চট্টগ্রামের চকবাজার থেকে কোতোয়ালি মোড়ের উদ্দেশে বাস ধরলাম। লক্ষ্য অভয়মিত্র ঘাট, রাতের আঁধারে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেওয়া। বসলাম বাসের একেবারে পেছনের আসনে। আমার পাশাপাশি কেউ নেই। বাঁ পাশে একটি এবং ডান পাশে দুটি আসন খালি আছে। চালকের সহকারী গলা ছেড়ে হাঁকিয়ে যাচ্ছে, ‘আন্দরকিল্লা, কোতোয়ালি, নিউমার্কেট।’
হঠাৎ বাঁ পাশের আসনে একজন আমার সহযাত্রী হলেন। না, এ আসন তাঁর মনমতো হয়নি। ডান পাশে চলে গেলেন। কিছুক্ষণ পর বাঁ পাশের তাঁর শূন্যস্থানটি পূরণ করলেন অন্যজন। গাড়ি চলতে থাকল। দিদার মার্কেট গিয়ে বাঁয়ের সহযাত্রী নেমে পড়লেন। ডানের ভদ্রলোক আবার আমার বাঁ পাশের আসনে চলে এলেন এবং আমার দিকে তাকিয়ে মৃদু কৃত্রিম হাসিতে জানালেন, কোথাও শান্তি নেই! আমিও মুচকি হাসি দিয়ে সমর্থন জানালাম। ভদ্রলোক হয়তো এটা ভেবে তৃপ্তি পাবেন, তিনি ভুল নন। যদি তা-ই হয়, আমারই তো সার্থকতা। টেরিবাজার গিয়ে কজন যাত্রী নেমে যাওয়ায় মাঝখানে আসন খালি হলে ভদ্রলোক ওদিকে চলে গেলেন, শান্তির খোঁজে।
আলমগীর ইমন
চট্টগ্রাম