শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল প্রদর্শনী
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একদল শিক্ষার্থীর ডিজাইন পোর্টফোলিও ও গ্রাফিকস ডিজাইন সংক্রান্ত কাজের চূড়ান্ত প্রদর্শনীর উদ্বোধন হলো গত ২০ আগস্ট। ভার্চ্যুয়াল এই প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া (জিডিএম) বিভাগের ২৯ ও ৩০ তম ব্যাচের শিক্ষার্থীদের করা শিল্পকর্মগুলো শোভা পাচ্ছে।
চিত্রকলা গ্যালারির ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, চিত্রশিল্পী মোস্তাফিজুল হক। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুন্নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অভিনেতা আফজাল হোসেন, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন এবং এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থপতি হোসনে আরা রহমান এবং ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজের ডিন মুহাম্মদ আবদুল হালিম শেখ ও জিডিএমের বিভাগীয় প্রধান শেখ শাহাবুদ্দিন আহম্মেদসহ আরও অনেকে যুক্ত হন।
শিক্ষার্থীদের যে শিল্পকর্মগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে, তার মধ্যে রয়েছে ছবি, হরফশিল্প, পোস্টার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, পত্রিকার ডিজাইন, করপোরেট আইডেনটিটি ডিজাইন, অলংকরণ, পত্রিকা বা টেলিভিশনের বিজ্ঞাপন, লোগোর নকশা ও ভিডিও, থ্রিডি ও মোশন গ্রাফিকসের কাজ, ইত্যাদি।
মোট ৩৪ জন শিক্ষার্থী এই ভার্চুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চিত্রকলা গ্যালারির ওয়েবসাইটে দর্শকেরা প্রদর্শনীটি দেখতে পাবেন।