
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হাসিবুল হোসাইন শান্ত৷ খুব ভোরে ঘুম থেকে ওঠেন৷ পছন্দ করেন জিনস টি-শার্ট, শার্ট ও পাঞ্জাবি৷ প্রিয় যান তাঁর বাইক৷ আজ থাকছে তাঁর স্টাইল৷
নামের সঙ্গে নাকি বর্তমান জীবনযাপন মিলে গেছে শান্তর। গোছানো পরিপাটি জীবনটা তাঁর শান্তিময়। একটা সময় কি এমন ছিল? প্রশ্ন রাখি হাসিবুল হোসাইন শান্তর কাছে। প্রশ্ন শুনে হাসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের দ্রুতগতির বোলার। উত্তর দিতে গিয়ে ভাবেন খানিকটা। মনের টাইম মেশিনে করে একটু পেছনে চলে যান। ‘না, একটা সময় তো উরাধুরা জীবন ছিল। যখন যা মনে চাইত, তা-ই করতাম। আর রাগটাও ছিল বেশি।’
আর এখন? এবার বোলিংয়ের সেই গতি ফিরে আসে যেন। বলেন, ‘এখন ধীরস্থির। সহজে রেগে যাই না৷ রাগ হলেও দ্রুত ঠান্ডা হয়ে যায়। আসলে সারা দিন এত ব্যস্ত থাকি, রাগ করার সময় পাই না।’

গাড়ি চালাতে চালাতে কথা বলছিলেন তিনি। মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে উত্তরা যেতে যেতে জানান বর্তমান জীবনযাপনের গল্প। উত্তরায় তাঁর নতুন কর্মস্থল। খেলা ছেড়ে শান্ত এখন পুরোদস্তুর ব্যবসায়ী৷ তিন বন্ধুর সঙ্গে মাছ চাষ ও মাছের বিপণন করছেন। ক্রিকেট ছেড়ে ব্যবসায়ী বনে যাওয়া হাসিবুল হোসাইনের জীবনযাপন তাই খানিকটা অন্য রকম।
শান্তর দিনের শুরু হয় ভোর চারটা থেকে পাঁচটার মধ্যেই। মুখ ধুয়ে বেরিয়ে পড়েন কাজে। কাজ বলতে পুকুর তদারকি। সেখানে মাছের খাবার দেওয়া, মাছ বিক্রির ব্যবস্থা করা এবং কর্মীদের মাধ্যমে সেগুলো বাজারে পাঠানোই মূল কাজ। সকালের নাশতা বাইরেই সারতে হয়৷ প্রায় দিন দুপুরের খাবারও বাইরে খেতে হয়। সুযোগ হলে দুপুরে বাসায় ফিরে খানিকটা ঘুমিয়ে নেন। বিকেলে আবারও বের হতে হয়। উত্তরায় তাঁদের মাছ বিক্রির দোকান আছে। সেখানেও থাকতে হয় দিনের কিছুটা সময়।
বাইরে বের হওয়ার সময় তাঁর প্রিয় বাহন মোটরবাইক। সম্প্রতি ইয়ামাহার নতুন বাইক কিনেছেন। যানজটকে সহজেই ফাঁকি দিয়ে দিব্যি ঢাকা শহর দাপিয়ে বেড়ান শান্ত। মাঝেমধ্যে চালকের আসনে বসে গাড়ি নিয়েও বের হন।
পোশাক-আশাকের ব্যাপারে খানিকটা উদাসীন—নিজেই এ তথ্য দিলেন। তবে যা-ই পরেন, মানিয়ে যায় এমন তকমা লেগে গেছে তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘এখন অতটা বাছবিচার নেই। যা পরতে ভালো লাগে, তা-ই পরি। তবে সেটা আরামদায়ক হতে হবে।’ পছন্দের পোশাকের তালিকায় রয়েছে জিনস, টি-শাট ও শার্ট। পছন্দের ব্র্যান্ডের দিক থেকে তাঁর কাছে এগিয়ে আছে লিভাইস, ক্যাটস আই, ইয়েলো ও ফিট এলিগেন্স। কেনাকাটা সারেন উত্তরার বিভিন্ন শপিংমল ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। জুতার মধ্যে মোকাসিন ও কেডস বেশি পছন্দ। জুতার ব্র্যান্ডের তালিকা দখল করেছে নাইকি ও হাশ পাপিস। নিজের কেনাকাটা নিজেই করেন।
অনুষ্ঠানে গেলে অবশ্যই ফরমাল পোশাক বা স্যুট পরেন। বিভিন্ন উৎসব বা বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবিই তাঁর প্রিয়।
খাবারদাবারের মধ্যে পছন্দ করেন ভারতীয় খাবার আর স্ত্রীর হাতের রান্না। পরিবার নিয়ে প্রায়ই খেতে যান বনানীর একটি পছন্দের রেস্তোরাঁয়। অবসর কাটে সিনেমা দেখে আর ঘোরাঘুরি করে। তবে দিনের নির্দিষ্ট একটা সময় কাটে মেয়ে ফাবিয়ার সঙ্গে।
