
শান্তি ও মানবতাকে শিল্পী মাঈন উদ্দীন চৌধুরী তাঁর চিত্রকর্মের বিষয় হিসেবে বেছে নিয়েছেন। সে কারণেই তাঁর চিত্রকর্ম দেখে দর্শকের মন শান্ত হয়ে আসে। হৃদয়ে মানবিক আর্তি তৈরি হয়।
২২ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর জয়নুল আবেিদন গ্যালারিতে শুরু হওয়া মাঈন উদ্দীন চৌধুরীর চার দিনব্যাপী একক প্রদর্শনীর শিরোনাম ছিল ‘রিদম অব লাইফ’। আরবি ক্যালিগ্রাফির বহু বর্ণিল উপস্থাপন তাঁর এই প্রদর্শনীর অন্যতম উল্লেখযোগ্য দিক। গ্যালারিতে দুটি কক্ষজুড়ে স্থান পাওয়া ৫৯টি শিল্পকর্মের প্রায় সব কটিতে রঙের কল্পনাদীপ্ত ও দক্ষ ব্যবহার দেখা গেছে। পাশাপাশি দূর ও নিকটের মেলবন্ধনও ঘটিয়েছেন তিনি।
ইসলামের মূল আবেদন যে শান্তি, মানবতা, স্রষ্টার প্রতি আনুগত্য ও নিজের সত্তার সঙ্গে বোঝাপড়া—এটা তুলে ধরতে চেয়েছেন শিল্পী। সেদিক থেকে দেখলে প্রদর্শনীর নাম অনায়াসেই হতে পারত শান্তিময় জীবন। অ্যাক্রিলিক, প্যাস্টেল, কালার পেন, পেনসিল ও জলরং মাধ্যমে কাজ করেছেন তিনি। গ্যালারির প্রথম কক্ষে স্থান পেয়েছে রিদম, গ্রিডি, গাইডেন্স, প্লিডিং, মাই ভিলেজ, টেররিস্ট শিরোনামের বেশ কয়েকটি ছবি। চিত্রকর্মগুলোর স্থান বিন্যাস, রঙের ব্যবহার ও পরিমিতিবোধ দেখে মুগ্ধ হয়েছে দর্শক। চিত্রকর্মে আরবি হরফ, বৃত্ত, রেখা ও জ্যামিতিক আকার ব্যবহার করে দর্শকের অনুভূতিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। শান্তি ও মানবতার রূপক হিসেবে ক্যানভাসে স্থান পেয়েছে পবিত্র কোরআনের আয়াত।
প্রদর্শনী ঢোকার পর চোখে পড়বে ‘৭১’ শিরোনামে শিল্পকর্মটি। ছবিটি যেন কবিতার অনুবাদ। ক্যানভাসের বিস্তৃত জায়গা সাদা রেখে লাল, হলুদ, কালো ও সবুজ রঙের বিন্যাস তৈরি করেছেন তিনি। এ যেন মুক্তিযুদ্ধের সময়কার রক্তাক্ত বাংলাদেশ ও স্বাধীনতার প্রতিচ্ছবি।
চট্টগ্রাম আর্ট কলেজের প্রথম ব্যাচের ছাত্র শিল্পী মাঈন উদ্দীন চৌধুরী পেশাগত কারণে দীর্ঘদিন ছবি আঁকেননি। তবে চাকরি থেকে অবসর নিয়ে আবারও নিয়মিত ছবি আঁকছেন। সেই ছবি নিয়েই এবারের প্রদর্শনী। তাঁর আঙ্গিক ও শৈলীতে রয়েছে নিজস্বতা। দৃশ্যের প্রত্যক্ষ রূপ নয়, তার ভাবটাই তিনি তুলে ধরেছেন এই প্রদর্শনীতে। এ জন্য দর্শক চেনা জগতের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায়।
প্রদর্শনী সম্পর্কে শিল্পী মাঈন উদ্দীন চৌধুরী বলেন, ‘চারুকলার ছাত্র হয়েও পেশাগত কারণে এত বছর তেমন ছবি আঁকতে পারিনি। চাকরি থেকে অবসর নেওয়ার পর এই প্রথম নিজের ছবির প্রদর্শনী করছি। পৃথিবীজুড়ে ইসলামের নামে যেই সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে, তা থেকে মুক্তির উপায় হচ্ছে ইসলামের মানবতা, শান্তি ও স্রষ্টার আনুগত্য তুলে ধরা। সে চেষ্টাই আমি করেছি।’