন্ন রঙের সুতি শাড়িতে তাঁরা করেছেন ফুলেল নকশা। শাড়িতে আছে তাঁদের নাম, কেউ আবার শাড়িতেই জানিয়েছেন দেশের প্রতি ভালোবাসার কথা।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, এ প্রদর্শনীতে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে ক্রমাগত লড়াই করে চলা নারীদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। আর এটি যেন ভিন্ন সংস্কৃতির মধ্যে এক মেলবন্ধন।
উদ্যোক্তা, শিল্পী ও আইনজীবী মনিকা জাহান বোস ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞানী সলিমুল হক, শিল্পসমালোচক মঈনুদ্দীন খালেদ প্রমুখ। শাড়িগুলোর নকশা যাঁদের হাতে তৈরি, সেই ১২ জন নারীর প্রতিনিধিত্ব করতে অনুষ্ঠানে ছিলেন—রোকসানা ও খুকু রানী।
মনিকা জাহান বলেন, ‘পরিবেশ বিপর্যয় এবং মানবাধিকার—এই দুই দিক নিয়েই কাজ করেছি। আর এ প্রদর্শনীতে সম্মিলন ঘটেছে দুটিরই।’
প্রদর্শনীতে শাড়িকে পর্দা (স্ক্রিন) হিসেবে ব্যবহার করে এর ওপরেই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। শাড়িগুলো নকশা করার সময় তথ্যচিত্রটি ধারণ করা হয়েছিল। এর আগে বাংলাদেশের গ্রামাঞ্চলের নারীদের ব্যবহৃত শাড়ি দিয়ে ২১৬ ফুট লম্বা এক বিশাল শাড়ি বানিয়ে ব্রুকলিনের রাস্তায় প্রদর্শনীর আয়োজন করেছিলেন মনিকা জাহান।
প্রদর্শনীটি চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। তবে ঈদের ছুটিতে বন্ধ থাকবে।