শান্তি ফিরছে বাস্ক অঞ্চলে
বিলবাওয়ের দেয়ালে দেয়ালে এখন আর বাস্ক বিচ্ছিন্নতাবাদের পক্ষে স্লোগান চোখে পড়ে না। সরকারের হাতে বন্দী বাস্ক নেতাদের মুক্তির দাবি জানিয়ে দেয়ালে তাঁদের ছবিও সাঁটানো হয় না। সম্প্রতি এক সকালে দেখা গেল, গুগেনহাইম জাদুঘরের পাশের নদীতীরে ঝলমলে রোদ উপভোগ করতে সপরিবারে লোকজন বেড়াতে বেরিয়েছে। স্বাস্থ্যসচেতন জগার আর পর্যটকের ভিড়েও এলাকাটা প্রাণবন্ত। এ রকম আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলছে, যা থেকে মনে হচ্ছে স্পেনের বাস্ক অঞ্চলে চার দশকের বেশি সময় চলা সংঘাতের সত্যিই হয়তো অবসান ঘটতে চলেছে।গত বছরের জানুয়ারিতে সরকারের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে একতরফাভাবেই স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেয় বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন ইটিএ। ঘটনাটি তখন নজর কাড়লেও এটি ইটিএর নতুন কৌশল কি না, সে প্রশ্নও উঠেছিল। তবে সেই থেকে এ পর্যন্ত শান্তিভঙ্গের ঘটনা ঘটেনি। গত ১৯ মাসে ইটিএর হাতে কোনো মানুষ নিহত হওয়ার অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির সর্বশেষ অভিযোগ পাওয়া গেছে প্রায় চার মাস আগে। এগুলোর সবই আগেও ঘটেছে। তবে এবারের সঙ্গে তফাতটা হচ্ছে, ইটিএর রাজনৈতিক শাখা এ মর্মে ঘোষণা দিয়েছে যে তারা সহিংসতা পরিত্যাগ করবে, আর ভবিষ্যতে তাদের কেউ সহিংসতায় লিপ্ত হলে তার নিন্দা জানাবে। সব মিলিয়ে ইটিএর শক্ত ঘাঁটি বলে পরিচিত বিলবাও অঞ্চলের পরিবেশ একটা ইতিবাচক ছবিই তুলে ধরছে।সশস্ত্র সংগঠন ইটিএ স্পেনের উত্তরাঞ্চলে বাস্ক জাতিগোষ্ঠীর মানুষের জন্য স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৫৯ সালে ইটিএ গঠন করা হয়। ১৯৬৮ সালের পর থেকে ইটিএর হামলায় ৮০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।ইউরোপের বাস্ক জনগোষ্ঠীর আবাসভূমিকে ঐতিহ্যগতভাবে বলা হয় ‘বাস্ক কান্ট্রি’। মূলত স্পেনের মধ্য-উত্তরাঞ্চল এবং তার ঠিক লাগোয়া ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর অবস্থান। ইটিএর রাজনৈতিক শাখা বাতাসুনার সাবেক নেতা রুফিনো ইতেক্সেবেরিয়া বলেন, ‘গণতান্ত্রিক ও রাজনৈতিক পথে এগিয়ে যাওয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন আর পেছনে ফিরে যাওয়ার অবকাশ নেই।’২০০৩ সালে স্পেনের সর্বোচ্চ আদালত বাতাসুনাকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর ইটিএ সরতু নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। ইতেক্সেবেরিয়া বলেন, ‘আমরা আর মনে করি না যে স্বাধীনতা অর্জনের কৌশলের সঙ্গে সশস্ত্র সংগ্রামের বিষয়টি সংগতিপূর্ণ হবে।’ইটিএর সংগ্রামে ‘যুদ্ধংদেহী’ ভাবমূর্তির জন্য সুপরিচিত নেতার মুখে একেবারে উল্টো সুর এখন। তিনি মনে করেন, আদালত যদি ইটিএর নতুন রাজনৈতিক শাখা সরতুকে নিবন্ধন না-ও দেয়, তা হলে আর পুরোনো পথে ফিরে যাবে না স্বাধীনতাকামী বাস্করা। যদিও এর আগে ২০০৬ সালে আরও একবার ‘স্থায়ী’ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও এক বছরের মধ্যেই তা থেকে সরে গিয়েছিল তারা।অনেকের মধ্যে অবশ্য ইটিএর কথাবার্তা নিয়ে কিছু সংশয় আছে। তাদের প্রশ্ন: ইটিএর রাজনৈতিক শাখা সরতুর নেতারা ভবিষ্যতে আর সহিংসতা না করার অঙ্গীকার করলেও তাঁরা কেন ইটিএকে ভেঙে দেওয়া বা তাঁদের নিরস্ত্র করার কথা বলছেন না? সম্পূর্ণ বাস্ক ভাষায় প্রকাশিত একমাত্র সংবাদপত্র বেরিয়ার সম্পাদক মার্ক্সেলো ওতামেনদি বলেন, ‘আমি মনে করি, ইটিএকে বিলুপ্ত করতে তাদের রাজনৈতিক শাখা কাজ করে যাচ্ছে।’ তবে তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, এটা রাতারাতি সম্ভব নয়।বিশ্লেষকদের মতে, সরকারের সঙ্গে ইটিএর নতুন কোনো আনুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা ২০০৬ সালেই শেষ হয়ে গেছে। ওই সময় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও মাদ্রিদ বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটায় বাস্ক বিচ্ছিন্নতাবাদীরা। তখন সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া রুফিনো ইতেক্সেবেরিয়া বলেন, বাস্করা কৌশলগত ভুল করেছিল। সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য ছাড় আদায়ের পরও তারা সম্ভাব্য সর্বোচ্চ প্রাপ্তির নীতিতে অনড় থাকলে আলোচনা ভেঙে যায়।ইটিএর জানুয়ারির যুদ্ধবিরতির ঘোষণার ব্যাপারে ওপরে সংযত প্রতিক্রিয়া দেখিয়ে এলেও স্পেন সরকার বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে এর কিছু ইঙ্গিতও মিলেছে। কম বিপদগ্রস্ত ব্যক্তিদের দেহরক্ষী-সুবিধা সরকার প্রত্যাহার করেছে। ইটিএর হুমকিতে একসময় বাস্ক অঞ্চল ছেড়ে পালানো লোকজনকে ফিরে আসতেও উৎসাহিত করা হচ্ছে।