শান্তিনিকেতনের দিনগুলো
শান্তিনিকেতনে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে প্রতিবছর বেশ কিছু ছাত্রছাত্রী পড়তে যান। সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত এমন তিনজন কৃতী শিক্ষার্থীর স্মৃতিকথা ছাপা হলো।রেজওয়ানা চৌধুরী বন্যাএকদিন আমরা পাঁচ বন্ধু মিলে এক শিক্ষকের কাছে যাচ্ছিলাম। চারপাশের পরিবেশও চমৎকার। আমরা হাঁটছি, এমন সময় হঠাৎ করে ঝোড়ো বাতাস। দু-পাশে ধানক্ষেত, মাঝে রাস্তা। বৃষ্টিও নামল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে। চারপাশে কোনো জনমানব নেই। পরিবেশটা একটু আলাদা। আমরা হাঁটছি, আর মনে হচ্ছে, সমস্ত পৃথিবীতে কোনো প্রাণী বলতে আমরা পাঁচজন। এমন অনুভূতির জায়গা ছিল শান্তিনিকেতনে।মনের মধ্যে লালন করা গানকে নিয়ে স্বপ্নের আঙিনা শান্তিনিকেতনে পা দিলাম ১৯৭৫ সালের দিকে। কাটালাম জীবনের অসম্ভব ভালো লাগার দিনগুলো। এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আবার শান্তি নিকেতনেও সুযোগ পেলাম। শান্তিনিকেতনে পড়ার লোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ওখানে চলে গেলাম। বৃত্তি নিয়ে ওখানে পড়তে গেলাম।শান্তিনিকেতন এমন নিরিবিলি একটা স্থান, যেখানে গান এমনিতেই চলে আসে। ঘন সবুজ গাছপালায় ঢাকা। মাঝেমধ্যে দু-একটা ভবন। যাঁদের গান শুনে বেড়ে ওঠা সেই কণিকা বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিন তো ছুঁয়ে দেখতে ইচ্ছা করার মতো অবস্থা। এমন কণ্ঠ আর আদুরে মানুষটির কাছে গান শিখতে পারব ভাবিনি। অত্যন্ত মিষ্টি গলার আওয়াজ। যেহেতু তখনো গানের কিছুই জানি না, তাই ভয়ও হচ্ছিল। এভাবেই শুরু।রোজ সকাল পাঁচটায় উঠে রেওয়াজ সেরে ক্লাসে যেতাম। বেলা ১১টা বাজতেই সব ক্লাস শেষ হয়ে যেত। তখন হয়তো আড্ডা জমত আমাদের ‘আনন্দসদন’ হোস্টেলে। বিকেলে কোনো দিন ক্লাস, কোনো দিন অনুষ্ঠানের মহড়া, কোনো দিন অনুষ্ঠান দেখতে যাওয়া কিংবা সিনেমা দেখতে দল বেঁধে যাওয়া—এভাবেই কেটেছে দিনগুলো। শান্তিনিকেতনে যে পড়তে গিয়েছিলাম, মনেই হতো না। কারণ, ক্লাস ছিল আনন্দদায়ক এবং ভালোবাসার একটি জায়গা।শিক্ষকেরা এত আপন করে শেখাতেন যে কোনো জড়তা থাকত না। ওখানে অসম্ভব গুণী কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, যেমন—আশীষ বন্দ্যোপাধ্যায়, যাঁকে ১৪ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিয়ে আসেন। নির্মল নন্দী, ধ্রুবতারা যোশী, বিভি ওয়াজেল ওয়ার, সুধীশ বন্দ্যোপাধ্যায়ের কাছেও শিখেছি আমরা। এ ছাড়া কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেন আমাদের হাতে ধরে তৈরি করেছেন। শান্তিনিকেতনের কথা ভাবলে আজও মনে হয়, আবার যদি ফিরে পেতাম! (অনুলিখিত)সাদী মহম্মদ১৯৭৪ সালের কথা। মায়ের ইচ্ছায় বুয়েটে পড়ছি। তবে ওই পড়া আমার একদম ভালো লাগছিল না। মনে হতো গানই যেন আমার সব। ভারত সরকারের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি দেখে আবেদন করলাম। কিছুদিন পর ওরা ডাকল এবং আমি শান্তিনিকেতনে পড়ার জন্য নির্বাচিত হলাম। মায়ের ইচ্ছার বিরুদ্ধে একপ্রকার জোর করেই আমি রওনা হলাম। সেটা ছিল ১৯৭৫-৭৬ শিক্ষাবর্ষ। প্রথমবারের মতো প্লেনে চড়ে কলকাতা বিমানবন্দরে নামলাম।রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে পড়তে এসেছি। এটি মূলত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রম। চারপাশের পরিবেশ আর নীরবতায় মনে এমনিতেই গান আসতে লাগল। সংগীতভবনে প্রথম পরিচয় হলো ‘মোহরদি’ অর্থাৎ কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কবিগুরু সাক্ষাৎ এক ছাত্রীকে নিজের শিক্ষক হিসেবে পেয়ে অসম্ভব ভালো লাগল। বর্ষামঙ্গলের গানের মহড়া। এভাবেই শুরু হলো শান্তিনিকেতন পাঠ।প্রথম দিকে আমাদের হোস্টেল ছিল ‘কদমতলা হোস্টেল’ নামে। শুরু থেকেই সবার সঙ্গে বন্ধুত্ব তৈরি হতে লাগল। প্রথম দিন ক্লাসে গিয়েই বুঝলাম ক্ল্যাসিক্যাল গানে ভারতীয় ছেলেমেয়েরা অত্যন্ত দক্ষ, সেখানে আমি তো একদম কিচ্ছু জানি না। কিন্তু সহপাঠীরা আমাকে অত্যন্ত আপন করে নিল, রোজ বিকেলে ওদের কাছ থেকে ক্ল্যাসিক্যাল শিখতাম।ওখানে শুরু-শিষ্য সম্পর্ক এতটা মধুরস ছিল যে কারণে শেখাও হতো সহজে। আমার ছয় বছর শিক্ষাজীবনে ওখানে শিক্ষক হিসেবে পেয়েছি কণিকা বন্দোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, নীলিমা সেন, আশীষ বন্দ্যোপাধ্যায়, ধ্রুবতারা যোশী, সুভিনা রায়, সুধীশ বন্দ্যোপাধ্যায়সহ অনেক গুণী ব্যক্তিকে। ওস্তাদ বিভি ওয়াজেল ওয়ার এর শেষ ব্যাচের শিক্ষার্থী ছিলাম আমরা। সারা দিন-রাত গান নিয়েই মেতে থাকতাম আমরা। কোনো উঁচু দালান নেই, চারদিক ঘন সবুজ। মাঝে মাঝে পাথর বিছানো, নকশা করা বেঞ্চি, সেখানে বসেই চলত আলোচনা আর আড্ডা। ওখানে ঋতুকে ফুলের গন্ধ দিয়েই চেনা যেত। দিনে-রাতে নাম না-জানা হাজারো ফুলের গন্ধে ম-ম হয়ে যেত বাতাস। চাঁদনী রাতে জোৎস্নায় গা ভিজিয়ে আমরা দলবেঁধে গান করে বেড়াতাম। এমন করেই চার বছরের ‘বি’ মিউজিক ও দুই বছরের এম মিউজিক শেষ হয়ে গেল। ওখানকার সব স্মৃতি যেন আজও সোনার খাঁচায় বন্দী।রবীন্দ্রনাথকে চিনতে-জানতে শান্তিনিকেতনে একবার হলেও যাওয়া উচিত সবার। শিক্ষকদের আন্তরিকতা বলে বোঝানোর নয়। সেখানকার সব শিক্ষা আমার অন্তরে ধারণ করে আমি আজও পথ চলি। (অনুলিখিত)অদিতি মহসিনছোটবেলায় পরিবারের অনুপ্রেরণাতেই আমার গান শেখা শুরু হয়। বই-পত্র পড়ে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন দেখার খুব শখ ছিল। ওখানে গাছের নিচে খোলা মাঠে ক্লাস হয় শুনে খুব লোভ হতো। উচ্চমাধ্যমিকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম।পত্রিকায় দেখলাম, ভারতে বৃত্তি নিয়ে পড়ার ওপর একটি বিজ্ঞপ্তি। তো আবেদন করলাম। বিশ্বভারতীতে পড়ার জন্য পরীক্ষা দিয়ে সুযোগ পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেলাম শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পড়ার জন্য। এটা ১৯৯৩ সালের কথা।মাঠের মধ্যে বড় বড় গাছপালা, মাটির রাস্তা, কোলাহল ছাড়া এমন একটি জায়গা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে মনে হলো, আমি কোনো স্বপ্নের দেশে এসেছি। আমি ‘আনন্দ সদন’ হলে উঠলাম। বিশ্বভারতীতে প্রথম বর্ষে একটি কোর্স সবার জন্য বাধ্যতামূলক, তা হলো ‘রবীন্দ্রচর্চা’। প্রথম যেদিন ক্লাসে গেলাম এক দিদি (শিক্ষক) রবীন্দ্রচর্চা পড়াচ্ছিলেন। তাঁর কথা শুনেই রবীন্দ্রনাথের প্রতি আরও বেশি ভালোবাসা-শ্রদ্ধা জন্ম নিল। এরপর ভারত ছাড়াও নেপাল, চীন, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের দেখে অসম্ভব ভালো লাগল।বোলপুরের মধ্যেই সোনাঝুড়ির বনে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা ‘আমাদের ছোট নদী’ সেই নদীর নাম কোপাই নদী। সারা দিন ঝাঁপাঝাঁপি করে হলে ফিরতাম। এভাবেই আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা চলত।ওখানে পরম পাওয়া ছিল শিক্ষকদের স্নেহ। তাঁদের সঙ্গে আমাদের এমন মধুর সম্পর্ক ছিল যে কোনো দিদি একদিন না এলে আমরাই ঝাঁক ধরে তাঁর বাসায় গিয়ে গান শুরু করতাম। তিনি বিরক্ত তো হতেনই না, শেখাতেন ঘণ্টার পর ঘণ্টা। শিক্ষার্থী-শিক্ষকের এই সম্পর্ক থাকলে সে শিক্ষা হয় আনন্দময় ও পরিপূর্ণ। কারণ, গান হলো গুরুমুখী একটা শিক্ষা। গান শেখার জন্য বিশ্বভারতীর দ্বিতীয়টি আর নেই। এখনো ইচ্ছা করে শান্তিনিকেতনে কিছুদিন কাটিয়ে আসি। শান্তিনিকেতনের কারণেই অনেক কাছ থেকে বড় বড় গুণী মানুষকে দেখার এবং মেশার সুযোগ পেয়েছি। যেমন: কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, পণ্ডিত রবিশংকর, পণ্ডিত আলী আকবর খান, আমজাদ আলী খানসহ অনেকে। ভারতীয় বন্ধুদের সঙ্গে আমাদের ভাষা, ব্যবহার ইত্যাদি নিয়ে অনেক খুনসুটি হতো, যা ছিল খুবই মজার। জীবনের ছয়টি বছর সংগীতের ওপর কাটিয়েছি ওখানে। শান্তিনিকেতনের কাউকে পেলে এখনো গল্পে মেতে উঠি।(অনুলিখিত)