শান্তিপ্রক্রিয়ায় আবার আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শান্তিদূত’ হওয়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির হত্যাকাণ্ডের পর তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনা হয়তো শান্তি আলোচনা প্রক্রিয়াকে একেবারে ধূলিস্যাৎ করবে না। কিন্তু এতে গৃহযুদ্ধপীড়িত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কাজ আরও জটিল হয়ে পড়বে বলে তাঁরা মনে করছেন।গত মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজ বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বুরহানুদ্দিন রাব্বানি। ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে প্রতিরোধ চালিয়ে যাওয়া উগ্রপন্থী তালেবান এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আলোচনার নামে মিথ্যা কথা বলে আত্মঘাতী তালেবান জঙ্গি পাগড়ির ভেতরে বয়ে আনা বোমা ফাটিয়ে রাব্বানিকে হত্যা করে।আফগান সরকার বলেছে, এ হত্যাকাণ্ড সত্ত্বেও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকবে।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একজন মুখপাত্র প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কিছু ব্যক্তি হয়তো অন্তর্ঘাত চালিয়ে আফগান শান্তিপ্রক্রিয়াকে ভণ্ডুল করে দিতে চায়, কিন্তু দেশের জনগণ শান্তির পক্ষে।’তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত ‘উচ্চ শান্তি পরিষদ’ নামক পর্ষদের প্রধান ছিলেন রাব্বানি। শান্তির জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল সাধারণ তালেবান সদস্যের জন্য ক্ষমা ও চাকরির ব্যবস্থা। আর বড় নেতাদের জন্য তৃতীয় দেশে আশ্রয়ের প্রস্তাব।রাব্বানির আকস্মিক হত্যাকাণ্ড এ পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। আফগান পার্লামেন্টের সাবেক সদস্য দাউদ সুলতানজাই তা-ই মনে করছেন। এ মত আরও অনেকেরই। বুরহানুদ্দিন রাব্বানির বিশ্বাস ছিল, পাকিস্তানের সহায়তায় তিনি আফগানিস্তানে তালেবানের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছাতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত তালেবানের হাতেই প্রাণ দিতে হলো তাঁকে। কাবুলের এক বাসিন্দা বলেন, ‘তিনি আফগানিস্তানে শান্তি চেয়েছিলেন। আর সে শান্তি আনার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন।’শান্তি আলোচনায় রাব্বানি ছিলেন মধ্যপন্থী ব্যক্তিত্ব। সুপরিচিত এ সাবেক মুজাহিদ সংগঠক নিজেকে দক্ষ এবং প্রাজ্ঞ নেতায় পরিণত করেছিলেন। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালাতে গিয়ে নানা বাধার সম্মুুখীন হয়েছিলেন তিনি। এমনকি তাঁর সমর্থকদের মধ্যেও অনেকে শান্তি আলোচনার বিপক্ষে ছিলেন। কিন্তু তিনি অত্যন্ত ধৈর্যসহকারে নিজের উত্তেজিত সমর্থকদের শান্ত করেছিলেন। রাব্বানি প্রেসিডেন্ট হামিদ কারজাইকে শান্তি আলোচনার একটা ভিত্তি গড়ে দিয়েছেন বলেও মনে করা হয়। এ কারণে তালেবানের সঙ্গে আফগানিস্তান সরকারের সাম্প্রতিক শান্তি উদ্যোগে রাব্বানির ভূমিকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।তবে বুরহানুদ্দিন রাব্বানি জীবিত অবস্থায় আফগান রাজনীতিতে ছিলেন এক বিতর্কিত ব্যক্তিত্ব। দখলদার সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের সংগ্রামের সূচনা করেন তিনি। কিন্তু সোভিয়েতরা পশ্চাদপসরণে বাধ্য হওয়ার পর নানা দলে বিভক্ত আফগান মুজাহিদরা পরস্পরের দিকে বন্দুক উঁচিয়ে ধরে। বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে আফগানিস্তান পরিণত হয় শ্মশানে। তবে রাব্বানি একসময় উত্তরাঞ্চলীয় জোটের নেতা ছিলেন, যারা কট্টরপন্থী প্রগতিবিরোধী তালেবানের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিল। এরপরও তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দিতে রাব্বানিকে যখন শান্তি পরিষদের প্রধান করা হয়, তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন।শান্তি পরিষদ তালেবানের সঙ্গে আলোচনায় এ পর্যন্ত সামান্যই অগ্রগতি অর্জন করতে পেরেছে। কিন্তু নিঃসন্দেহে এ জন্য আরও সময় দরকার ছিল। প্রয়োজন ছিল বুরহানুদ্দিন রাব্বানির মতো পোড়খাওয়া নেতার। তালেবান রাব্বানি হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও অনেক আফগান রাজনীতিকের জোর সন্দেহ, শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য প্রতিবেশী পাকিস্তানভিত্তিক কোনো জঙ্গিগোষ্ঠী এর পেছনে থাকতে পারে।আফগান পার্লামেন্টের সদস্য শিনকাই কারোখিল বলেন, ‘আমার মনে হয়, এ হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো গোষ্ঠী বা পেশাদার অপরাধীদের হাত আছে। এদের উদ্দেশ্য আফগানিস্তানকে অস্থিতিশীল করে তোলা।’শান্তিপ্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নানা সংশয়ের মধ্যে আফগান সরকার বলছে, এ হত্যাকাণ্ড সত্ত্বেও শান্তি আলোচনা যাতে ভণ্ডুল না হয় সে জন্য তারা সচেষ্ট। একজন সরকারি মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘শান্তিপ্রক্রিয়াকে বানচাল করতে চায় এমন একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে নতি স্বীকার করার অর্থ হচ্ছে তিন কোটি আফগান নাগরিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কারণ, আফগানিস্তানের বেশির ভাগ মানুষ শান্তি চায়। তাঁরা ভয়ানক দুর্ভোগের ভেতর দিয়ে গেছেন। এখন একটা মর্যাদাপূর্ণ এবং দীর্ঘস্থায়ী শান্তির প্রত্যাশা করেন। শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট সুযোগ এখানে আছে এবং এ শান্তির সুযোগ পাওয়ার অধিকারও আফগানদের রয়েছে।’আফগান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধানের প্রচেষ্টার ওপর বিরাট আঘাত ছাড়াও রাব্বানি হত্যাকাণ্ডকে দেখা হচ্ছে শীর্ষ রাজনৈতিক নেতাদের রক্ষা করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার নজির হিসেবে। কাবুলের অতি সুরক্ষিত কূটনৈতিক এলাকায় থাকতেন রাব্বানি। এর এক সপ্তাহ আগেই ওই এলাকায় ২০ ঘণ্টা ধরে বন্দুক ও গ্রেনেড দিয়ে হামলা চালায় জঙ্গিরা। একই সময়ে নগরের অন্যান্য স্থানে চলে তিনটি আত্মঘাতী হামলা। দুটি মিলিয়ে এটাই ছিল কাবুলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ও ব্যাপক হামলা। কাবুলে গত জুন থেকে এটা ছিল তৃতীয় বৃহত্তম হামলা।সমঝোতার জন্য উভয় পক্ষ থেকে প্রকাশ্যে ও নেপথ্যে অনেক তৎপরতা সত্ত্বেও মাত্র গত সপ্তাহেই তালেবান বাহিনী মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তাঁরা যেন শান্তির চেয়ে লড়াই চালিয়ে যেতেই বেশি আগ্রহী বলে ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতিতে আফগানিস্তানে শান্তির সম্ভাবনা এখনো অনেক দূরে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে তালেবান যে এ থেকে বিশেষ লাভবান হবে তা আপাতদৃষ্টিতে মনে হয় না। বিশ্বনেতারা রাব্বানির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রকে তার আফগানিস্তান মিশন থেকে পিছু হটাবে না।একনজরে রাব্বানি১৯৪০ সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফাইজাবাদে জন্ম। জাতিগতভাবে তাজিক। প্রথম জীবনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত দখলদারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে আফগান মোজাহেদিন গঠিত হয়, তিনি ছিলেন তার প্রতিষ্ঠাতাদের একজন। ১৯৯২ থেকে ১৯৯৬ এবং তারপর আবার ২০০১ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানবিরোধী উত্তরাঞ্চলীয় জোটের নেতা। উত্তরাঞ্চলীয় জোট একপর্যায়ে তালেবানের কাছে পরাজিত হয় এবং রাব্বানি ক্ষমতাচ্যুত হন। তালেবানের সঙ্গে আলোচনার জন্য গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গঠিত শান্তি পরিষদের নেতা।