২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন। কবিগুরুর এই জন্মদিন এবার উদ্যাপিত হচ্ছে বিশ্বজুড়ে। আর এর আয়োজন করছে ইউনেসকো। ভারতে বছর ধরে চলবে নানা কর্মসূচি। ভারতে কেন্দ্রীয়ভাবে কবিগুরুর জন্মবর্ষ পালনের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে গড়া হয়েছে ৩৫ সদস্যের একটি কমিটি। বাংলাদেশ-ভারত যৌথভাবেও এই সার্ধশত বর্ষ উদ্যাপনের উদ্যোগ নিয়েছে। আর এই দিনটিকে ঘিরে রবীন্দ্রস্মৃতি-বিজড়িত শান্তিনিকেতনের রবীন্দ্র জাদুঘর সাজছে নতুন রূপে। চলছে রবীন্দ্র জাদুঘর সাজানোর কাজ। আর এবারই প্রথম এই রবীন্দ্র জাদুঘরে ঠাঁই পেতে চলেছে ‘বাংলাদেশ’। জাদুঘরের একাংশে তৈরি করা হচ্ছে বাংলাদেশ গ্যালারি। কবিগুরুর জীবনের একটা অধ্যায় কেটেছে বাংলাদেশে। সেই সব স্মৃতি নিয়েই এই বাংলাদেশ গ্যালারি। গ্যালারি সাজানোর দায়িত্ব নিয়েছেন এই জাদুঘরের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।‘শিলাইদহ, পতিসর আর শাহজাদপুর—এসব জায়গায় কেটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের দিনগুলো। ওখানে থাকার সময় রবীন্দ্রনাথ দেখভাল করতেন তাঁদের জমিদারি। সঙ্গে তাঁর সহধর্মিণী মৃণালিনী দেবীসহ সন্তানেরাও ছিলেন। একসময় সেখানেই তাঁর সন্তানদের পড়াশোনার জন্য রবীন্দ্রনাথ নিজ গৃহে চালু করেছিলেন পাঠশালা। আর এই বাংলাদেশে অবস্থানকালেই রবীন্দ্রনাথ দুপুরের সৌন্দর্য নতুনভাবে আবিষ্কার করেছিলেন। রবীন্দ্রনাথ ঘুরতেন বোটে চড়ে। পদ্মায় বহুবার নৌবিহার করেছেন তিনি। বহু কবিতা, বহু গান তিনি লিখেছেন সেই সময়ে। এ সব স্মৃতি সংগ্রহ করে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ গ্যালারি।’ জানালেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।নীলাঞ্জন মনে করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বিরাট একটা প্রভাব ফেলেছিল বাংলাদেশ। তাই তো তাঁর লেখায় বারবার উঠে এসেছে বাংলাদেশের কথা। সেই শাহজাদপুরে কবিগুরু লিখেছিলেন, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ আর ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’র মতো শিশুপাঠ্য কবিতাও। আজও সেই সব স্মৃতি যেন জীবন্ত হয়ে রয়েছে বাংলাদেশে। বললেন, গভীরভাবে ভালোবেসেছিলেন কবিগুরু বাংলাদেশের মাটিকে। কিন্তু বড় মেয়ে মাধুরীলতা বেলার বিয়ের জন্য তিনি যে কলকাতায় এলেন, তারপর আর খুব বেশি যাওয়া হয়নি কবিগুরুর। আরও বললেন, ‘একবার তো কবিগুরু লন্ডনে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন। তখন হাওয়া বদলের জন্য ছুটে গিয়েছিলেন বাংলাদেশে। আমরা চাইছি কবিগুরুর এসব স্মৃতি যেন বাংলাদেশ গ্যালারিতে ধরা দেয়।’নীলাঞ্জন আরও বললেন, এই বাংলাদেশ গ্যালারিকে আরও সমৃদ্ধ করার জন্য বিশ্বভারতী বাংলাদেশের সহায়তা চেয়েছে। তারা চেয়েছে শিলাইদহের কুঠিবাড়ি বা যে বজরায় চড়ে কবিগুরু পদ্মায় ঘুরে বেড়াতেন, সেই বোটের একটি রেপ্লিকা। এ নিয়ে বিশ্বভারতী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠিও লিখেছে। রবীন্দ্রনাথের সেই বোটের একটি রেপ্লিকা উপহার হিসেবে দেওয়ার কথাও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিশ্বভারতীকে। শুধু তা-ই নয়, রবীন্দ্রনাথের বাংলাদেশে অবস্থানের সময়ের বেশ কিছু স্মৃতিবাহী ছবিসহ বিভিন্ন স্মারকের অনুলিপিও চাওয়া হয়েছিল। তাতেও সাড়া দিয়েছে বাংলাদেশ।রবীন্দ্রনাথের পরিবারের তিনটি বোট ছিল—পদ্মা, তুরাগ ও নাগর। এর মধ্যে দ্বারকানাথের নির্দেশে তৈরি পদ্মা বোটই ছিল সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে পুরোনো। রবীন্দ্রনাথ এই বোটটিই বেশি পছন্দ করতেন। এই বোটে ছিল একটি থাকার ঘর এবং একটি খাবার ঘর। কিন্তু আজ সেই সব বোট অতীতের গর্ভে হারিয়ে গেছে।রবীন্দ্রনাথ বাংলাদেশে বসে যে সাহিত্যচর্চা করেছেন, এমনকি জমিদারি পরিচালনা করেছেন, এর নানা নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাংলাদেশে। সম্প্রতি শিলাইদহ থেকে উদ্ধার করা হয়েছে রবীন্দ্রনাথের নানা সৃষ্টি। সেগুলোরও একটি করে ফটোকপি চেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ ব্যাপারেও বাংলাদেশ সায় দিয়েছে। আর এসব নিয়েই বিশ্বভারতী সমৃদ্ধ করতে চাইছে বাংলাদেশ গ্যালারিকে।জাদুঘরের পাশাপাশি এখন পুরো শান্তিনিকেতন সাজিয়ে তোলা হচ্ছে। সাজছে শান্তিনিকেতনের মূল বাড়ি ‘শান্তিনিকেতন ভবন’। এটি নির্মাণ করেছিলেন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ১৮৬২ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারদের কাছ থেকে ২০ বিঘা জমি কিনে গড়েছিলেন শান্তির নীড়—শান্তিনিকেতন। সেই ঐতিহাসিক শান্তিনিকেতন ভবনটি আজও ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। এটি তৈরি হয়েছিল ১৮৬৩-৬৪ সালে। শান্তিনিকেতনে আজও ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে সেই আম্রকুঞ্জ, ছাতিমতলা। ছাতিমতলাই ছিল শান্তিনিকেতনের মূলকেন্দ্র। ১৮৬২ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরে যাওয়ার পথে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। উপাসনাও করেছিলেন এখানে। আর পেয়েছিলেন মনে প্রগাঢ় শান্তি। তিনি এখানে ১২৯৮ বঙ্গাব্দের ৭ পৌষ প্রথম দীক্ষিত হয়েছিলেন। সেই ৭ পৌষ দিনটি স্মরণে এখানে এখনো প্রতিবছর পৌষমেলা অনুষ্ঠিত হয়। শুধু তা-ই নয়, সাজানো হচ্ছে ঐতিহাসিক বাড়ি উদয়ন, কোনার্ক, শ্যামলী, পুনশ্চ ও উদীচীও। আর এবারের কবিগুরুর ১৫০তম জন্মদিন উদ্যাপনের জন্য বিশ্বভারতী এক বছরের কর্মসূচি নিয়েছে। কর্মসূচির সূচনা ২৪ বৈশাখ। প্রথম পর্যায়ে চলবে তিন দিন। থাকবে প্রভাতফেরি, বৈতালিক, কবিকণ্ঠ, উপাসনা, চিত্র প্রদর্শনী, নাটক ও সংগীতানুষ্ঠান।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অমিতাভ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন উদ্যাপনের জন্য প্রথম পর্যায়ে নেওয়া হয়েছে তিন দিনের কর্মসূচি। এরপর নানা কর্মসূচি চলবে এক বছর ধরে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা যেমন রবীন্দ্র জাদুঘরে বাংলাদেশ গ্যালারি খোলার উদ্যোগ নিয়েছি, ঠিক তেমনি একইভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি রবীন্দ্রনাথের কালানুক্রমিক গ্রন্থ এবং তাঁর আঁকা এক হাজার ৮০০ ছবি নিয়ে চার খণ্ডে রবীন্দ্রচিত্রাবলি।’এদিকে কবিগুরুর জন্মসার্ধশত বর্ষে শান্তিনিকেতন এবার ইউনেসকোর ওয়ার্ল্ড-হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে। ১৮৬২ সালে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরসংলগ্ন ভুবনডাঙ্গা গ্রামটির নামকরণ করেন ‘শান্তিনিকেতন’। ১৯০১ সালে এখানে ‘ব্রহ্মচারী আশ্রম’ নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেন একটি বিদ্যালয়। এরপর ১৯১৩ সালে কবিগুরুর নোবেল পুরস্কার পাওয়ার পর এই প্রতিষ্ঠানের নাম হয় ‘বিশ্বভারতী’। তারপর ধীরে ধীরে তৈরি হয় উচ্চশিক্ষার নানা বিভাগ, বিশ্ববিদ্যালয়। আজ ১৫০ একর জায়গাজুড়ে রয়েছে শান্তিনিকেতন।